শ্রীলঙ্কা-ইংল্যান্ড
Published : 22 Jan 2026, 10:51 PM
শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে জস বাটলার যখন বিদায় নিলেন, ইংল্যান্ডের হারও প্রায় নিশ্চিত হয়ে গেল তখন। কিন্তু লড়াই চালিয়ে গেলেন জেমি ওভারটন। তার আগ্রাসী ব্যাটিংয়ে ইংলিশদের আশার বাতি যেন ফের জ্বলে উঠল। শেষ পর্যন্ত যদিও দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে পারলেন না তিনি। দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
কলম্বোয় প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার জয় ১৯ রানে। স্পিন সহায়ক উইকেটে ২৭১ রানের পুঁজি গড়ে সফরকারীদের তারা থামিয়ে দেয় ২৫২ রানে।
৪৬তম ওভারে যখন বাটলার ও লিয়ান ডসন ফেরেন, তখনও ৫৯ রান দরকার ইংল্যান্ডের। পরের ওভারে আসিথা ফার্নান্দোকে চার ও ছক্কা মারেন ওভারটন। ৪৮তম ওভারে প্রামোদ মাদুশানকে হাঁকান দুটি চার। ১২ বলে ৩৪ রানের প্রয়োজনে আসিথাকে ফের একটি করে চার ও ছক্কা মারেন তিনি।
ম্যাচ জমিয়ে তুলে শেষ ওভারে ২০ রানের সমীকরণ আর মেলাতে পারেননি ওভারটন। দ্বিতীয় ডেলিভারিতে প্রামোদের ফুলটসে বিদায় নেন ক্যাচ দিয়ে।
এর আগে বেন ডাকেট ও জো রুটের দায়িত্বশীল পঞ্চাশ ছোঁয়া ইনিংসে রান তাড়ায় শক্ত ভিতই পায় ইংল্যান্ড। কিন্তু অন্যদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হারের তেতো স্বাদ পেতে হয় তাদের। লঙ্কানদের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপে খেলা সবশেষ ম্যাচটিও হেরেছিল তারা।
কঠিন উইকেটে দারুণ ব্যাটিংয়ে ১১ চারে অপরাজিত ৯৩ রানের ইনিংসে শ্রীলঙ্কাকে লড়াইয়ের পুঁজি এনে দেন কুসাল মেন্ডিস। এক ছক্কা ও তিনটি চারে ১২ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলার পর, বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন দুনিথ ওয়েলালাগে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে কাটিয়ে দেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারা। পরের ওভারেই ভাঙে ৫০ রানের শুরুর জুটি, স্যাম কারানের বলে মিড-অনে ধরা পড়েন নিসাঙ্কা (২ চারে ২১)। দুই ওভার পর বিদায়ঘণ্টা বাজে এক ছক্কা ও দুই চারে ২৭ রান করা কামিল মিশারারও।
২০২৩ সালের পর প্রথম ওয়ানডে খেলতে নেমে ভালো করতে পারেননি ধানাঞ্জায়া ডি সিলভা। এক চারে ১০ রান করে এলবিডব্লিউ হন আদিল রাশিদের বলে। জেমি ওভারটনকে টানা দুই চার মারা চারিথ আসালাঙ্কাও পারেননি দলকে টানতে।
শুরুতে ক্রিজে অস্বস্তিতে ছিলেন মেন্ডিস। প্রথম ১২ বলে রানের খাতা খুলতে পারেননি তিনি। পঞ্চদশ ওভারে রেহান আহমেদকে টানা দুই চারে খোলস ছেড়ে বেরিয়ে আসেন লঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যান। পরে দ্রুত রান তুলে ৬১ বলে স্পর্শ করেন ফিফটি।
মেন্ডিসকে দারুণ সঙ্গ দেন জানিথ লিয়ানাগে। তাদের ব্যাটে দুইশ ছাড়িয়ে যায় লঙ্কানদের রান। দুই ছক্কা ও পাঁচটি চারে ৫৩ বলে ৪৬ রান করা লিয়ানাগের ফিরতি ক্যাচ নিয়ে ৮৮ রানের জুটি ভাঙেন রাশিদ।
শেষ ওভারে ওভারটনের ওপর ঝড় বইয়ে দেন ওয়েলালাগে। প্রথম বলে ছক্কার পর শেষ চার ডেলিভারির তিনটিতে বাউন্ডারি মারেন তিনি। ওভারটি থেকে ২৩ রান পায় শ্রীলঙ্কা। শেষ ওভারে একটি ডেলিভারি খেলার সুযোগ পেয়ে এক রানের বেশি নিতে পারেননি সেঞ্চুরির দুয়ারে থাকা মেন্ডিস।
লক্ষ্য তাড়ায় তৃতীয় ওভারে জ্যাক ক্রলিকে হারায় ইংল্যান্ড। শুরুর সেই ধাক্কা কাটিয়ে ওঠে দল রুট ও ডাকেটের ব্যাটে। ৭২ বলে ফিফটি স্পর্শ করেন অভিজ্ঞ রুট, ডাকেটের পঞ্চাশ আসে ৬৭ বলে।
জমে যাওয়া ১১৭ রানের জুটি ভাঙে ডাকেটের বিদায়ে, জেফ্রি ভ্যান্ডারসেকে রিভার্স সুইপ করে এলবিডব্লিউ হন তিনি। এক ছক্কা ও পাঁচটি চারে ৭৬ বলে ৬২ রান করেন এই ওপেনার।
এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। ধানাঞ্জায়াকে সুইপ করে এলবিডব্লিউ হন পাঁচ চারে ৬১ রান করা রুট। আসালাঙ্কার বলে স্টাম্পড হয়ে ফেরেন অধিনায়ক হ্যারি ব্রুক। একইভাবে আউট হয়ে ড্রেসিং রুমের পথ ধরেন জেকব বেথেল।
দারুণ ফিরতি ক্যাচে স্যাম কারানকে ফেরান ওয়েলালাগে। ক্রিজে গিয়ে দ্রুত রান বাড়ানোর পথে হাঁটেন রেহান আহমেদ। পাঁচ চারে ২১ বলে ২৭ রান করা রেহানকে বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ নিয়ে বিদায় করেন ওয়েলালাগে।
দলের বিপর্যয়ে হাল ধরতে ব্যর্থ হন বাটলারও। প্রামোদকে ছক্কা মারার পরের বলে বোল্ড হয়ে যান অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান। এক বল পর ফেরেন ডসনও। এরপর একাই চেষ্টা করেন ওভারটন।
দ্বিতীয় ওয়ানডেতে আগামী শনিবার মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৭১/৬ (নিসাঙ্কা ২১, মিশারা ২৭, মেন্ডিস ৯৩*, ধানাঞ্জায়া ১০, আসালাঙ্কা ১৭, লিয়ানাগে ৪৬, পাভান ১২, ওয়েলালাগে ২৫*; ওভারটন ৯-০-৬৬-০, কারান ৮-০-৪০-১, ডসন ১০-১-৩১-১, রাশিদ ১০-০-৪৪-৩, রেহান ১০-০-৬১-১, বেথেল ৩-০-১৯-০)
ইংল্যান্ড: ৪৯.২ ওভারে ২৫২ (ক্রলি ৬, ডাকেট ৬২, রুট ৬১, বেথেল ১৫, ব্রুক ৬, বাটলার ১৯, কারান ৫, রেহান ২৭, ওভারটন ৩৪, ডসন ২, রাশিদ ০*; আসিথা ৮-১-৬৪-১, প্রামোদ ৫.২-০-৩৯-৩, ধানাঞ্জায়া ৮-০-২২-১, দুনিথ ১০-০-৪১-২, আসালাঙ্কা ৭-০-৩২-১, ভ্যান্ডারসে ১০-০-৩৯-২, মিশারা ১-০-৯-০)
ফল: শ্রীলঙ্কা ১৯ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: দুনিথ ওয়েলালাগে
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে শ্রীলঙ্কা।