পিএসএলে ফেরার ম্যাচে খরুচে সাকিব
জয় দিয়ে অভিযান শুরু করেছে সাকিব-বাবরদের দল পেশাওয়ার জালমি।
প্রথম ওভারটা হলো দারুণ। পরের ওভারও মন্দ নয়। তবে তৃতীয় ওভারে দুই হাতে রান বিলিয়ে দিলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফেরার ম্যাচে বাংলাদেশের অলরাউন্ডারের বোলিং ফিগার হলো তাই বিবর্ণ।
অবশ্য জয় দিয়ে অভিযান শুরু করেছে সাকিব-বাবরদের দল পেশাওয়ার জালমি। নিজেদের প্রথম ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে তারা ২ রানে হারিয়েছে করাচি কিংসকে।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার শেষ ওভারে ব্যাট হাতে পেয়ে এক বল খেলে ১ রানে অপরাজিত থাকেন সাকিব। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার পরে ৩ ওভারে ৩২ রান দিয়ে কোনো উইকেট পাননি।
টম কোহলার-ক্যাডমোরের ৫০ বলে ৯২ ও অধিনায়ক বাবর আজমের ৪৬ বলে ৬৮ রানের সুবাদে এ দিন ৫ উইকেটে ১৯৯ রান করে পেশাওয়ার। জবাবে ইমাদ ওয়াসিমের ৪৭ বলে অপরাজিত ৮০ রানের দুর্দান্ত ইনিংসের পরও ৫ উইকেট হারিয়ে ১৯৭ পর্যন্ত যেতে পারে করাচি।
পঞ্চম ওভারে সাকিব যখন বল হাতে পান, করাচির রান ২ উইকেটে ৪০। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক প্রথম বলে দেন ১ রান। এরপর টানা চারটি ‘ডট’ খেলান কাইস আকরামকে। শেষ বলেও হতে পারত ১ রান, কিন্তু লং অনে মিস ফিল্ডিংয়ে হয় ২ রান।
পরের দুই ওভারে আরও ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় করাচি। এরপর শোয়েব মালিকের সঙ্গে ইমাদের জুটিতে এগিয়ে যায় দলটি।
সাকিব একাদশ ওভারে বোলিংয়ে ফিরে দেন ৮ রান। বাউন্ডারি হজম না করলেও এবার কোনো ডট বল তিনি খেলাতে পারেননি। দুটি ডাবলের সঙ্গে আসে চারটি সিঙ্গেল।
নিজের প্রথম ২ ওভারে ১১ রান দেওয়া সাকিব তৃতীয় ওভারে দুই চার, এক ছক্কা, দুই ওয়াইডসহ দেন ২১ রান। বেরিয়ে এসে চার মারেন ইমাদ। মালিক লং অফ দিয়ে ছক্কায় ওড়ানোর পর চার মারেন পয়েন্ট দিয়ে।
ইমাদ ও মালিকের ৭৪ বলে ১৩১ রানের জুটি ভাঙার পরও লড়াই চালিয়ে যায় করাচি। শেষ ওভারে ১৬ রানের সমীকরণ মেলাতে পারেননি তারা। শেষ বলে দরকার যখন ৯, ছক্কা মারেন ইমাদ।
‘রিজার্ভ সাপ্লিমেন্টারি’ হিসেবে সাকিবকে এবারের পিএসএলে দলে নেওয়ার কথা সোমবার জানায় পেশাওয়ার। পাকিস্তানের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে এর আগে দুই আসরে খেলেছেন তিনি। সবশেষ ২০১৭ সালে খেলেছিলেন পেশাওয়ারের হয়েই। তার আগে করাচি কিংসের জার্সিতে।
