শিরোপা জিতে রোহিত বললেন, ‘ঘরের মাঠের মতোই মনে হয়েছে’
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারি ছিল যেন নীল সমুদ্র।
চ্যাম্পিয়নের মেডেল গলায় ঝুলিয়ে যখন ধারাভাষ্যকার ইয়ান বিশপের সঙ্গে কথা বলতে এলেন রোহিত শার্মা, গ্যালারি থেকে গর্জন উঠল ‘রোহিত, রোহিত…।’ ম্যাচজুড়ে এভাবেই ভারতের জন্য গলা ফাটিয়েছেন দর্শকরা। শিরোপা জয়ের পর তাদের ধন্যবাদ জানাতে ভোলেননি ভারত অধিনায়ক। তার মনে হয়েছে, যেন ঘরের মাঠে খেলছে ভারত।
দুবাইয়ে রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জিল্যান্ডের আশা গুঁড়িয়ে টুর্নামেন্টের রেকর্ড তৃতীয় শিরোপা ঘরে তোলে ভারত। প্রতিপক্ষকে ২৫১ রান আটকে দিয়ে ৬ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় তুলে নেয় রোহিতের দল।
টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে দেশটিতে ভারতীয় দলকে যেতে দেয়নি তাদের সরকার। তাই ভারতের সবগুলো ম্যাচ হয়েছে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। ভারত ফাইনালে ওঠায় শিরোপার নিষ্পত্তিও হলো এখানেই।
ভারতীয় দলের একই মাঠে খেলার বাড়তি এই সুবিধা নিয়ে কম বিতর্ক হয়নি। চলমান এখনও। তবে শিরোপা জিততে হলে তো মাঠেও মেলে ধরতে হবে নিজেদের। টুর্নামেন্ট জুড়েই চমৎকার পারফরম্যান্স উপহার দেওয়া দলটি শেষ পর্যন্ত চুমু আঁকতে পেরেছে ট্রফিতে।
তাদের এই সাফল্যের পথচলায় আসর জুড়ে সমর্থন দিয়ে গেছেন দর্শকরা। ফাইনালেও এর ব্যতিক্রম হয়নি। অনুমতিভাবেই ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নেয় নীল সমুদ্রে। ম্যাচে তাদের গর্জন অনুপ্রেরণা যোগায় ভারতকে।
ম্যাচ শেষে তাই রোহিতের কণ্ঠে ঝরে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। তার মতে, ম্যাচের ফলাফলে এই সমর্থনও রেখেছে অবদান।
“যারা আমাদের সমর্থন করতে এসেছিল তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। সমর্থকরা ছিল অসাধারণ। দুবাই আমাদের ঘরের মাঠ নয়, কিন্তু তারা এটিকে আমাদের ঘরের মাঠ বানিয়েছে। খুবই তৃপ্তিদায়ক জয়।”
“ভক্তদের প্রতি কৃতজ্ঞতা। আমরা সত্যিই তাদের সমর্থনের কদর করি। এটা হয়তো তেমন প্রয়োজনীয় দেখায় না, তবে যখন তারা মাঠে থাকে, এটা পার্থক্য গড়ে দেয়।”
দলের ক্রিকেটারদের প্রশংসাও পঞ্চমুখ ছিলেন। বিশেষ করে, স্তুতির জোয়ারে ভাসিয়েছেন তিনি স্পিনারদের।
“প্রথম থেকে আমাদের স্পিনাররা… অনেক বেশি প্রত্যাশা ছিল তবে তারা কখনও হতাশ করেনি। এটা (দুবাইয়ের কন্ডিশন) তাদের সাহায্য করেছে এবং আমরা এই সুবিধা কাজে লাগিয়েছি। আমরা বোলিংয়ে খুবই ধারাবাহিক ছিলাম।”
টুর্নামেন্টে ভারতের প্রথম দুই ম্যাচে খেলেননি ভারুন চক্রবর্তী। গ্রুপ পর্বে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেই পাঁচ উইকেট নেন রহস্য এই স্পিনার। পরে সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া ও ফাইনালে কিউইদের বিপক্ষে ধরেন দুটি করে শিকার।
আলাদা করে ভারুনের প্রতি মুগ্ধতার কথাও বলেন রোহিত।
“তার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। এমন পিচে খেললে, তার মতো একজনকে দলে চাইবে যে কেউ। সে শুরুতে সুযোগ না পেলেও পরে খেলেছে এবং উইকেট নিয়েছে।”
