২৫ মে পিএসএল ফাইনাল, পাকিস্তান-বাংলাদেশ সিরিজের ভবিষ্যৎ কী
ভারত-পাকিস্তানের অস্ত্রবিরতির পর বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে, তবে দুই দিন পিছিয়ে শুরু হতে পারে সিরিজ
যুদ্ধ পরিস্থিতি কাটিয়ে পুনরায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরুর ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এই সিরিজও হবে বলেই জানা গেছে। পরিবর্তন আসতে যাচ্ছে সিরিজের সূচিতে।
প্রতিবেশী দুই দেশের অস্ত্রবিরতির পর আগামী শনিবার শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, নতুন সূচিতে ২৫ মে হবে পিএসএল ফাইনাল।
সূচি অনুযায়ী, ২৫ তারিখেই বাংলাদেশ ও পাকিস্তানের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর কথা। পিএসএলের পরিবর্তিত সূচির পর এখন প্রশ্ন উঠছে বাংলাদেশের ওই সিরিজ নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানালেন, এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি কোনো।
"এই বিষয়েই এখন দুই দেশের বোর্ডের আলোচনা চলছে। সফরটা হবে কি না অথবা সূচি পিছিয়ে যাবে কি না, সেসব নিয়েই এখন কথাবার্তা হচ্ছে। সিদ্ধান্তের পর্যায়ে এখনও যাইনি আমরা। সব কিছু বিবেচনা করেই আসলে ফাইনাল একটা কল আসবে।"
বোর্ডের নানা সূত্র থেকে অবশ্য জানা গেছে, সফর নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। তবে পিএসএলের নতুন সূচির কারণে এই সিরিজের সূচি কয়েক দিন পিছিয়ে যেতে পারে।
পাকিস্তানের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার ঢাকা ছাড়বেন লিটন কুমার দাস, শেখ মেহেদি হাসানরা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৭ ও ১৯ মে হবে দুই ম্যাচ।
এরপর ২১ মে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশ দলের। নতুন সূচি চূড়ান্ত না হলেও, বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের পাকিস্তান সফরের প্রস্তুতি নিয়েই বুধবার দেশ ছাড়তে বলা হয়েছে। দুই-এক দিনের মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাওয়া যেতে পারে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি দুই দিন পিছিয়ে দেওয়ার চিন্তা করছে পিসিবি। আগামী ২৭ মে প্রথম ম্যাচের প্রস্তাব দিয়ে এরই মধ্যে নতুন সূচি বিসিবিতে পাঠিয়েছে তারা। দুই বোর্ডের সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত হবে সিরিজের সময়সূচি।
