আইসিসির বর্ষসেরার লড়াইয়ে বাবর-স্টোকস-রাজা-সাউদি
মেয়েদের বর্ষসেরার লড়াইয়ে ন্যাট শিভার, স্মৃতি মান্ধানা, অ্যামিলিয়া কার ও বেথ মুনি।
রিকি পন্টিং, মিচেল জনসন, বিরাট কোহলি-আইসিসির ছেলেদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দুইবার করে জিতেছেন কেবল এই তিনজনই। সেই তালিকায় এবার যুক্ত হওয়ার হাতছানি বেন স্টোকসের সামনে। ইংল্যান্ডের এই অলরাউন্ডার আছেন এবারের সংক্ষিপ্ত তালিকায়। ছেলেদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার গ্যারফিল্ড ট্রফি’ জয়ের লড়াইয়ে তার সঙ্গী পাকিস্তানের বাবর আজম, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউ জিল্যান্ডের টিম সাউদি।
মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি ‘র্যাচেল হেহো ফ্লিন্ট’ ট্রফির লড়াইয়ে আছেন ভারতের স্মৃতি মান্ধানা, অস্ট্রেলিয়ার বেথ মুনি, নিউ জিল্যান্ডের অ্যামিলিয়া কার ও ইংল্যান্ডের ন্যাট শিভার।
আইসিসি অ্যাওয়ার্ডের বর্ষসেরা পুরস্কারে সংক্ষিপ্ত তালিকায় থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয় শুক্রবার। ক্রিকেটারদের পরিসংখ্যান ও বছরজুড়ে পারফরম্যান্স বিবেচনায় নিয়ে ক্রিকেট লিখিয়ে ও ব্রডকাস্টারদের নিয়ে গড়া প্যানেল এই সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন।
এ দিন ছেলেদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকাও ঘোষণা করা করা। স্টোকস আছেন এই ক্যাটেগরিতেও। তাকে লড়াই করতে হবে এখানে সতীর্থ জনি বেয়ারস্টো, অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার সঙ্গে।
অন্যান্য ক্যাটেগরির সংক্ষিপ্ত তালিকায় থাকাদের নাম জানানো হয়েছে আগেই।
স্টোকস আগে বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন ২০১৯ সালে। এই বছর তার টেস্ট ক্যারিয়ারের স্মরণীয় এক বছর নেতৃত্বের কারণে। বছরের মাঝামাঝি জো রুটের জায়গায় তাকে দেওয়া হয় ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব। কোচ ব্রেন্ডন ম্যাককালাম আর অধিনায়ক স্টোকসের ইংল্যান্ড এরপর থেকে আগ্রাসী ক্রিকেটে বিপ্লব বয়ে আনেন টেস্ট ক্রিকেটে। তার অধিনায়কত্বে ১০ টেস্টের ৯টিই ইংলিশরা জিতে নিয়েছে অবিশ্বাস্য বিনোদনদায়ী ক্রিকেট খেলে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি নিজে রান করেছেন ৮৭০, উইকেট নিয়েছেন ২৬টি।
এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তিনি করেন অপরাজিত ফিফটি। তিন সংস্করণ মিলিয়ে ২৮ ম্যাচ খেলে তার রান ১ হাজার ৬৬, উইকেট ৩৩টি।
সেরার লড়াইয়ে অবশ্য তার সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতা হবে বাবর আজমের। তিন সংস্করণ মিলিয়ে ওই বছর পাকিস্তান অধিনায়কের রান ৮ সেঞ্চুরিতে ২ হাজার ৫৯৮। আর কোনো ব্যাটসম্যান ২ হাজার রানও করতে পারেননি। সেঞ্চুরি আর কারও নেই ৬টির বেশি।
সীমিত ওভারের ক্রিকেটে আগেই তিনি ছিলেন দুর্দান্ত। এই বছর টেস্ট ক্রিকেটেও নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান। ৯ টেস্টে ৪ সেঞ্চুরিতে ১ হাজার ১৮৪ রান করেন ৬৯.৬৪ গড়ে। এর মধ্যে আছে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ইনিংসে প্রায় ১০ ঘণ্টা ব্যাট করে ১৯৬ রানের অসাধারণ ইনিংস।
বছরজুড়ে তিন সংস্করণে আলো ছড়িয়ে সিকান্দার রাজাও এই বছর ধারাবাহিকতায় নিজেকে তুলে নিয়েছেন বিশ্বের সেরাদের কাতারে। তিন সংস্করণে ৩৯ ম্যাচে তার রান ১ হাজার ৩৮০, অফ স্পিনে উইকেট ৩৩টি।
বর্ষসেরার লড়াইয়ে থাকা আরেকজন টিম সাউদি এই বছর তিন সংস্করণ মিলিয়ে ৩১ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট। নিউ জিল্যান্ডের জয়ে যা এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ।
এবারের আইসিসি অ্যাওয়ার্ডে সব মিলিয়ে পুরষ্কার দেওয়া হবে ১৩টি ক্যাটেগরিতে। আগামী সপ্তাহে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। আইসিসির বিশেষজ্ঞদের নিয়ে গড়া ভোটিং একাডেমি আর অনলাইনে ক্রিকেট অনুসারীদের যৌথভাবে চূড়ান্ত করা হবে বিজয়ী। তাদের নাম জানা যাবে জানুয়ারির শেষ দিকে।
ব্যক্তিগত পুরস্কারের পাশাপাশি ছেলেদের বর্ষসেরা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল এবং মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলও ঘোষণা করা হবে।
সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা:
ছেলেদের বর্ষসেরা ক্রিকেটারের স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি:
বাবর আজম, সিকান্দার রাজা, টিম সাউদি, বেন স্টোকস।
মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের র্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি:
অ্যামিলিয়া কার, স্মৃতি মান্ধানা, বেথ মুনি, ন্যাট শিভার।
ছেলেদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার:
জনি বেয়াস্টো, উসমান খাওয়াজা, কাগিসো রাবাদা, বেন স্টোকস।
ছেলেদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার:
বাবর আজম, শেই হোপ, সিকান্দার রাজা, অ্যাডাম জ্যাম্পা।
মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার:
অ্যালিসা হিলি, শাবনিম ইসমাইল, অ্যামিলিয়া কার, ন্যাট শিভার।
ছেলেদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার:
সূর্যকুমার যাদব, সিকান্দার রাজা, মোহাম্মদ রিজওয়ান, স্যাম কারান।
মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার:
নিদা দার, সোফি ডিভাইন, স্মৃতি মান্ধানা, তাহলিয়া ম্যাকগ্রা।
ছেলেদের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার:
ফিন অ্যালেন, মার্কো ইয়ানসেন, আর্শদিপ সিং, ইব্রাহিম জাদরান।
মেয়েদের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার:
ইয়াস্তিকা ভাটিয়া, ডারিস ব্রাউন, অ্যালিস ক্যাপসি, রেনুকা সিং।
এছাড়াও পুরস্কার দেওয়া হবে সহযোগী দেশগুলোর ছেলেদের বর্ষসেরা ক্রিকেটার, সহযোগী দেশগুলোর মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার, স্পিরিট অব দা ক্রিকেট অ্যাওয়ার্ড ও বর্ষসেরা আম্পায়ার ক্যাটেগরিতে।
