২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের সংগঠনের সঙ্গে দ্বন্দ্বে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের এমন কিছু শর্তাবলি পাঠিয়েছে আইসিসি, যেটিকে অনেক বেশি ‘শোষণমূলক’ বলে মনে করছে ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ডব্লিউসিএ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 09:10 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে থাকা আইসিসি নতুন ঝামেলায় পড়েছে। ক্রিকেটারদের জন্য সংরক্ষিত শর্তাবলি বিশেষ করে তাদের নাম, ছবি ও ইমেজ স্বত্ব সংক্রান্ত বিষয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে আইসিসি ও ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) মধ্যে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ডব্লিউসিএর দাবি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বেশ কয়েকটি দেশের খেলোয়াড়দের কাছে এমন কিছু শর্ত পাঠিয়েছে আইসিসি, যা ২০২৪ সালে দুই পক্ষের সই করা চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। নতুন এই শর্তাবলি খেলোয়াড়দের জন্য আগের চুক্তির তুলনায় অনেক বেশি ‘শোষণমূলক’ বলে মনে করছে ডব্লিউসিএ।

ক্রিকেটারদের সংগঠনটির পক্ষ থেকে বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানানো হলে, আইসিসি পাল্টা জবাবে দ্বিমত পোষণ করে জানিয়েছে, ২০২৪ সালের চুক্তিটি কেবল আটটি সদস্য বোর্ডের (ন্যাশনাল গভর্নিং বোর্ডস বা এনজিবি) জন্য প্রযোজ্য ছিল। আইসিসির দাবি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য সদস্যরা ওই চুক্তির আওতায় পড়ে না।

এই আটটি বোর্ড হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল বিশ্বকাপের জন্য ভারতে যেতে রাজি না হওয়ায়, তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি। 

বিশ্বকাপে অংশগ্রহণকারী বাকি ১২টি দেশের মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড ডব্লিউসিএকে স্বীকৃতি দেয় না। ফলে এসব দেশের খেলোয়াড়রা সংগঠনটির সঙ্গে যুক্ত নন।

অন্যদিকে ইতালি, জিম্বাবুয়ে, আফগানিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডার খেলোয়াড় সংগঠনে থাকলেও ১৫ জানুয়ারি পর্যন্ত তারা আইসিসির পক্ষ থেকে কোনো শর্তবলি পায়নি। ডব্লিউসিএ ধারণা করছে, এসব দেশকেও অনুমোদনহীন শর্তবলি পাঠানো হতে পারে।

এর জবাবে ডব্লিউসিএ বলেছে, সংশ্লিষ্ট খেলোয়াড়দের দেশ টুর্নামেন্টে অংশ নিক বা না নিক-সংস্থাটির সঙ্গে যুক্ত সব খেলোয়াড়ের ক্ষেত্রেই ২০২৪ সালের চুক্তিটি প্রযোজ্য। সংস্থাটির মতে, সব খেলোয়াড়ই ওই চুক্তির আইনি সুরক্ষা পাওয়ার অধিকারী। 

ডব্লিউসিএ গত ১৫ জানুয়ারি খেলোয়াড়দের কাছে পাঠানো এক মেমোতে জানায়, আইসিসির নতুন শর্তবলি ২০২৪ সালের চুক্তি থেকে ‘যথেষ্ট ভিন্ন।’ একই দিনে আইসিসির কাছেও এই বিষয়ে আনুষ্ঠানিক ই-মেইল পাঠানো হয়।

ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মোফাট আটটি ক্ষেত্রে অসংগতির কথা তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে গণমাধ্যমে উপস্থিতি, ড্রেসিংরুমে প্রবেশাধিকার, খেলোয়াড়দের বায়োমেটিক্স তথ্য, লাইসেন্সিং, নাম, ছবি, পরিচিত অধিকার, খেলোয়াড় চুক্তি ও আইনি বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া।

ডব্লিউসিএর দাবি, আইসিসির নতুন শর্তাবলিতে খেলোয়াড়দের সম্মতি ছাড়াই তাদের নাম, ছবি ও তথ্য বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। যেখানে অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে বোর্ডগুলোর হাতে।

এই সপ্তাহে মোফাট ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ডব্লিউসিএ বিশ্বকাপ ব্যাহত করতে চায়নি, তবে আইসিসি এমন শর্তাবলী উপস্থাপন করায় তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন।’

এই সপ্তাহে পাঠানো ডব্লিউসিএর পরবর্তী চিঠির জবাব আইসিসি এখনও দেয়নি বলে জানতে পেরেছে ইএসপিএনক্রিকইনফো। ওয়েবসাইটটির পক্ষ থেকে আইসিসির কাছে মন্তব্য জানতে চাওয়া হয়েছে।