২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে ‘খেলবেন না’ হাসারাঙ্গা

গোড়ালির গাঁটের চোটে ভুগছেন সানরাইজার্স হায়দরাবাদের এই লঙ্কান লেগ স্পিনিং অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2024, 09:42 PM

Updated : 31 Mar 2024, 09:42 PM

ইনজেকশন নিয়ে বাংলাদেশ সফরে খেলা ওয়ানিন্দু হাসারাঙ্গা এখন হিলের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে চান। তাই, পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে এবারের আইপিএলে ‘না খেলার সিদ্ধান্ত’ নিয়েছেন শ্রীলঙ্কার এই লেগ স্পিনিং অলরাউন্ডার। 

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ‘সানডে টাইমস’ কে বিষয়টি জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই হাসারাঙ্গার এমন সিদ্ধান্ত। 

“সে আইপিএলে অংশ নিচ্ছে না। কারণ চিকিৎসক তাকে পুনর্বাসনে থাকতে বলেছে। তার হিলে ফোলা আছে, এতদিন ইনজেকশন নিয়ে খেলছিল সে। তাই বিশ্বকাপের আগেই সে এই সমস্যার সমাধান করার সিদ্ধান্ত নিয়েছে, আর তাই এবছর আইপিএল না খেলার সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছে।” 

গত ডিসেম্বরের নিলাম থেকে হাসারাঙ্গাকে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। একটু দেরিতে হলেও তাকে পাওয়ার আশায় ছিল দলটি। কিন্তু তা আর হচ্ছে না। 

২০২২ সালের নিলাম থেকে হাসারাঙ্গাকে পৌনে ১১ কোটি রুপিতে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই বছর ১৬ ম্যাচ খেলে ওভারপ্রতি সাড়ে সাতের একটু বেশি রান দিয়ে ২৬ উইকেট নেন তিনি। একবার করে পান পাঁচটি ও চারটি করে উইকেট। 

গত আসরে অবশ্য নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি হাসারাঙ্গা। ৮ ম্যাচে উইকেট নিতে পারেন কেবল ৯টি। ওভারপ্রতি রান দেন প্রায় ৯ করে। এমন বিবর্ণ পারফরম্যান্সের পর তাকে ছেড়ে দেয় বেঙ্গালুরু। 

নিষেধাজ্ঞা থাকায় চলতি মাসের শুরুতে বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টির প্রথম দুটিতে খেলতে পারেননি হাসাঙ্গারা। তৃতীয় ম্যাচে ফিরে ২ উইকেট নেন এই সংস্করণের লঙ্কান অধিনায়ক।  ওয়ানডে তিনটি খেলে তার শিকার ৬ উইকেট। এই সিরিজে ইনজেকশন নিয়ে খেলা হাসারাঙ্গা পুরোপুরি সেরে না ওঠায় খেলবেন না চলতি আইপিএলে। 

হাসারাঙ্গার নতুন দল হায়দরাবাদ চলতি আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে একটিতে জয়ের স্বাদ পেয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে হার দিয়ে আসর শুরু করে তারা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পরের ম্যাচে জয় পায় আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে। গুজরাট টাইটান্সের বিপক্ষে রোববার আবারও পায় তারা হারের তেতো স্বাদ।