Published : 03 May 2026, 07:39 PM
বৈচিত্র, রহস্য, নতুনত্ব, নিয়ন্ত্রণ ও ধারাবাহিকতা- আইপিএলের সুনিল নারাইন যে এই সবকিছুর মিশেল। সেই পথ ধরেই অসাধারণ এক অর্জনের ঠিকানায় পৌঁছে গেলেন সুনিল নারাইন। প্রথম বিদেশি বোলার হিসেবে আইপিএলে ২০০ উইকেটের মাইলফলকে পা রাখলেন ক্যারিবিয়ান এই স্পিনার।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রোববার সালিল আরোরাকে বোল্ড করে ২০০ উইকেট পূর্ণ করেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার। এই ডেলিভারিটিও ছিল তার মতোই দুর্দান্ত, ব্যাটসম্যান বুঝতে পারেননি তেমন কিছুই।
পরে ওই ওভারেই ইশান কিষানকে আউট করে নারাইনের উইকেট আপাতত ২০১।
আইপিএলে নারাইনের এটি ১৫তম আসর। সেই ২০১২ সালে এই টুর্নামেন্টে বিচরণ শুরু করে এখনও পর্যন্ত প্রতি মৌসুমেই খেলেছেন কলকাতার হয়ে। এই দলের একটি প্রতীকে পরিণত হয়েছেন তিনি।
১৯৭ ম্যাচ খেলে তার উইকেট ২০১টি। বিদেশি বোলারদের মধ্যে নারাইনের পরে আছেন তারই বন্ধু ও আরেক ক্যারিবিয়ান ডোয়াইন ব্রাভো। ১৬১ ম্যাচ খেলে তার উইকেট ১৮৩টি। রাশিদ খান আপাতত তিনে আছেন ১৪৫ ম্যাচে ১৬৮ উইকেট নিয়ে।
নারাইন শুধু বল হাতেই আইপিএল রাঙাননি, একটা সময় ব্যাট হাতেও হয়ে ওঠেন বিধ্বংসী। নিয়মিত ওপেন করে দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ জিতিয়েছেন অনেক। আইপিএলে তার রান ১ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে ১ হাজার ৮২০, স্ট্রাইক রেট ১৬৫.৩০। ৩৭ বছর বয়সী ক্রিকেটার নিঃসন্দেহে এই টুর্নামেন্টের কিংবদন্তি।
ভারতীয় ও বিদেশি মিলিয়ে আইপিএলে উইকেট শিকারের শীর্ষে ইউজভেন্দ্রা চেহেল। ১৮২ ম্যাচ খেলে ২২৮ উইকেট এই লেগ স্পিনারের। প্রথম পেসার হিসেবে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়া ভুবনেশ্বর কুমারের শিকার ১৯৯ ম্যাচে ২১৫টি। তিনিও এই টুর্নামেন্টের গ্রেট। এই ৩৬ বছর বয়সেও এবারের আসরে ৯ ম্যাচে ১৭ উইকেট হয়ে গেছে তার।
এই দুজনের পরই আছেন নারাইন। ১৯২ ম্যাচে ১৯২ উইকেট নিয়ে চারে পিয়ুস চাওলা। ২২১ ম্যাচে ১৮৭ উইকেট রাভিচান্দ্রান অশ্বিনের। এই দুজনেরই ক্যারিয়ার শেষ।
১৫৪ ম্যাচে ১৮৬ উইকেট শিকারি জাসপ্রিত বুমরাহ শিগগিরই ছাড়িয়ে যাবেন এই দুজনকে।