সাকিব-মুশফিকদের অনুশীলনে ‘সুনির্দিষ্ট কাজ’
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানালেন, সবাইকে নিজের ভূমিকা বুঝিয়ে দিয়ে সে অনুযায়ী অনুশীলনে করতে বলা হবে।
শেষটাই নাকি লোকের বেশি মনে থাকে। সে জন্যই হয়তো এশিয়া কাপের প্রস্তুতির শুরুতে ফিল্ডিংয়ে অনেক বেশি মনোযোগী দেখা গেল বাংলাদেশের ক্রিকেটারদের। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে যে তাদের ফিল্ডিং ছিল খুবই বাজে। সামনের দিনগুলোতে অবশ্য স্কিলের দিকেই বাড়বে মনোযোগ। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানালেন, সবার অনুশীলন হবে দলে তাদের ভূমিকা অনুযায়ী।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাংলাদেশের প্রস্তুতি। জেমি সিডন্সের সঙ্গে অনেকে ব্যক্তিগতভাবে অনুশীলন করছিলেন, এবার তারা পাচ্ছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং অ্যালান ডোনাল্ডদের সহায়তা।
মূল মাঠে ওয়ার্মআপ করার পর কেউ সেন্টার উইকেটে, কেউ ইনডোর স্টেডিয়ামে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেন। তবে ফিল্ডিং, বিশেষ করে ক্যাচিংয়ের দিকে ছিল বাড়তি মনোযোগ।
জিম্বাবুয়েতে কদিন আগে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। সেখানে প্রচুর সুযোগ হাতছাড়া করেন ফিল্ডাররা। এরপর ফিল্ডিংয়ে বাড়তি গুরুত্ব দেওয়াই স্বাভাবিক।
প্রথম দিনের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাহমুদ জানান, ছোট ছোট উন্নতির লক্ষ্য ঠিক করে দিয়ে প্রস্তুতি নিতে চান তারা।
“সুনির্দিষ্ট কাজ হবে। সুনির্দিষ্ট ভূমিকা যাদের আছে, ওপেনারদের কী ভূমিকা হবে, মিডল অর্ডারে গিয়ে কী ভূমিকা হবে, এই ভূমিকাগুলো সুনির্দিষ্ট করে দেওয়া। কেউ হয়তো এটা করতে গিয়ে ব্যর্থ হবে, তবে আমরা তাদের পাশে থাকতে চাই। তবে আমরা চাই ওরা যেন কাজটা যেন ওরা ভালোভাবে করতে পারে।”
মাত্র কদিন আগেই জিম্বাবুয়ে সফর থেকে ফিরলেন ক্রিকেটাররা। এর ঠিক আগেই ছিল ওয়েস্ট ইন্ডিজ সফর। টানা খেলার মধ্যেই আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাই মাহমুদের ধারণা, সবাই ভালো অবস্থানেই আছেন। এখন সময় নতুন অভিযানের জন্য নিজেদের গুছিয়ে নেওয়ার।
“একটা বিরতি ছিল, এই বিরতিটা দরকার ছিল। ফিটনেস নিয়ে সবাই হয়তো কাজ করেছে। কেউ হয়তো বা এখানে নিয়মিত অনুশীলনেও এসেছিল। আমার মনে হয়, সবাই ভালো শেইপে আছে।”
“(এশিয়া কাপে) ৩০ তারিখ আমাদের প্রথম ম্যাচ, হিসাব করলে এর আগে আমাদের আরও ৯ দিন সময় আছে। এর মধ্যে হয়তো ছয়-সাতটা অনুশীলন সেশন পাব। এর মধ্যে নিজেদের গুছিয়ে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই, এই তথ্যটা সবার কাছেই যাক, কী ধরনের ক্রিকেট আমরা খেলতে চাই।”
আগামী ৩০ অগাস্ট শারজাহতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একদিন পর দুবাইয়ে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এই গ্রুপ থেকে পেরিয়ে পরের ধাপে যাওয়া সহজ হবে না। শনিবার একটি অনুষ্ঠানে সাকিব বলেন, তিনি আশাবাদী।
“আমাদের আজকে অনুশীলন শুরু হয়েছে, কাল আর পরশু দুটা অনুশীলন ম্যাচ আছে। অনুশীলন ম্যাচ বলতে গেম সিনারিও। তারপর আমরা এশিয়া কাপের জন্য ২৩ তারিখে যাচ্ছি, ওখানে আমাদের ৬-৭ দিনের অনুশীলনের সময় থাকবে। আমাদের যে দলটা আছে, আমরা প্রস্তুতি নিয়ে দলগতভাবে ভালো কিছু করার চেষ্টা করব।”
প্রথম দিনের অনুশীলন পুরোপুরি ভালো যায়নি বাংলাদেশের। ফিল্ডিং করার সময় গোড়ালির গাঁটে চোট পান হাসান মাহমুদ। এতে তরুণ এই পেসারের এশিয়া কাপে খেলা নিয়ে জেগেছে শঙ্কা।
