২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা প্রিমিয়ার লিগ: তারকারা কে কোন দলে ও জানার আছে আরও যা কিছু

শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের নতুন আসর, দীর্ঘ দিন পর সরাসরি টিভিতে সম্প্রচারিত হবে খেলা, ১২ দলের আসরে থাকবে তৃতীয় আম্পায়ারের সুবিধাও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2025, 08:30 PM

Updated : 26 Aug 2026, 11:56 AM

ভরাডুবির চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে শুক্রবার রাতে দেশে ফিরে এক দিন বিশ্রাম। রোববার মিরপুরের একাডেমি মাঠে নেমে গেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা। তবে এবার জাতীয় দলের কোনো সিরিজ নয়। ঢাকা প্রিমিয়ার লিগের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে তাদের।

দেশের ঐতিহ্যবাহী ও ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আলোচিত টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের নতুন আসর শুরু সোমবার। জাতীয় দলের খেলা না থাকায় বেশিরভাগ তারকা ক্রিকেটারকে এবার শুরু থেকেই পাওয়া যাবে। সে লক্ষ্যেই মিরপুরের একাডেমি মাঠে চলছে শেষ সময়ের প্রস্তুতি। 

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বিকেএসপির দুটি মাঠে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দীর্ঘ দিন পর আবার সরাসরি টিভিতে সম্প্রচারিত হবে প্রিমিয়ার লিগের খেলা। 

ঢাকার শীর্ষ পর্যায়ের ১২ ক্লাবের লড়াই শুরুর আগে একনজরে দেখে নেওয়া যাক লিগের খুঁটিনাটি সব তথ্য। 

লিগের দল

বরাবরের মতো ঢাকার ক্লাব ক্রিকেটের সেরা ১২ দল নিয়ে হবে প্রিমিয়ার লিগ। শিরোপাধারী আবাহনী লিমিটেড, রানার্স-আপ মোহামেডান স্পোর্টিং ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, লেজেন্ডস অব রূপগঞ্জ ও পারটেক্স স্পোর্টিং ক্লাব থাকছে আগের মতোই।

দেশের রাজনৈতিক পালাবদলের পর শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবার নাম বদলে খেলবে ধানমন্ডি স্পোর্টস ক্লাব নামে। 

এছাড়া প্রথম বিভাগ থেকে উন্নীত হয়ে প্রিমিয়ারে জায়গা করে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। গত আসরে অবনমিত হয়ে প্রথম বিভাগে নেমেছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ও সিটি ক্লাব। 

টুর্নামেন্টের সূচি

প্রাথমিকভাবে প্রথম পাঁচ রাউন্ডের সূচি প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। প্রতিদিন হবে তিনটি করে ম্যাচ। দুই দিনে শেষ হবে এক রাউন্ডের খেলা। এরপর এক দিন করে বিরতি। 

সবগুলো ম্যাচ শুরু সকাল ৯টায়। 

ফরম্যাট

রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে লিগের অংশগ্রহণকারী দলগুলো। প্রত্যেক দলের ১১ ম্যাচ শেষে সেরা ছয় দল পাবে সুপার লিগের টিকেট। সবার নিচে থাকা তিন দল খেলবে রেলিগেশন লিগ।

সুপার লিগেও একে অপরের বিপক্ষে একটি করে মোট ৫টি ম্যাচ খেলবে দলগুলো। সব মিলিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের হাতে উঠবে সোনালি ট্রফি। 

রেলিগেশন লিগেও একে অপরের বিপক্ষে একটি করে হবে মোট ২টি ম্যাচ। সেখান থেকে প্রথম বিভাগে নেমে যাবে দুটি দল।

রাউন্ড রবিন লিগে ৬৬, সুপার লিগে ১৫ ও রেলিগেশন লিগে ৩- সব মিলিয়ে হবে ৮৪টি ম্যাচ।

ভেন্যু

গত কয়েক বছরে চারটি মাঠে হয়েছে প্রিমিয়ার লিগের খেলা। তবে এবার সংস্কার কাজ চলায় ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম খেলা হবে না। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে হবে সব খেলা।

এছাড়া বসুন্ধরা স্পোর্টস অ্যারেনাও মাঠও প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুত রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে ওই মাঠেও খেলা হতে পারে। 

পৃষ্ঠপোষক

প্রিমিয়ার লিগের মূল পৃষ্ঠপোষক হিসেবে এবার থাকছে বসুন্ধরা গ্রুপ। এছাড়া পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে আছে 'টাইলক্স।' আর সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে দেশের একমাত্র খেলার চ্যানেল 'টি স্পোর্টস।'

এর আগে বিভিন্ন বেসরকারি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের আয়োজন করেছিল সিসিডিএম।

প্রাইজমানি

এখনও চূড়ান্ত হয়নি প্রিমিয়ার লিগের সার্বিক প্রাইজমানি। তবে লিগের প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ১৫ হাজার টাকা করে। গত আসরেও একই অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছেন ক্রিকেটাররা।

চ্যাম্পিয়ন হয়ে গত বছর ১২ লাখ টাকা পেয়েছিল আবাহনী। মোহামেডানের জন্য ছিল ১০ লাখ ৮০ হাজার টাকা। লিগের সেরা ক্রিকেটার, সবচেয়ে সফল ব্যাটসম্যান ও বোলারের জন্যও ছিল আর্থিক পুরস্কার।  

এবারও থাকবে সেসব পুরস্কার। তবে সিসিডিএম সূত্রে জানা গেছে, টাকার অঙ্ক কী পরিমাণে থাকবে, সেটি এখনও ঠিক করা হয়নি। সুপার লিগ শুরুর আগেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে এই ব্যাপারে।

আলোচনায় পারিশ্রমিক

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিপিএলের পারিশ্রমিকে এক দফা ধাক্কা খেয়েছেন ক্রিকেটাররা। সেই ধারায় এবার ঢাকা প্রিমিয়ার লিগেও অনেক কমেছে ক্রিকেটারদের পারিশ্রমিক। 

গড়পড়তা প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ হারে কমেছে ক্রিকেটারদের পারিশ্রমিক। অথচ স্থানীয় ক্রিকেটারদের বড় একটি অংশের বাৎসরিক আয়ের প্রধান উৎস এই প্রিমিয়ার লিগ। তাই খেলা শুরুর আগে পারিশ্রমিক নিয়ে আক্ষেপ, হতাশা লুকাননি ক্রিকেটাররা।

শনিবার লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানেও পারিশ্রমিকের বিষয়েই জোর তাগিদ দিয়েছেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। একই সুরে কথা বলেছেন আবাহনীর মোসাদ্দেক হোসেন, গাজী গ্রুপের এনামুল হক, পারটেক্সের সাব্বির রহমানরা।

কোথায় দেখা যাবে খেলা

দীর্ঘ দিন পর সরাসরি টিভিতে দেখা যাবে প্রিমিয়ার লিগের খেলা। মিরপুরের মাঠে ২৮ ম্যাচের সবগুলোই টিভিতে সম্প্রচার করবে টি স্পোর্টস। বিকেএসপির মাঠের ম্যাচগুলো তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। 

আম্পায়ার্স কল রিভিউ

ট্রফি উন্মোচনের আয়োজনের সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রথমবারের মতো 'আম্পায়ার্স কল রিভিউ' থাকবে লিগে। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নিয়ে সংশয় থাকলে তৃতীয় আম্পায়ারের সাহায্য নিতে পারবেন মাঠের দুই আম্পায়ার।

রান আউট, স্টাম্পিং, 'নো' বল কিংবা নিখুঁত ক্যাচের ক্ষেত্রে আগের মতো অনিশ্চয়তায় থাকতে হবে না। টিভি রিপ্লে দেখে শতভাগ নিশ্চিত হয়ে সিদ্ধান্ত জানাতে পারবেন তৃতীয় আম্পায়ার।

তারকারা কে কোন দলে

এপ্রিলের মাঝামাঝি সময়ে দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এর আগে জাতীয় দলের আর কোনো ব্যস্ততা নেই। তাই প্রিমিয়ার লিগের প্রথম পর্বে দেশের শীর্ষ ক্রিকেটারদের সবাইকেই খেলতে দেখা যাবে। 

রাজনৈতিক পট পরিবর্তনে সার্বিকভাবে আবাহনী বড় ধাক্কা খেলেও ক্লাবে থেকে গেছেন শান্ত ও মোসাদ্দেক। বাঁহাতি স্পিনার রকিবুল হাসানও রয়ে গেছেন চ্যাম্পিয়ন দলটিতে। এছাড়া দলটির বেশিরভাগ ক্রিকেটার খুঁজে নিয়েছেন নতুন ঠিকানা। 

এবার নতুন করে আবাহনীতে নাম লিখিয়েছেন মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাহিদ রানা, পারভেজ হোসেন, রিপন মন্ডল, জিসান আলম, মৃত্যুঞ্জয় চৌধুরি,  মাহফুজুর রহমান রাব্বিরা।

মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিয়েছেন তামিম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম। ক্লাবটিতে আগে থেকেই আছেন মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদাররা।

জাতীয় দল ও আশপাশে থাকা একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে দল গড়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, জাকের আলি, আকবর আলি, সাইফ হাসান, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান, তানজিদ হাসান, রেজাউর রহমান রাজা, তানভির ইসলামরা যোগ দিয়েছেন দলটিতে। 

লিগের দলবদলের প্রথম দিন সাকিব আল হাসানকেও দলে নিয়েছিল রূপগঞ্জ। তবে পর দিনই নিজ থেকে নাম প্রত্যাহার করে নেন দেশের সর্বকালের সেরা ক্রিকেটার।

আবাহনী ছেড়ে এবার প্রাইম ব্যাংকে গেছেন মোহাম্মদ নাঈম শেখ, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদুল ইসলাম, সাব্বির হোসেনরা। শামীম হোসেন, রিশাদ হোসেন, ইরফান শুক্কুর, আরাফাত সানিকেও দলে নিয়েছে প্রাইম ব্যাংক। জাকির হাসান, শাহাদাত হোসেনরা রয়ে গেছেন দলে।

নাম বদলে যাওয়া ধানমন্ডি স্পোর্টস ক্লাবে রয়ে গেছেন নুরুল হাসান সোহান, ইয়াসির আলি চৌধুরি। কামরুল ইসলাম, হাবিবুর রহমান সোহান, হাসান মুরাদ, মারুফ মৃধা, আশিকুর রহমান শিবলিরা যোগ দিয়েছেন দলটিতে।

প্রাইম ব্যাংক ছেড়ে পারটেক্সে যোগ দিয়েছেন সাব্বির রহমান। দলকে নেতৃত্বও দেবেন তিনি। তরুণ লেগ স্পিনার মেহেদী হাসান সোহাগ, কিপার-ব্যাটসম্যান আদিল বিন সিদ্দিকও এবার খেলবেন পারটেক্সে।

গত দুই আসরে আবাহনীর হয়ে রানের ফোয়ারা ছোটানো এনামুল হক এবার খেলবেন গাজী গ্রুপের হয়ে। এছাড়া মুনিম শাহরিয়ার, আমিনুল ইসলাম, শামসুর রহমান, মুকিদুল ইসলামরাও নাম লিখিয়েছেন গাজী গ্রুপে। 

মোহামেডান ছেড়ে প্রিমিয়ার লিগে ফেরা অগ্রণী ব্যাংকে যোগ দিয়েছেন ইমরুল কায়েস, নাঈম হাসানরা। সাদমান ইসলাম, মার্শাল আইয়ুব, শুভাগত হোম, রবিউল হক, অমিত হাসান, রুয়েল মিয়ারাও এবার নাম লিখিয়েছেন অগ্রণী ব্যাংকে। 

লিগ শুরুর আগের দিন চমক দিয়ে লিটন কুমার দাসকে দলে নিয়েছে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। এছাড়া দলতিতে আছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম, খালিদ হাসান, ইফতেখার হোসেন ইফতি, সাকিব শাহরিয়ারের মতো তরুণ ক্রিকেটাররা। 

অনিশ্চিত মুস্তাফিজ

লিগ শুরুর আগের দিন পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে ঘিরে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশের বাইরে থাকায় সশরীরে নিবন্ধন করতে পারেননি তিনি। অনলাইনে দলবদলের টোকেন নিলেও কোনো দলের হয়ে জমা দেননি গত আসরে প্রাইম ব্যাংকে খেলা বাঁহাতি পেসার। 

সিসিডিএম সূত্রে জানা গেছে, নতুন দল চূড়ান্ত হলে পুরোনো দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে যে কোনো দিন থেকে মাঠে নামতে পারবেন মুস্তাফিজ।