ইংল্যান্ডকে ১৭৯ রানে থামিয়ে সেমিতে প্রোটিয়ারা, আফগানিস্তানের বিদায়
ম্যাচ শেষ না হতেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকার।
ভিয়ান মুল্ডারের বলে কিপারের গ্লাভসে ধরা পড়লেন আদিল রাশিদ। ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে গেল দুইশর আগেই। এতে ম্যাচ শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকার সেমি-ফাইনালের টিকেট। প্রায় অসম্ভব সমীকরণে এই ম্যাচে তাকিয়ে থাকা আফগানিস্তান বিদায় নিল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে।
করাচিতে শনিবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৮.২ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে গেছে আগের দুই ম্যাচে হারা ইংল্যান্ড।
৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে আগের দিন সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের পয়েন্ট ৩। নেট রান রেটে প্রোটিয়ারা (২.১৪০) অনেক এগিয়ে আফগানদের (-০.৯৯০) চেয়ে।
এই ম্যাচে আগে ব্যাটিং করে ইংল্যান্ড অন্তত ২০৭ রানের ব্যবধানে জিতলেই কেবল দক্ষিণ আফ্রিকাকে টপকে যেতে পারত আফগানিস্তান। সেখানে ইংলিশদের পুঁজিই তো ১৭৯ রানের!
ম্যাচটি জিতলে ৫ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে টপকে গ্রুপ সেরা হবে দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডকে অল্পে থামাতে মুল্ডার ২৫ রানে ও আরেক পেসার মার্কো ইয়ানসেন ৩৯ রানে নেন ৩টি করে উইকেট। ১০ ওভারে ৩৫ রানে ২ উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার কেশাভ মহারাজ।
