৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

এবার মিলারকে নিয়ে দুর্ভাবনায় দ. আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞ ব্যাটসম্যানের খেলা নিয়ে জেগেছে শঙ্কা।

এবার মিলারকে নিয়ে দুর্ভাবনায় দ. আফ্রিকা
ডেভিড মিলার। ছবি: এসএ টোয়েন্টি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 04:11 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার একের পর এক ক্রিকেটার চোট পাচ্ছেন। সেই তালিকায় নতুন সংযোজন ডেভিড মিলার। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের বৈশ্বিক আসরে খেলা নিয়ে জেগেছে শঙ্কা।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে সোমবার জোবার্গ সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পান মিলার। ধারণা করা হচ্ছে, পার্ল রয়্যালস অধিনায়কের চোট কুঁচকিতে।

পার্ল রয়‍্যালস ফিল্ডিংয়ের সময় ১৬তম ওভারে মাঠ ছেড়ে উঠে যান মিলার। তখনই তাকে নিয়ে উঁকি দিতে শুরু করে শঙ্কা। এরপর রান তাড়ায় যখন ব্যাটিংয়ে নামেননি তিনি, সেই শঙ্কা আরও বেড়ে যায়।

ম্যাচটি ৪৪ রানে হেরে যায় পার্ল রয়্যালস। তবে মিলারের দল আগেই জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের প্লে-অফে। আগামী বৃহস্পতিবার জোবার্গের বিপক্ষেই এলিমিনেটর ম্যাচ খেলবে পার্ল।

আসরের বাকি অংশে মিলারের খেলার সম্ভাবনা ক্ষীণ। নিজের চোট নিয়ে সোমবারের ম্যাচটি শেষে তেমন কিছু বলতে পারেননি মিলার। তবে খারাপ অনুভব করার কথা বলেছেন বিস্ফোরক ব্যাটসম্যান।

মিলার ছাড়াও চোটের সঙ্গে লড়ছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের আরও দুইজন। এসএ টোয়েন্টিতেই ফিল্ডিংয়ের সময় বেকাদায় পড়ে কাঁধে গুরুতর চোট পেয়েছেন ডনোভান ফেরেইরা। টুর্নামেন্টের চলতি আসর থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার।

গত ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ে চোট পান টনি ডি জর্জি। তিনিও সেরে ওঠার লড়াইয়ে আছেন।

আহমেদাবাদে আগামী ৯ ফেব্রুয়ারি কানাডা ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে গত আসরের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ হলো আফগানিস্তান, নিউ জিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।