মাইলফলক ছুঁয়ে বাবর আজম বললেন, ‘ভাবতেও পারিনি’
‘বল-বয় থাকার দিনগুলিতে ভাবতেও পারিনি এত দূর আসব’, বললেন পাকিস্তানি অধিনায়ক।
গল্পটি আগেও নানা সময়ে করেছেন বাবর আজম। এক সময় তিনি ছিলেন বল-বয়। চোখে স্বপ্নের আবির মেখে দিন গুনতেন দেশের হয়ে খেলার। তবে সেই স্বপ্নেরও তো সীমানা আছে! পাকিস্তানের হয়ে শততম টি-টোয়েন্টি খেলার পর পাকিস্তানের অধিনায়ক বললেন, এতটা তিনি কল্পনাও করতে পারেননি।
নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ছিল বাবরের শততম টি-টোয়েন্টি। নিজের শহর লাহোরে শুক্রবার ব্যাট হাতে ম্যাচটি রাঙাতে পারেননি তিনি। আউট হয়ে যান ৭ বলে ৯ রান করেই। তবে দলের জয়ের চেয়ে বড় প্রাপ্তি তো আর নেই। কিউইদের ৮৮ রানে উড়িয়ে দিয়ে সিরিজ শুরু করে বাবরের দল।
পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে একশ টি-টোয়েন্টি খেললেন বাবর। তার আগে এই কৃতিত্ব ছিল কেবল শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের।
লাহোরের এই গাদ্দাফি স্টেডিয়ামেই এক সময় বল-বয় ছিলেন বাবর। সেই মাঠেই নিজের শততম টি-টোয়েন্টি খেলার পর তিনি বললেন, কল্পনাকেও ছাড়িয়ে গেছে তার বাস্তব।
“কখনও এতটা ভাবতে পারিনি। প্রত্যাশা করতে পারিনি যে এত দূর আসব। এই মাঠে সীমানা দড়ির বাইরে বল-বয় হিসেবে ছুটোছুটি করার দিনগুলি আমার এখনও মনে আছে। সেখান থেকে আজকে আমি এখানে… এটা অনেক বড় সম্মান।”
বাবরের মতো এই ম্যাচে ভালো করতে পারেননি তার উদ্বোধনী জুটির সঙ্গী মোহাম্মদ রিজওয়ানও (৮)। তবে তিনে নেমে ফখর জামান করেন ৩৪ বলে ৪৭, চারে নেমে সাইম আইয়ুব খেলেন ২৪ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস।
পাকিস্তান শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ১৮২ রান। সেই রানের জবাবে কোনো লড়াই জমাতেই পারেনি নিউ জিল্যান্ড। গুটিয়ে যায় তারা স্রেফ ৯৪ রানে।
ম্যাচ শেষে বাবরের মুখে উচ্ছ্বসিত প্রশংসা ঝরল সাইমকে নিয়ে। গত বিপিএলে রংপুর রাইডার্সে ছিলেন ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান। পরে তিনি ঝড় তোলেন পিএসএলে। ৩৪১ রান করেন ১৬৫.৫৩ স্ট্রাইক রেটে। এই পারফরম্যান্সেই সুযোগ পেয়ে যান কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পাকিস্তান দলে।
ওই সিরিজের প্রথম দুই ম্যাচে ১৭ ও শূন্য রানে ফিরলেও শেষ ম্যাচে খেলেন ৪৯ রানের ইনিংস। এরপর এবার নিউ জিল্যান্ডের বিপক্ষে এই ইনিংস। ম্যাচের পর সাইমের প্রশংসায় যেন ভাষা খুঁজে পাচ্ছিলেন না অধিনায়ক বাবর।
“দ্রুত দুই উইকেট পড়ার পর ফখর ও সাইম ইনিংস খুব ভালোভাবে গড়েছে। সাইমের প্রশংসা যতই করি, ততই কম হবে। সে দ্রুত শিখছে এবং দাপট দেখাচ্ছে। তার ভবিষ্যতের জন্য শুভ কামনা এবং আশা করি যে, এভাবেই সে এগিয়ে যাবে।”
সিরিজের পরের ম্যাচ শনিবার।
