২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ টেস্ট খেলার মতো আরও দু-একজন ক্রিকেটার রেখে যেতে চান মুশফিক

তার নিজের কাছে যেটি ছিল স্বপ্নের চেয়েও বেশি কিছু, পরবর্তী প্রজন্মের কাছে সেটিকেই বাস্তবের সীমানায় এনে দিতে চান মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 08:19 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

২০০৫ সালের ইংল্যান্ড সফরে মুশফিকুর রহিমকে নেওয়া হয়েছিল বিকল্প উইকেট কিপার হিসেবে। সেই সফরে একটি টেস্ট ম্যাচ খেলার কথাও তিনি ভাবতে পারেননি। টেস্ট অভিষেক যখন হলো, নিজের কাছেও সেটি ছিল বিস্ময়। ১০০ টেস্ট খেলা তো তখন তার কল্পনার সীমানাতেও ছিল না। সাড়ে ২০ বছর পর সেটিই এখন ধরা দিয়েছে বাস্তব হয়ে। তৃপ্ত মুশফিক বলছেন, বিদায়ের আগে এমন উত্তরসূরী তিনি রেখে যেতে চান, যারা একদিন স্পর্শ করবেন তার এই কীর্তি।

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। সেই উপলক্ষ স্মরণীয় করে রেখেছেন তিনি দ্বিতীয় দিনে সেঞ্চুরি করে। 

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ৩৮ বছর বয়সী ক্রিকেটার বললেন, একটা সময় এই অর্জন ছিল তার নিজেরও ভাবনার সীমানার বাইরে।

“এটা তো আসলে আমি নিজেও বিশ্বাস করতে পারি না… বিশেষ করে বাংলাদেশের একজন ক্রিকেটার ১০০ টেস্ট খেলবে। এটা তাই অনেক বড় অর্জন। শুধু আমি বলেই নয়, যে কোনো ক্রিকেটারের জন্য, যে কোনো জাতির জন্য গর্বের। অবশ্যই ভালো লাগছে সেই ব্যক্তিটি আমি হতে পেরেছি।”

“এটির মানে, আমার ওপর দায়িত্বও অনেক বেশি। আর যে কটা ম্যাচ যে কদিন খেলতে পারি, চেষ্টা থাকবে যেন সেটার প্রতিফলন মাঠে রাখতে পারি। পাশাপাশি যেন আমি যাওয়ার পরও ড্রেসিং রুমের এমন এক-দুইটা ক্রিকেটার রেখে যেতে পারি, যেন সেই গ্যাপটা পূরণ হয়ে যায়।”

২০০৫ সালের ওই ইংল্যান্ড সফরে তিন প্রস্তুতি ম্যাচের শেষটিতে নর্থাম্পটনশায়ারের বিপক্ষে সেঞ্চুরি করার পর লর্ডসে টেস্ট অভিষেক হয় তার বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই। এত বছর পর তিনি ফিরে গেলেন চমকপ্রদ সেই সময়টায়।

“স্মৃতিচারণ বলতে, আমি আসলে নিজেও জানতাম না যে ওই টেস্ট খেলবো। কারণ আমি তখন অনূর্ধ্ব-১৯ দলে ছিলাম অস্ট্রেলিয়ায়, সেখান থেকে আমাকে ইংল্যান্ডে পাঠানো হয়। ওখানে আমাদের পাইলট ভাই ছিলেন (কিপার খালেদ মাসুদ)। ওখানে আমাদের তিনটা প্র্যাকটিস ম্যাচ ছিল। আমাকে বলা হয়েছিল যে, হয়তো একটি-দুটি প্রস্তুতি ম্যাচে খেলানো হবে, যেন মূল কিপার বিশ্রাম পায়। তিনটা প্র্যাকটিস ম্যাচ খেলা, এরপর দুটা টেস্ট, যে কোনো মানুষের জন্য অনেক চাপের।”

“আমি দুটো প্র্যাকটিস ম্যাচ খেললাম, তারপর ভালো খেলার পর আমাকে বলো হলো টেস্ট খেলানো হবে। আমি মনে করি আমার ভাগ্য ওভাবে লেখা ছিল এবং সেটা হয়েছে। সেদিক থেকে আমি সৌভাগ্যবান ছিলাম।”

১০০ টেস্ট খেলার কথা ভাবতে না পারলেও টেস্ট ক্রিকেটের প্রতি অনুরাগের কথা তিনি বলেছেন বহুবার। আরও একবার তিনি মনে করিয়ে দিলেন সেটি। 

“আমি যদি সত্যি কথা বলি, কখনও আমার এই স্বপ্ন ছিল না যে আমি বাংলাদেশ হয়ে ১০০ টেস্ট খেলব। তবে আগেও নানা সময়ে বলেছি, যদি তিনটা ফরম্যাটের মধ্যে কোন একটা বেছে নিতে বলেন, টেস্ট ক্রিকেটই আমার চূড়ান্ত লক্ষ্য এবং আমি যতদিন পারব, চেষ্টা করব টেস্ট ক্রিকেট যেন খেলে যেতে পারি এবং সবার শেষে টেস্ট ক্রিকেট ছাড়তে চাই।”

“টেস্ট ক্রিকেট খেলতে হলে অবশ্যই ফিটনেস নিয়ে বাড়তি কাজ এবং ওরকম করে পারফরম্যান্স ঠিক রাখতে হবে। সেটার জন্য আমি নিজেকে প্রস্তুত করার চেষ্টা করি আর সব সময়, প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ বলেন বা ম্যাচ বাই ম্যাচ, বাংলাদেশের জন্য অবদান রাখার চেষ্টা করি।”

তার শততম টেস্ট ঘিরে প্রথম দিনে যেসব আয়োজন রেখেছিল বিসিবি, সেটির জন্যও বোর্ডের কাছে তার কৃতজ্ঞতার শেষ নেই। তার আশা, এসব দেখে আরও অনেকেই অনুপ্রাণিত হবে টেস্টে লম্বা ক্যারিয়ার গড়তে।

“সত্যি বলতে, বিসিবিকে ধন্যবাদ, সেদিন সকালের আয়োজনের জন্য। সত্যিই খুব ভালো লেগেছে এবং সম্মানিত বোধ করেছি। আমি মনে করি, এই স্বীকৃতিগুলো যদি থাকে, আমার মনে হয় যে কোনো ক্রিকেটার বলেন বা যে কোনো ব্যক্তি, তার জন্য বড় একটা প্রেরণা থাকবে। অন্তত এখন বাংলাদেশের অনেক ক্রিকেটারও ভাববে যে, তারাও ১০০ টেস্ট খেলতে পারে। এই স্বপ্নটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। তারা যেটা করেছে, যে সম্মানটা আমাকে দিয়েছে, সত্যিই উপভোগ করেছি ও সম্মানিত বোধ করেছি।”