শট খেলার চেষ্টা না দেখে বিরক্ত খালেদ মাহমুদ
অনেক অনুশীলন ও অনেক আলোচনার পরও বাংলাদেশের ব্যাটিংয়ে পুরনো চেহারার কারণ বুঝতে পারছেন না টিম ডিরেক্টর।
আফগানিস্তানের বিপক্ষে হারটা এমনিতে খুব বড় ধাক্কা হয়ে আসেনি খালেদ মাহমুদের কাছে। তবে এই ম্যাচে দলের খেলার ধরন মানতে পারছেন না বাংলাদেশের টিম ডিরেক্টর। ব্যাটসম্যানদের ওপরই তার অসন্তুষ্টি বেশি। এত বলার পরও মেরে খেলার চেষ্টা না করাটা ব্যথিত করছে তাকে।
শারজাহতে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারে বাংলাদেশ। বাজে শুরুর পর মোসাদ্দেক হোসেনের সৌজন্যে ৭ উইকেটে ১২৭ রান করে সাকিব আল হাসানের দল। লম্বা একটা সময় বেশ পিছিয়ে থাকার পর নাজিবউল্লাহর শেষের ঝড়ে ৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।
মোসাদ্দেক ছাড়া কেবল দুই জন সাকিব ও শেখ মেহেদি হাসান রান করেন একশর বেশি স্ট্রাইক রেটে। দলের সবাইকে এত সাহস যোগানোর পর, অনেক আলোচনা ও অনুশীলনের পরও ব্যাটিং কেন আগের মতোই হলো, জানা নেই মাহমুদের। আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে বুধবার সংবাদ সম্মেলনে ব্যাটসম্যানদের কঠোর সমালোচনা করলেন সাবেক এই অধিনায়ক।
“(কেন এই ব্যাটিং) প্রশ্ন তো এখন আমাদেরও। বার্তা খুবই স্পষ্ট ছিল। আমাদের মানসিকতা পরিবর্তন করা প্রয়োজন ছিল। কিন্তু বলতে গেলে মোসাদ্দেক বাদে কারও ব্যাটিং এরকম হয়নি। ৩০ স্ট্রাইক রেটে ব্যাট করে তো আর টি-টোয়েন্টি জেতা যাবে না। দুইজন যদি ১৪০-১৪৫ স্ট্রাইক রেটে ব্যাট করতে না পারে, জুটি গড়তে না পারে তাহলে কাজটা খুব কঠিন।”
মারার চেষ্টায় আউট হলে দোষের কিছু দেখেন না মাহমুদ। কিন্তু ক্রিজে অনেক সময় কাটিয়ে, মন্থর ব্যাটিং করে আউট হলে সেটা মানতে কষ্ট হয় তার।
“আমার কাছে চেষ্টাটাই সবচেয়ে বড় জিনিস। এই চেষ্টাই কিন্তু দেখতে পাচ্ছি না। যদি প্রথম বলেই কেউ মারতে গিয়ে আউট হয়ে যায়, আমি মেনে নেব। কিন্তু কেউ ডিফেন্স করে করে আউট হয়ে যাচ্ছে, সেটা মানব না। ১৪-১৫ বল খেলে ৩০-৪০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে আউট হয়ে যাচ্ছে, এটা খুব ব্যথিত করে। আপনি যদি ইনটেন্ট দেখিয়ে আউট হন, আমরা এটা মেনে নেব। কিন্তু আপনি যদি ইনটেন্ট না দেখান, তাহলে মনে হয়, আপনার দলে থাকার যোগ্যতাই নাই।”
“আমাদের সমস্যা হচ্ছে মাঠে গিয়ে বাস্তবায়ন করতে পারছি না, যেটা অনুশীলনে পারছি। অনুশীলন হচ্ছে এমন একটা জায়গা যেখানে স্বাধীনতা থাকে, আপনি আউট হলেও আউট না। ম্যাচে তো এটা থাকে না। চাপ, গণমাধ্যম, দর্শক যতই বলেন, প্রেসারটা নিতে আমাদের অসুবিধা হচ্ছে। খেলোয়াড়দের চিন্তা করতে হবে কীভাবে আমরা চাপ থেকে বেরিয়ে আসতে পারি এবং কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি।”
টেকনিক খুব আদর্শ না হলেও টি-টোয়েন্টিতে বিস্ফোরক অনেক ইনিংস আছে দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজের। তাদের তুলনায় ভালো টেকনিক থাকলেও বাংলাদেশের ব্যাটসম্যানরা তেমন কিছু কেন করতে পারছেন না, বুঝতে পারছেন না মাহমুদ।
“আপনি যদি জাজাইয়ের কথা বলেন বা গুরবাজের কথা বলেন, তারা কিন্তু ট্যাকটিক্যালি এত ভালো না। একটা নির্দিষ্ট জায়গায় বল করলে ওদের আটকানো যেতে পারে। কিন্তু তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। আমাদের বাকিদের ক্যারিয়ারটা দেখুন। তারা যদি পারে, আমরা কেন এই ইনটেন্ট দেখাতে পারি না!”
অভিপ্রায় দেখানোর আরেকটা সুযোগ এখনও বাংলাদেশের ব্যাটসম্যানদের আছে। বৃহস্পতিবার দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে ব্যাটসম্যানদের কাছ থেকে ডরভয়হীন ব্যাটিং চান মাহমুদ।
“অবশ্যই আমরা ঘুরে দাঁড়াব। কালকে আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এই টুর্নামেন্টে বাঁচা-মরার, আমরা উপরে যাব কি যাব না সেটার লড়াই কালকে। আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ থাকারও প্রয়োজন আছে। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।”
