Published : 29 Jan 2026, 10:31 AM
বিশেষজ্ঞ ব্যাটসম্যান বলতে একাদশে ৫ জন। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ধরে ব্যাটসম্যান বলা যায় ৬ জন। হার্শিত রানাকে নামতে হলো ৭ নম্বরে, ব্যাটিং জানলেও মূলত তিনি বোলার। বাকিরা তো সবাই নিখাদ বোলারই। এই লাইনআপ নিয়ে দল সাজিয়ে হেরে গেছে ভারত। পরে অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ বললেন, পরীক্ষা-নিরীক্ষার জন্য ইচ্ছে করেই ব্যাটসম্যান কম খেলিয়েছেন তারা।
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে বুধবার ভারতকে ৫০ রানে হারায় নিউ জিল্যান্ড।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। চতুর্থ ম্যাচে ভিসাখাপাত্নামে কিউরা ২০ ওভারে তোলে ২১৫ রান। রান তাড়ায় ৮২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা ভারত শেষ পর্যন্ত ১৬৫ রান করতে পারে শিভাম দুবের ৭ ছক্কায় ২৩ বলে ৬৫ রানের ইনিংসে।
আপাতদৃষ্টিতে পরাজয়ের দায় বোলারদের ওপরই পড়ার কথা। বড় স্কোর গড়েই তো ম্যাচ জয়ের পথে এগিয়ে গেছে কিউইরা। তবে ম্যাচের পর সুরিয়াকুমার বললেন, বিশ্বকাপের আগে পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই ব্যাটসম্যান কম নিয়ে একাদষ সাজিয়েছেন তারা।
“আজকে আমরা ইচ্ছে করেই ছয় ব্যাটার নিয়ে খেলেছি। আমরা চেয়েছি পাঁচজন যথাযথ বোলার নিয়ে খেলতে এবং নিজেদেরকে চ্যালেঞ্জ জানাতে। উদাহরণস্বরূপ বলতে পারি, যদি ১৮০ বা ২০০ রান তাড়া করতে হয়, তাহলে দ্রুত দুই-তিন উইকেট হারানোর পর আমরা কেমন করতে পারি বা এই ধরনের কিছু।”
“দিনশেষে এটা ঠিক আছে। বিশ্বকাপ স্কোয়াডের সবাইকে খেলাতে চেয়েছি আমরা। নাহলে তো অন্যদেরকে খেলাতেই পারতাম।”
টস জিতে এ দিন পরে ব্যাটিং নেওয়ার পেছনেও নিজেদের বাজিয়ে দেখার ভাবনা আছে বলে দাবি করলেন সুরিয়াকুমার।
“আগে ব্যাটিংয়ে নেমে আমরা খুবই ভালো ব্যাট করছি। এজন্যই চেয়েছিলাম ছেলেরা যাতে এই দায়িত্ব নেয় যে, ১৮০ বা ২০০ রান তাড়ায় দ্রুত দুই-তিন উইকেট হারানোর পরও আমরা কেমন করি। ভালো চ্যালেঞ্জ ছিল এটি। আশা করি, আবার সুযোগটা এলে আমরা রান তাড়া করতে পারব। দিনশেষে এই শিক্ষাটাও কাজে লাগবে।”
সিরিজের শেষ ম্যাচ শনিবার থিরুভানান্থাপুরামে।