ওভারে ৬টিসহ ১৬ ছক্কায় ভুর্তেলের ১২৯, ২০ ওভারে নেপালের ৩১৩
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন কয়েকটি কীর্তি গড়ল নেপাল, যা পারেনি আর কোনো দল।
ইনিংসের নবম ওভার শুরুর আগে কুশাল ভুর্তেলের রান ছিল ৫৭। ওভার শেষে তিনি পৌঁছে গেলেন নব্বইয়ের ঘরে! এক ওভারেই যে ছয়টি ছক্কা হাঁকালেন নেপালের এই ওপেনার। তার নাম উঠে গেল রেকর্ড বইয়ে।
ওই ছয়টিই শুধু নয়, পুরো ইনিংসে ভুর্তেল ছক্কা হাঁকালেন আরও ১০টি। ১৬ ছক্কা ও পাঁচ চারে ৪৩ বলে খেললেন ১২৯ রানের টর্নেডো ইনিংস।
এশিয়ান গেমসের বাছাইপর্বের ম্যাচে রোববার চীনের বিপক্ষে ওই তাণ্ডব চালান ভুর্তেল। সিঙ্গাপুর ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে নবম ওভারে বাঁহাতি স্পিনার চেন ঝুওকে ছয়টি ছক্কা মারেন তিনি।
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়লেন ভুর্তেল। নেপাল প্রথম দল, যাদের দুই জন ব্যাটসম্যান পেলেন এই স্বাদ।
২০০৭ বিশ্বকাপে ভারতের ইউভরাজ সিং প্রথম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়েন ইংল্যান্ডের বিপক্ষে। ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সেটির পুনরাবৃত্তি করেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড।
২০২৪ সালে কাতারের বিপক্ষে নেপালের দিপেন্দ্রা সিং আইরি, একই বছর ভানুয়াতুর বিপক্ষে সামোয়ার দারিউস ভিসার ও ২০২৫ সালে জিব্রাল্টারের বিপক্ষে বুলগেরিয়ার মানান বাশির এই স্বাদ পান।
ছয় ছক্কা ও একটি ওয়াইডসহ ওই ওভারে চেন ঝুও দেন মোট ৩৭ রান, এই সংস্করণে এক ওভারে যা কোনো বোলারের দ্বিতীয় সর্বোচ্চ। সামোয়ার বিপক্ষে ছয় ছক্কা হজমের ওভারে তিনটি ‘নো’ বলসহ মোট ৩৯ রান দিয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি ভানুয়াতুর নালিন নিপিকোর।
চেন ঝুও ওই একটি ওভার ছাড়া আর বোলিং করেননি। তার ইকোনমি রেট ৩৭, এই সংস্করণে ইনিংসে অন্তত এক ওভার বোলিং করা বোলারদের মধ্যে যা সর্বোচ্চ।
ভুর্তেলের ১৬ ছক্কা নেপালের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ। ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে কুশাল মাল্লার ১২ ছক্কা ছিল আগের রেকর্ড।
বিশ্ব রেকর্ডের তালিকায় ভুর্তেল আছেন যৌথভাবে তিন নম্বরে, আফগানিস্তানের হাজরাতউল্লাহ জাজাই ও নিউ জিল্যান্ডের ফিন অ্যালেনের সঙ্গে। ১৭ ছক্কা হাঁকিয়ে স্পেনের মোহাম্মাদ ইহসান দুইয়ে ও ১৮ ছক্কা মেরে এস্তোনিয়ার সাহিল চৌহান আছেন শীর্ষে।
ভুর্তেল সেঞ্চুরি পূর্ণ করেন ৩৫ বলে, নেপালের হয়ে যা দ্বিতীয় দ্রুততম। মঙ্গোলিয়ার বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি মাল্লার। ভুর্তেলের ১২৯ নেপালের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, এখানেও তার ওপরে আছেন মাল্লা, অপরাজিত ১৩৭।
ভুর্তেলের সেঞ্চুরি, মাল্লা (৪৭ বলে ৮৫*) ও রোহিত পাউডেলের (২১ বলে ৬৯*) ফিফটিতে ২০ ওভারে ২ উইকেটে ৩১৩ রান করে নেপাল। এই সংস্করণে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি।
প্রথম দল হিসেবে দুইবার তিনশ ছোঁয়া সংগ্রহ গড়ল নেপাল। ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান করেছিল তারা। ২০২৪ সালে গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান করে সর্বোচ্চ সংগ্রহের বিশ্ব রেকর্ড জিম্বাবুয়ের।
চীনকে ৯২ রানে গুটিয়ে নেপাল ম্যাচ জিতে নেয় ২২১ রানে। এই সংস্করণে রানের হিসাবে তাদের দ্বিতীয় বড় জয় এটি। মঙ্গোলিয়ার বিপক্ষে ২৭৩ রানে জয় দলটির রেকর্ড।
প্রথম দল হিসেবে দুইবার ২০০ বা এর বেশি রানে জিতল নেপাল।
বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মাল্লা বিস্ফোরক ইনিংসের পর বল হাতেও আলো ছড়ান। ১.২ ওভারে কোনো রান না দিয়ে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার তিনিই।
