শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ খেলতে নিগারের আকুতি
গত ১০ বছরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি বাংলাদেশের মেয়েদের।
এই মাসেই নিগার সুলতানার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৭ বছর পূর্ণ হবে। আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি ৮৬টি। দেশের নেতৃত্বের ভার এখন এই কিপার-ব্যাটারের কাঁধেই। অবিশ্বাস্য হলেও সত্যি, এখনও পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। বাংলাদেশ নারী দলের অধিনায়ক তাই আগ্রহ নিয়ে অপেক্ষায়, ‘হোম অব ক্রিকেট’ নামে পরিচিত এই মাঠে কবে একটি ম্যাচ খেলতে পারবেন তিনি।
এমনিতে এই মাঠে ক্রিকেটের ব্যস্ততা কম নয়। পুরুষ জাতীয় দলের নিয়মিত খেলা তো আছে, বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলা, ইমার্জিং দলের ম্যাচ, বিপিএলসহ ঘরোয়া নানা টুর্নামেন্ট, এমনকি স্কুল ক্রিকেটের ফাইনাল, বিভিন্ন জাতীয় দিবসের প্রদর্শনী ক্রিকেটও হয় এই মাঠে। কিন্তু মেয়েদের খেলা এখানে রাখাই হয় না।
দেশের প্রধান ভেন্যুতে তাই এখনও দেশের জার্সি গায়ে নামা হয়নি অধিনায়কের। ২০১৫ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন নিগার। মিরপুরে বাংলাদেশের মেয়েদের খেলা রাখা হয় না আরও অনেক আগে থেকেই।
সেই ২০১২ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের খেলা ছিল এই মাঠে। এরপর দেশের মাঠে বাংলাদেশের মেয়েদের সামান্য যা কিছু আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, সবই কক্সবাজার আর সিলেটে।
মিরপুরের জিমে, একাডেমি মাঠে, নেটে মেয়েদের পদচারণা পড়ে ঠিকই। তবে ওসবে কী আর ম্যাচের স্বাদ মেটে!
মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বসে তাই নিগারের কণ্ঠে ঝরে পড়ল এখানকার সবুজ ময়দানে নামার আকুতি। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক বলে গেলেন, এই আঙিনায় খেলতে কতটা উদগ্রীব তারা।
“২০১৫ সাল থেকে জাতীয় দলে খেলছি, কখনও মিরপুরে খেলিনি। সালমা আপু, জাহানারা আপু, যারা সিনিয়র আছেন, তারা খেলার সুযোগ পেয়েছেন। আমার কাছে মনে হয়, সুযোগ শেষ হয়নি। সামনে যদি কোনো আন্তর্জাতিক সিরিজ থাকে, ক্রিকেট বোর্ডের কাছে আমাদের চাওয়া থাকবে যেন আমরা এই মাঠে খেলতে পারি।”
“অনেক সমর্থকও আছেন, যারা চান যে আমরা এখানে খেলি। বোর্ড আশা করি ভবিষ্যতে চেষ্টা করবে এখানে আয়োজনের জন্য।”
বিশ্বকাপ বাছাই শেষেই অক্টোবরে দেশের মাঠে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। তবে গোটা টুর্নামেন্টই হবে সিলেটে। তবে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ হতে পারায় এখন নিয়মিতই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। মিরপুরে খেলার সুযোগও তাই মিলতে পারে। যদি বিসিবি চায়!
