২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন অ্যান্ডারসন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট হবে দেশের হয়ে ইংলিশ কিংবদন্তির শেষ ম্যাচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2024, 06:05 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

আসছে ঘরোয়া গ্রীষ্মে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিতে পারেন জেমস অ্যান্ডারসন, শোনা যাচ্ছিল এমন গুঞ্জন। সেটিকেই সত্যি প্রমাণ করে অবসরের ঘোষণা দিলেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট শেষে ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন ইংলিশ কিংবদন্তি।

আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ১০ জুলাই লর্ডসে গড়াবে দুই দলের প্রথম টেস্ট। এটিই হবে ইংল্যান্ডের জার্সি গায়ে অ্যান্ডারসনের শেষ ম্যাচ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার অবসরের দিনক্ষণ জানিয়ে ৪১ বছর বয়সী অ্যান্ডারসন লিখেছেন, “শুধু এটুকু বলে রাখি, লর্ডসে গ্রীষ্মের প্রথম টেস্টই হবে আমার শেষ টেস্ট।”

অ্যান্ডারসনের অবসর নিয়ে ইংলিশ ক্রিকেটে আলোচনা চলছে অনেক দিন ধরেই। তবে এসব একদমই কানে নিতেন না তিনি। আসছে ঘরোয়া গ্রীষ্মে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে ছয়টি টেস্টই খেলার ইচ্ছা ছিল ডানহাতি এই পেসারের। উড়িয়ে দেননি তিনি ২০২৫-২৬ অ্যাশেজ খেলার সম্ভাবনাও।

ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে টেস্ট দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে সম্প্রতি আলোচনায় বসেন অ্যান্ডারসন, শুক্রবার দা গার্ডিয়ানে এমন খবর ছাপা হয়। এর পরদিনই বিদায়ের কথা জানিয়ে দিলেন ৭০০ টেস্ট উইকেট নেওয়া ইতিহাসের প্রথম পেসার ও তৃতীয় বোলার।

লর্ডসেই ২০০৩ সালে টেস্টের আঙিনায় পা রাখেন অ্যান্ডারসন, জিম্বাবুয়ের বিপক্ষে। এই সংস্করণে তার চেয়ে বেশি উইকেট আছে আর কেবল দুই কিংবদন্তি স্পিনার শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধারান (৮০০) ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের (৭০৮)। ইনিংসে ৩২বার করে পাঁচ ও চার উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে ১০ উইকেট আছে তিনবার।

এখন পর্যন্ত ১৮৭টি টেস্ট ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। তার চেয়ে এই সংস্করণে বেশি ম্যাচ খেলছেন কেবল ভারতের সাচিন টেন্ডুলকার, ২০০টি। অ্যান্ডারসসের মতে, তার দীর্ঘ এই ক্যারিয়ারের ইতি টানার ও নতুনদের সুযোগ করে দেওয়ার এটাই সঠিক সময়।

“২০ বছর (আসলে ২২ বছর) দেশের প্রতিনিধিত্ব করতে পারা, যে খেলাটাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি, সেটা খেলতে পারা ছিল অবিশ্বাস্য। ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামা খুব মিস করব। তবে আমি জানি, সরে দাঁড়ানোর এবং অন্যদেরও তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দেওয়ার এটাই সঠিক সময়, যেমনটা আমি পেয়েছিলাম। কারণ দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে বড় অনুভূতি আর কিছু হতে পারে না।”

লম্বা এই সময়ে তাকে সমর্থন দেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অ্যান্ডারসন।

“ড্যানিয়েলা, লোলা, রুবি ও আমার বাবা-মায়ের ভালোবাসা এবং সমর্থন ছাড়া আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে খেলোয়াড় ও কোচদেরও ধন্যবাদ, (আমার কাছে) যারা এই খেলাকে বিশ্বের সেরা দায়িত্বে পরিণত করেছেন।”

“সামনের নতুন চ্যালেঞ্জগুলোর জন্য রোমাঞ্চিত বোধ করছি, পাশাপাশি আরও বেশি সময় গলফ খেলার সুযোগ পাব। বছরের পর বছর ধরে যারা আমাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমার কাছে সবসময়ই এর গুরুত্ব অনেক।”

ইসিবির বিবৃতিতে চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেন, অ্যান্ডারসনের মতো একজনের খেলা দেখতে পারা তার জন্য অনেক বড় সম্মানের।

“আমার মনে হয় না জিমির মানের কোনো বোলারকে আমরা আর কখনো দেখতে পাব। একজন ইংল্যান্ড সমর্থক হিসেবে তার খেলা দেখা এবং বল হাতে তার দক্ষতা দেখে বিস্মিত হওয়াটা আমার জন্য সম্মানের। ৪১ বছর বয়সে এখনও সেরা অবস্থায় থাকা অসাধারণ ব্যাপার। সতীর্থ ও তরুণ প্রজন্মের জন্য তিনি সত্যিকারের অনুপ্রেরণা এবং আদর্শ।”

অনেক বছর ধরে ইংল্যান্ডের হয়ে কেবল টেস্ট ক্রিকেটই খেলছেন অ্যান্ডারসন। জাতীয় দলের হয়ে ১৯৪ ওয়ানডের সবশেষটি তিনি খেলেছেন ২০১৫ বিশ্বকাপে। এই সংস্করণে তার শিকার ২৬৯ উইকেট। ২০০৯ সালে খেলেছেন ১৯ টি-টোয়েন্টির সবশেষটি, উইকেট মোট ১৮টি।

ক্যারিবিয়ানদের বিপক্ষে লর্ডস টেস্টের পর কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে অ্যান্ডারসন খেলা চালিয়ে যাবেন কিনা, সেটা এখনও নিশ্চিত নয়।