১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আয়ারল্যান্ড সফরের ইংল‍্যান্ড দলে জর্ডান কক্স

দা হ্যান্ড্রেডে ওভাল ইনভিন্সিবলসের হয়ে ভালো করার পুরস্কার পেলেন এই ব‍্যাটসম‍্যান।

আয়ারল্যান্ড সফরের ইংল‍্যান্ড দলে জর্ডান কক্স
জর্ডান কক্স। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 11:07 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

দা হান্ড্রেডে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরেছেন জর্ডান কক্স। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দলে যুক্ত করা হয়েছে ২৪ বছর বয়সী এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যানকে।

ওভাল ইনভিন্সিবলসের টানা তৃতীয় শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন কক্স। আসরে ৬১.১৬ গড় ও ১৭৩.৯৩ স্ট্রাইক রেটে করেন ৩৬৭ রান। গত রোববার লর্ডসে ট্রেন্ট রকেটসের বিপক্ষে ফাইনালে ২৮ বলে তিনি খেলেন ৪০ রানের ঝড়ো ইনিংস। যা দলের ২৬ রানের জয়ে ভূমিকা রাখে। 

ম্যাচ শেষে এক প্রশ্নের জবাবে ইংল্যান্ড দলে ফিরতে লড়াই চালিয়ে যাওয়ার প্রত‍্যয় জানান কক্স। এর আগে কয়েকবার দুর্ভাগ্যের জন‍্য সুযোগ হাতছাড়া হয় এই কিপার-ব‍্যাটসম‍্যানের। এর মধ্যে আছে নিউ জিল্যান্ড সফরে টেস্ট অভিষেকের দুয়ারে দাঁড়িয়ে আঙুল ভাঙা কিংবা মৌসুমের শুরুতে এসেক্সের হয়ে সেঞ্চুরি করার সময় সাইড স্ট্রেইনে পড়ার ধাক্কা। 

ইংল‍্যান্ডের হয়ে এখন পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলেছেন কক্স। সেগুলোতে তেমন কিছু করতে পারেননি তিনি। গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতে করেন ১৭ ও শূন‍্য। পরে অক্টোবর–নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব‍্যর্থ হন তিন ওয়ানডেতেও, করেন ১৭, ৪ ও ১ রান। 

নিয়মিত খেলোয়াড়দের অনেকের অনুপস্থিতিতে আয়ারল‍্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সারির টি-টোয়েন্টি দল পাঠাচ্ছে ইংল‍্যান্ড। ২১ বছর বয়সী জ্যাকব বেথেলের নেতৃত্বে আগামী ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বরে ডাবলিনে তিনটি ম‍্যাচ খেলবে তারা। দলও ঘোষণা করা হয়েছে আগেই। তাতে এবার যোগ করা হয়েছে কক্সকে। সাদামাটাভাবে শুরু হওয়া আন্তর্জাতিক ক‍্যারিয়ারকে উজ্জ্বল করার হাতছানি তার সামনে।