২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজের মাঝামাঝি গোলাপি বলে দুই দিনের ম্যাচ

অস্ট্রেলিয়ায় অ্যাশেজে দিন-রাতের টেস্টের আগে প্রস্তুতির ভালো সুযোগ পাচ্ছে ইংলিশরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 01:10 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ম্যাচটি আগামী অ্যাশেজে ইংল্যান্ড টেস্ট দলের একমাত্র প্রস্তুতি ম্যাচ, এমনটিই বলা হয়েছিল আগে। তবে সিরিজের মাঝে আরেকটি প্রস্তুতি ম্যাচ তারা পাচ্ছে। দুই দিনের ম্যাচটিতে ইংল্যান্ড একাদশ খেলবে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার’স একাদশের বিপক্ষে।

পার্থে প্রথম টেস্ট শেষে ক্যানবেরার মানুকা ওভালে আগামী ২৯ ও ৩০ নভেম্বর হবে দুই দিনের ম্যাচটি। গোলাপি বলে দিন-রাতের ম্যাচ হবে এটি। ব্রিজবেনে দিন-রাতের টেস্টের আগে তাই ভালো একটি প্রস্তুতির সুযোগ পাচ্ছে ইংলিশরা।

অস্ট্রেলিয়ায় সফরকারী দলগুলোর সঙ্গে এই প্রাইম মিনিস্টার’স একাদশের লড়াই চলে আসছে অনেক বছর ধরেই। তবে আগে এটি ছিল একদিনের ম্যাচ। তবে ২০২২-২৩ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের সফর দিয়ে এটি দুই দিনের ম্যাচে পরিণত হয়েছে। গত মৌসুমেও ভারতের বিপক্ষে দুই দিনের ম্যাচই ছিল। পরে বৃষ্টির কারণে প্রথম দিন ভেস্তে যাওয়ায় দ্বিতীয় দিনে তা একদিনের ম্যাচে রূপ দেওয়া হয়। 

আগামী ২১ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু এবারের অ্যাশেজ। এর আগে ১৩ থেকে ১৫ নম্বর পার্থের লিঙ্কন হিলে ইংল্যান্ড ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ডের টেস্ট দল। ম্যাচটি যদিও আদতে সেন্টার উইকেটে অনুশীলনের মতোই হবে, তার পরও প্রথম দিনের টিকেট সব বিক্রি হয়ে গেছে এর মধ্যেই।

অ্যাশেজের দ্বিতীয় টেস্ট ব্রিজবেনে শুরু ৪ ডিসেম্বর থেকে, যেটি হবে গোলাপি বলে দিন-রাতের টেস্ট। পরের তিন টেস্ট অ্যাডিলেইড, মেলবোর্ন ও সিডনিতে।