টেস্টের মাঝপথে হাসপাতালে ভর্তি শুবমান গিল
কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে স্রেফ তিন বল খেলেই মাঠ ছেড়ে যান ভারতীয় অধিনায়ক।
কলকাতা টেস্টের তৃতীয় দিনে যখন জয়ের অভিযানে নামবে ভারতীয় দল, শুবমান গিল তখন হাসপাতালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই টেস্টে আর মাঠে নামতে পারবেন না তিনি। ঘাড়ের সমস্যায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভারতীয় অধিনায়ককে।
টেস্টের দ্বিতীয় দিনে শনিবার ব্যাটিংয়ে নেমে স্রেফ তিনটি ডেলিভারি খেলতে পারেন গিল। সাইমন হার্মারের বলে সুইপ করে চার মারার পরই ফিজিওকে মাঠে ডেকে নেন তিনি। মাঠে কিছুক্ষণ পরীক্ষা করা হয় তার ঘাড়। এরপর ক্রিজে ছেড়ে যান তখনই। ভারতের ইনিংস পরে শেষ হয় মাত্র ১৮৯ রানে, কিন্তু অধিনায়ক আর ব্যাটিংয়ে নামতে পারেননি।
পরে স্ট্রেচারে করে হাসপাতালের পথে তাকে মাঠ ছাড়তে দেখা যায়। ভারতীয় বোর্ড বিবৃতিতে জানায়, ঘাড়ের পেশির খিঁচুনিতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে গিলকে। সতর্কতা হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। রোববার সকালে নিশ্চিত করা হয়, এই টেস্টে আর পাওয়া যাবে না ২৬ বছর বয়সী ক্রিকেটারকে।
দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে ঘাড়ের কিছু কসরত করতে দেখা গিয়েছিল গিলকে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল নিশ্চিত করেন, ঘাড়ের সমস্যা নিয়েই মাঠে গিয়েছিলেন অধিনায়ক।
“গিল খুবই ফিট ছেলে, নিজের দেখভাল খুব ভালোভাবে করে। দুর্ভাগ্যজনক যে, আজকে সকালে ঘুম থেকে উঠেছে সে ঘাড়ের জড়তা নিয়ে এবং সেটিই রয়ে গেছে দিনজুড়ে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এটা। ওই সময় তার সঙ্গে ব্যাটিংয়ে একটা জুটির দরকার ছিল আমাদের… কিন্তু বাজে সময়ে হয়ে গেছে ব্যাপারটি।”
গত বছরের অক্টোবরে নিউ জিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে তিনি খেলতে পারেননি ঘাড়ের সমস্যার কারণেই।
কলকাতায় শনিবার গিলের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেন চোট কাটিয়ে এই ম্যাচ দিয়েই ফেরা রিশাভ পান্ত। ভারতীয় স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিন শেষ করে ৭ উইকেটে ৯৩ রান নিয়ে। ৩ উইকেট বাকি রেখে প্রোটিয়ারা এগিয়ে আছে কেবল ৬৩ রানে।
