২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অশ্বিনের চোখে ২০০৫ অ্যাশেজের চেয়েও ‘ভালো’ ইংল্যান্ড-ভারত সিরিজ

নিজের এমন ভাবনার পেছনে যুক্তিও তুলে ধরেছেন সাবেক এই ভারতীয় স্পিনার।

অশ্বিনের চোখে ২০০৫ অ্যাশেজের চেয়েও ‘ভালো’ ইংল্যান্ড-ভারত সিরিজ
ওভাল টেস্টে শেষ দিনে দুর্দান্ত বোলিংয়ে স্মরণীয় জয় তুলে নেয় ভারত। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 07:29 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

গোটা সিরিজে যে রোমাঞ্চ-উত্তেজনার আঁচ মিলেছে এবং ব্যাট-বলের জমজমাট লড়াই হয়েছে, তাতে ইংল্যান্ড-ভারতের এবারের টেস্ট সিরিজকে অনেকে তুলনা করছেন ২০০৫ অ্যাশেজের সঙ্গে, যেটিকে সবসময়ের সেরা টেস্ট সিরিজগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তবে সাবেক ভারতীয় স্পিনার রাভিচান্দ্রান অশ্বিনের মতে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দুই দশক আগের সেই লড়াইকেও ছাড়িয়ে গেছে এই সিরিজ।

চরম নাটকীয়তায় শেষ হয়েছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির লড়াই। ৩-১ ব্যবধানে সিরিজ জিততে ওভাল টেস্টের শেষ দিন ৪ উইকেট হাতে রেখে ইংল্যান্ডের দরকার ছিল কেবল ৩৫ রান। ৫৬ মিনিটে মোহাম্মদ সিরাজ ও প্রাসিধ কৃষ্ণার দুর্দান্ত বোলিংয়ে ৬ রানের অবিশ্বাস্য জয়ে সিরিজ ২-২ ড্র করে ভারত। তুলনামূলক তরুণ দল নিয়ে ইংল্যান্ডের মতো জায়গায় গিয়ে ভারতের এই ড্র একরকম সিরিজ জয়ের সমান।

সিরিজের পাঁচ ম্যাচের সবগুলো গড়িয়েছে শেষ দিনে। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো এক সিরিজে সাত হাজার বা এর বেশি রানের দেখা মিলেছে। সিরিজে ৭৫৪ রান করার পথে একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল। টানা তিন টেস্টে সেঞ্চুরি করার পথে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন ইংলিশ তারকা জো রুট। ওভালে ভারতের জয়ের নায়ক সিরাজ পাঁচ ম্যাচেই খেলে উইকেট নিয়েছেন সিরিজের সর্বোচ্চ ২৩টি। অসাধারণ কিছু পারফরম্যান্স উপহার দিয়েছেন আরও কয়েকজন।

সিরিজটিকে তাই স্বাভাবিকভাবে ২০০৫ সালের অ্যাশেজের সঙ্গে তুলনা করা হচ্ছে। ২০ বছর আগের ওই সিরিজেও লড়াই হয়েছিল তুমুল। লর্ডসে অস্ট্রেলিয়ার জয়ের ম্যাচে স্টিভ হার্মিসনের বাউন্সারে রিকি পন্টিংয়ের রক্তাক্ত হওয়া, এজবাস্টনে ইংল্যান্ডের রুদ্ধশ্বাস জয়, ওল্ড ট্র্যাফোর্ডে শেষ জুটিতে অস্ট্রেলিয়ার ম্যাচ বাঁচিয়ে ফেলা, ট্রেন্ট ব্রিজে রান তাড়ায় ইংল্যান্ডের আরেকটি রোমাঞ্চকর জয় কিংবা ওভালের ড্র ম্যাচে তরুণ কেভিন পিটারসেনের প্রথম টেস্ট সেঞ্চুরি, সব মিলিয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল সিরিজে। অ্যাশেজে অস্ট্রেলিয়ার দেড় যুগের আধিপত্য থামিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল ইংল্যান্ড।

নিজের ইউটিউব চ্যানেলে আলাপে অশ্বিন বললেন, অ্যাশেজের ওই সিরিজের চেয়েও এগিয়ে এবারের সিরিজ। নিজের এমন ভাবনার পেছনে কারণও তুলে ধরলেন একশর বেশি টেস্ট খেলা সাবেক স্পিনার।  

“অনেকে এই সিরিজকে ২০০৫ সালের অ্যাশেজের সঙ্গে তুলনা করছেন, তবে আমার মনে হয় এই সিরিজটি এমনকি ২০০৫ সালের অ্যাশেজের চেয়েও বরং ভালো ছিল, কারণ (এবারের সিরিজে) অনেক কিছুই নিখুঁত ছিল না, দুই দলেই।”

“যদি সেই অস্ট্রেলিয়ান দলের দিকে তাকান, সেখানে গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, মাইকেল ক্যাসপ্রোইচ, শন টেইট ছিল। আরেক দিকে (ইংল্যান্ডের) ছিল সাইমন জোন্স, স্টিভ হার্মিসন, অ্যাশলি জাইলস। বোলিং বিভাগ অনেক অভিজ্ঞ ছিল। ব্যাটিংয়েও অভিজ্ঞতা ছিল। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ ছিল। সেখানে খুব বেশি ভুল দেখতে পাবেন না।”

এই সিরিজে খেলোয়াড়রা ভুল করলেও পরে যেভাবে তারা নিজেদের শুধরে নিয়েছেন, সেটাও মুগ্ধ করেছে অশ্বিনকে।

“এই সিরিজে অনেক ভুল ছিল। তবে তরুণ খেলোয়াড়রা তাদের ভুল শুধরে নিয়েছে ও সিরিজের মাঝেই আরও উন্নতি করেছে। কেএল রাহুলের মতো কেউ ছিল, যে সিরিজে একটাও ভুল করেনি। তারপর রিশাভ পান্ত বা শুবমান গিলের মতো কেউ ছিল, যারা ভুল করেছিল- দুজনেই একবার করে রান আউট হয়েছিল। তারা কিছু বাজে শট খেলেছিল এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে আউট হয়েছিল।”

“বোলিংয়ের ক্ষেত্রেও তাই। মোহাম্মেদ সিরাজের কিছু বাজে স্পেল ছিল, প্রাসিধের (কৃষ্ণা) কিছু গড়পড়তা স্পেল ছিল। ইংল্যান্ড বাজে বোলিং করেছে, তবে বেন স্টোকসের মাধ্যমে লড়াই করেছে। তাই অনেক ভুল হয়েছে। ২০০৫ সালের অ্যাশেজ অনেক বেশি পরিপূর্ণ ছিল, কিন্তু এই সিরিজে আমরা অনেক ভুল দেখতে পেয়েছি।”

গোটা সিরিজে যেমন লড়াই হয়েছে, মাঠে যাওয়া দর্শকদের অর্থ উসুল হয়েছে বলে মনে করেন গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো অশ্বিন। 

“আর এটাই এর সৌন্দর্য। খেলোয়াড়রা তাদের দুর্বলতাগুলো সংশোধন করেছে এবং এই সিরিজকে আমাদের জন্য উৎসবের মতো করে তুলেছে। যারা অর্থ খরচ করে ম্যাচ দেখতে গিয়েছে, কেউ বলবে না যে, তাদের অর্থ নষ্ট হয়েছে। ২৫ দিনের উত্তেজনাপূর্ণ ক্রিকেট। এই সিরিজটি দেখার জন্য আমি যে কোনো কিছু করতে পারতাম, একটি মুহূর্তও মিস করিনি আমি।”