জাতীয় দলের সাবেক কোচ এবার অস্ট্রেলিয়ার যুবাদের দায়িত্বে
জাতীয় দলকে কোচিং করানোর ১৪ বছর পর অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন তিনি।
১৪ বছর পর আবার অস্ট্রেলিয়ার জাতীয় পর্যায়ের কোনো দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন টিম নিলসেন। জাতীয় দলের সাবেক কোচ এবার নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে।
আগামী মাসে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে ৫৭ বছর বয়সী কোচের নতুন দায়িত্ব।
২০০৭ বিশ্বকাপের পর থেকে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচ ছিলেন নিলসেন। তার কোচিং ক্যারিয়ার ক্যারিয়ার শুরু আরও অনেক আগে এবং অভিজ্ঞতাও অনেক।
খেলোয়াড়ি জীবনে কখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারেননি তিনি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ১০১টি ম্যাচ। ১৯৯৯ সালে খেলা ছাড়ার পরপরই সাউথ অস্ট্রেলিয়ার সহকারী কোচ হয়ে শুরু করেন নতুন অধ্যায়। পরে অস্ট্রেলিয়ার বিখ্যাত সেন্টার অব এক্সিলেন্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেন বেশ কিছুদিন।
জন বুকানন অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্বে থাকার সময় সহকারী কোচ করা হয় নিলসেনকে। বুকাননের সঙ্গে তার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ ও কাজের রসায়ন ছিল দারুণ। সেই সময়টায় অস্ট্রেলিয়ার সাফল্যের পেছনে এই জুটির অবদানকে মনে করা হয় গুরুত্বপূর্ণ। ২০০৭ বিশ্বকাপ জয়ের পর বুকানন সরে দাঁড়ালে প্রধান কোচের দায়িত্ব পান তিনি।
তার কোচিংয়ে ২০১১ বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়া। পরে আবার তিনি ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ে ফেরেন। সাউথ অস্ট্রেলিয়া ও অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হাই পারফরম্যান্স ম্যানেজার হিসেবে কাজ করেন দীর্ঘদিন। গত বছর সেখান থেকে তিনি যোগ দেন পাকিস্তান জাতীয় দলের কোচিং স্টাফে। সেখানে তিনি ছিলেন দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ জেসন গিলেস্পির সঙ্গী।
সেই মেয়াদ অবশ্য দীর্ঘ হয়নি। গিলেস্পির সঙ্গে বিদায় নেন তিনিও। দেশে ফিরে ক্রিকেট অস্ট্রেলিয়ার ডেভেলপমেন্ট প্রোগামে কাজ করছিলেন। এবার পেলে যুবাদের গড়ে তোলার দায়িত্ব।
