পাকিস্তানকে হারাতে পারলে র্যাঙ্কিংয়ে যে প্রাপ্তি হবে বাংলাদেশের
বাংলাদেশ সিরিজ জিতলে ভালো প্রাপ্তির হাতছানি আছে র্যাঙ্কিংয়ে, তবে পাকিস্তানের খুব বেশি কিছু পাওয়ার সুযোগ নেই এই সিরিজ থেকে।
ম্যাচ ও সিরিজ জয়ের চিরায়ত লড়াই ও লক্ষ্য তো আছেই, বাংলাদেশের জন্য প্রতিটি ওয়ানডে এখন র্যাঙ্কিংয়ের হিসাব-নিকাশের মঞ্চও। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে সেখানে উল্লেখযোগ্য প্রাপ্তির হাতছানি আছে।
সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরও বাংলাদেশ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের দশ নম্বরে রয়ে গেছে। তবে ৯ নম্বরে থাকা ক্যারিবিয়ানদের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান এখন স্রেফ ১ পয়েন্টের।
৭৭ রেটিং পয়েন্ট এখন ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ এই সিরিজটি শুরু করছে ৭৭ পয়েন্ট নিয়ে। পাকিস্তানকে সিরিজ হারাতে পারলে ক্যারিবিয়ানদের টপকে ৯ নম্বরে উঠে যাবে মেহেদী হাসান মিরাজের দল।
এই সিরিজটি ২-১ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৯, ৩-০ ব্যবধানে জিতলে হবে ৮১। র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।
বাংলাদেশ যদি এই সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায়, তাহলে রেটিং পয়েন্ট হবে ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭। তবে ভগ্নাংশের ব্যবধানে দশেই থাকবে বাংলাদেশ। ৩-০ ব্যবধানে হেরে গেলে মিরাজদের পয়েন্ট কমে হবে ৭৪।
৩-০ ব্যবধানে জিততে পারলেই কেবল এই সিরিজ থেকে র্যাঙ্কিংয়ে কিছু প্রাপ্তি হবে পাকিস্তানের। ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে এখন র্যাঙ্কিংয়ের চারে আছে তারা। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলে ১টি রেটিং পয়েন্ট পাবে শাহিন শাহ আফ্রিদির দল। তাদের ওপরে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০৯।
বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও রেটিং পয়েন্ট হারাতে হবে পাকিস্তানের। ১০৫ থেকে কমে তাদের পয়েন্ট হবে ১০৪।
২-১ ব্যবধানে হেরে গেলে পাকিস্তানের রেটিং পয়েন্ট হবে ১০২, ৩-০ ব্যবধানে হেরে গেলে পয়েন্ট হবে ১০০। র্যাঙ্কিংয়ে অবশ্য চারেই থাকবে তারা। পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৯৮।
আগামী বছরের ৩১ মার্চ তারিখে র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলির নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের র্যাঙ্কিং যেমনই থাকুক, স্বাগতিক হওয়ায় সরাসরি খেলবে তারা। বিশ্বকাপের আরেক স্বাগতিক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদেরকে আসতে হবে বাছাই প্রক্রিয়া হয়েই।
