পোপের ‘তিন নম্বর পজিশন’ নিজের করতে চান বেথেল
জায়গাটি পাকা করতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে, ভালো করেই জানেন তরুণ এই ক্রিকেটার।
অলি পোপের ফর্মহীনতায় পাওয়া সুযোগ প্রথম দফায় ভালোই কাজে লাগিয়েছেন জ্যাকব বেথেল। মেলবোর্নে ইংল্যান্ডের স্মরণীয় জয়ে রেখেছেন বড় ভূমিকা। সামনেও দলের সাফল্যে নিজের ছাপ রাখতে মুখিয়ে তিনি। ভালো খেলে টেস্টে ইংল্যান্ডের তিন নম্বর পজিশনটি পাকাপাকিভাবে নিজের করে নিতে চান এই ব্যাটিং অলরাউন্ডার।
ইংল্যান্ডের জার্সিতে এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছেন বেথেল। ১০ ইনিংসের সাতটিতেই ব্যাটিং করেছেন তিন নম্বরে। এই সংস্করণে তার তিনটি ফিফটিই এই পজিশনে। একটি ইনিংসে অল্পের জন্য পাননি সেঞ্চুরি, টেস্ট অভিষেকে নিউ জিল্যান্ডের বিপক্ষে আউট হন ৯৬ রানে।
একাদশে অবশ্য নিয়মিত সুযোগ পান না বেথেল। গত জুলাইয়ের পর টেস্ট খেললেন অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে। এই ম্যাচ দিয়ে প্রথমবার অ্যাশেজ খেলার অভিজ্ঞতাও হয় তার। সিরিজের প্রথম তিন টেস্ট খেলা অভিজ্ঞ পোপকে বসিয়ে তাকে খেলায় ইংলিশরা।
অনেকদিন ধরেই একাদশে পোপের জায়গা ছিল হুমকির মুখে। তার কাছ থেকে প্রত্যাশিত রান পাচ্ছিল না দল। তার ব্যাটিংয়ের ধরন নিয়েও উঠছিল প্রশ্ন। সবশেষ ১৪ ইনিংসে কেবল একটি ফিফটি করা ডানহাতি ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত বাদ দেয় ইংল্যান্ড। অ্যাশেজের প্রথম তিন টেস্টের ৬ ইনিংসে তার রান যথাক্রমে ৪৬, ৩৩, ০, ২৬, ৩ ও ১৭।
পোপবিহীন ম্যাচটিতে ৪ উইকেটের জয়ে ১৫ বছরের এক অপেক্ষায় অবসান ঘটায় ইংল্যান্ড। ২০১১ সালের জানুয়ারির পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম কোনো টেস্ট টেস্ট জেতে তারা।
দলের ওই সাফল্যে অবদান রাখেন বেথেলও। মেলবোর্নের ব্যাটিং দুরূহ উইকেটে প্রথম ইনিংসে তিনে নেমে স্রেফ ১ রান করার পর, দ্বিতীয় ইনিংসে ভালো খেলেন তিনি। তখন অবশ্য চারে নামানো হয় তাকে, ব্রাইডন কার্স খেলেন তিনে। পেসারদের জন্য প্রবল সহায়ক পিচে ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় ৫ চারে ৪৬ বলে ৪০ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বেথেল।
অ্যাশেজের পঞ্চম টেস্টেও তার খেলার সম্ভাবনা প্রবল। আর সেটা হলে, ব্যাট হাতে নিজেকে মেলে ধরে তিন নম্বরের জন্য দাবি জানিয়ে রাখতে চান ২২ বছর বয়সী বেথেল।
“তিনে খেলতে আমি পছন্দ করি। বল তখন নতুন থাকে এবং কিছুক্ষেত্রে অনেক বেশি সুইং করে। তবে আরেক বিচারে, ওই সময় রান করারও সুযোগ মেলে-কারণ তখন বোলাররা উইকেট নেওয়ার চেষ্টা করে, আক্রমণাত্মক ফিল্ডিং সাজায়, আর মাঠে অনেক ফাঁকা জায়গা তৈরি হয়।”
“জায়গাটি নিজের করে নেওয়ার জন্য আমার এখনও অনেক কিছু করার আছে। আমি এটা নিজের করতে চাই। দলে যেকোনো ভূমিকায় নিজেকে পাকাপোক্ত করতে চাই। একাদশে থাকলে এবং দলের জয়ে অবদান রাখতে পারলেই আমি খুশি।”
আগামী রোববার সিডনিতে শুরু অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট।
