১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার

ইংল্যান্ডে পুলিশের তদন্তে দোষ প্রমাণিত হয়নি গত বিপিএলে খেলে যাওয়া পাকিস্তানি ব্যাটসম্যানের বিরুদ্ধে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 12:40 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেন হায়দার আলি। ইংল্যান্ডে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন পাকিস্তানের এই ব্যাটসম্যান। তার বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট প্রমাণ পায়নি গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। 

যুক্তরাজ্য পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ইংল্যান্ড ছাড়তে এখন কোনো বাধা নেই পাকিস্তানের এই ক্রিকেটারের।

গত ৭ অগাস্ট বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, গ্রেটার ম্যানচেস্টার পুলিশের অপরাধ তদন্তের আওতায় রাখা হয়েছে পাকিস্তানের ব্যাটসম্যান হায়দারকে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যানকে সাময়িকভাবে নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

অভিযোগের বিস্তারিত তখন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, অভিযোগটি ধর্ষণের। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ব্রিটিশ-পাকিস্তানি এক নারী।

পাকিস্তান শাহিন্সের (‘এ’ দল) হয়ে জুলাইয়ে ইংল্যান্ড সফরে যান হায়দার। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২৩ জুলাই ম্যানচেস্টারে ওই নারীর সঙ্গে দেখা হয় হায়দারের। সেদিনই ম্যানচেস্টারের একটি হোটেলে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ ওই নারীর। পরে ১ অগাস্ট অ্যাশফোর্ডে আবার দুজনের সাক্ষাৎ হয়। ওই নারী পুলিশে অভিযোগ করেন ৪ অগাস্ট।

ওই দিনই হায়দারকে গ্রেপ্তার করা হয়। তবে দ্রুতই জামিনে ছেড়ে দেওয়া হয়। তদন্তে সহয়তার জন্য ইংল্যান্ডেই রয়ে যেতে হয় তাকে।

হায়দার তখন বলেছেন, এই নারীকে তিনি চেনেন। তবে নির্যাতনের অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করছিলেন। 

প্রায় এক মাস তদন্তের পর গ্রেটার ম্যানচেস্টার পুলিশ ও যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, মামলার কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। হায়দারকে পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তার দেশে ফিরতে বাধা নেই।

অভিযোগ ওঠার পর সাময়িকভাবে নিষিদ্ধ করা হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে সবরকম আইনি সহায়তার নিশ্চয়তা দিয়েছিল। তার পক্ষ হয়ে লড়েছেন ব্যারিস্টার মইন আলি। অভিযোগ থেকে মুক্তির পর এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বোর্ডের পক্ষ থেকে। 

পাকিস্তানের হয়ে দুটি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন হায়দার। পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ২০১৯ সালে বাংলাদেশে খেলে গেছেন ইমার্জিং টিমস এশিয়া কাপে। এছাড়াও ২০২২-২৩ বিপিএলে একটি ম্যাচ খেলেন তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে, গত বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলেন তিনি ১২টি ম্যাচে।