২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যখন হাল ছেড়ে দিতে চেয়েছিলেন আফ্রিদি

দুই দফায় একই জায়গায় পাওয়া চোটে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন পাকিস্তানের এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2023, 09:18 PM

Updated : 01 Feb 2023, 09:18 PM

প্রথমবার দারুণ ফর্মে থাকা অবস্থায় হাঁটুর চোটে ছিটকে যান শাহিন শাহ আফ্রিদি। মাঠে ফিরে ছন্দ খুঁজে পেতেই ফের পড়েন একই চোটে। গত ছয় মাসে দুই দফার চোটে লম্বা সময় মাঠের বাইরে কেটেছে তার। আবার খেলায় ফেরার আগে পুনর্বাসনের কঠিন দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরেছেন পাকিস্তানের বাঁহাতি পেসার।

গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ফিল্ডিংয়ের সময় প্রথমবার হাঁটুর চোটে পড়েন আফ্রিদি। তিন মাসের বেশি সময় পর টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ফেরেন খেলায়। পাকিস্তানকে ফাইনালে তোলার পথে রাখেন দারুণ অবদান।

শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের হ্যারি ব্রুকের ক্যাচ নিতে গিয়ে আবারও তিনি চোট পান হাঁটুতে। আরেকবার ছিটকে যান মাঠের বাইরে। দীর্ঘ পুনর্বাসনের পর আসন্ন পাকিস্তান সুপার লিগে মাঠে নামার অপেক্ষায় ২২ বছর বয়সী এই পেসার। লাহোর কালান্দার্সের অধিনায়কত্ব করবেন তিনি।

আবার মাঠে ফেরার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিজিটাল প্ল্যাটফর্মে বুধবার নিজের পুনর্বাসনের গল্প শুনিয়েছেন আফ্রিদি।

“এমনও সময় ছিল যখন মনে হয়েছে, হাল ছেড়ে দেই। আমি শুধু একটি পেশির ওপর কাজ করছিলাম। কিন্তু এর কোনো উন্নতি হচ্ছিল না। পুনর্বাসন প্রক্রিয়া চলাকালে প্রায়ই মনে হতো, ‘যথেষ্ট হয়েছে! আমি আর করতে পারব না’।”

“তখন ইউটিউবে আমার বোলিংয়ের ভিডিও দেখতাম। দেখতাম, আগে কত ভালো করেছি। এটি আমাকে অনুপ্রাণিত করত। নিজেকে বলতাম, ‘আরেকটু চেষ্টা করো...' একজন ফাস্ট বোলারের জন্য চোটের কারণে খেলতে না পারা খুব হতাশার।”

চোটের কারণে গত বছরের এশিয়া কাপ খেলতে পারেননি আফ্রিদি। এ ছাড়া নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং বিশ্বকাপের পর ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট, নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলা হয়নি তার।

এর মধ্যে এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজ ছাড়া বাকি সবই ছিল পাকিস্তানের ঘরের মাঠে। তাই আফ্রিদির হতাশাটা আরও বেশি।

“চোটের কারণে নিজ দেশে হওয়া ম্যাচগুলি খেলতে না পারা খুব কষ্টের। টেস্টগুলোর আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলতে পারিনি। টেস্টগুলো খেলতে না পারায় খুবই হতাশ হয়ে পড়েছিলাম। কারণ আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি। টেস্টের পারফরম্যান্স দিয়েই একজন বোলারকে মূল্যায়ন করা হয়। ইংল্যান্ডের বিপক্ষে উইকেট নেওয়ার ইচ্ছা ছিল আমার।”

খেলতে না পারলেও দলের পেসারদের সঙ্গে যোগাযোগ ঠিকই রেখেছিলেন আফ্রিদি।

“ফোনে ছেলেদের সঙ্গে সবসময় কথা হতো আমার। নাসিম (শাহ) খুব জোরে বোলিং করে এবং তার চিন্তাভাবনা খুব পরিষ্কার। সে জানে ঠিক কী করতে হবে। হারিস রউফের সঙ্গে প্রতিদিন কথা হতো। অন্য বোলারদের সঙ্গেও যোগাযোগ ছিল, যারা টেস্ট খেলেছে।”

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় পাকিস্তান। বাইরে বসে তা দেখে নিজে কিছু করতে না পারার আক্ষেপে পুড়েছেন আফ্রিদি।

“মুলতান টেস্ট দেখার সময় (পাকিস্তানের হয়ে খেলার তীব্র ইচ্ছা) জেগেছিল। শেষ দিকের ব্যাটসম্যানরা ম্যাচটা শেষ করতে পারেনি। তখন কয়েকটা ছক্কা মেরে পাকিস্তানকে জেতানোর ইচ্ছা জাগে। এ ছাড়া যখন তারা (ইংল্যান্ড) অনেক রান করছিল, তখন বল হাতে অবদান রাখতে চাচ্ছিলাম।”