‘হতে পারে, পাপন ভাই আমাকে চাপে রাখতে চান’
অধিনায়কত্বের ভার কাঁধে তুলে দিলে চাপে রাখার সুযোগ থাকে, টি-টোয়েন্টির নেতৃত্বে ফেরা প্রসঙ্গে হাসতে হাসতে বললেন সাকিব আল হাসান।
২২ গজে যেমন বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা সাকিব আল হাসান, তেমনি মাইক্রোফোনের সামনেও অনেক সময় তিনি উসকে দেন আগুন। বিতর্কিত অনেক কিছুতেই তিনি নানা সময়ে যেমন সোজা-সাপ্টা উত্তর দিয়ে দেন, তেমনি অনেক সময় তার কথায় ইঙ্গিত থাকে অনেক কিছুর। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ফেরা নিয়েও যেমন তিনি করলেন কৌতূহল জাগানিয়া মন্তব্য।
সম্প্রতি টি-টোয়েন্টির নেতৃত্বে ফেরায় একটি চক্র পূরণ হয় সাকিবের। ২০১৯ সালে আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার সময় বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন তিনি। পরের বছর শেষ হয় তার নিষেধাজ্ঞা। পরে খেলোয়াড় হিসেবেই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মুমিনুল হকের বাজে ফর্মের কারণে গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে টেস্ট অধিনায়ক করা হয় সাকিবকে।
এরপর কদিন আগে টি-টোয়েন্টি দলের ভারও তুলে দেওয়া হয় তার কাঁধে। এমন একটা সময়ে তাকে অধিনায়কত্ব দেওয়া হয়, যখন তিনি বিতর্কের কেন্দ্রে ছিলেন মাঠের বাইরের কাণ্ডে। একটি অনলাইন বেটিং সাইটের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করায় আলোচনায় উঠে আসেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান হুঁশিয়ারি করে দিয়েছিলেন যে, ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না বাংলাদেশ ক্রিকেটের।
সাকিব পরে সেই চুক্তি বাতিল করেন। ঘটনার রেশ থাকতে থাকতেই তাকে টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করে বিসিবি।
এবারই প্রথম নয়, ক্যারিয়ার জুড়ে মাঠের ভেতরে-বাইরে অসংখ্য বিতর্কে জড়ানোর ঘটনা তার আছে। পারফরম্যান্সে যেমন তিনি সেরা, এখানেও তেমনি সবার ওপরে। এরপরও বিসিবি তার ওপরই নেতৃত্বের গুরু দায়িত্ব দিয়েছে বারবার।
এই দফায় টি-টোয়েন্টি নেতৃত্বে ফেরার প্রসঙ্গে সোমবার বিসিবিতে সংবাদ সম্মেলনে সাকিবের অকপট মন্তব্য, “একটা হতে পারে, পাপন ভাই আমাকে চাপে রাখে (হাসি)। এটা থাকলে (অধিনায়কত্ব) একটা চাপে রাখার সুযোগ থাকে।”
পরমুহূর্তেই অবশ্য নিজেকে সামলে একটু সিরিয়াস ভঙ্গিতে বললেন, “আমার কাছে মনে হয় যেহেতু চ্যালেঞ্জিং জায়গা এটা (অধিনায়কত্ব) এবং বোর্ড মনে করেছে যে, চ্যালেঞ্জিং জায়গাটাতে আমি সেরা বিকল্প তাদের কাছে, হয়তো সে কারণে আমাকে করেছে।”
সাকিবের কথায় ইঙ্গিত, নেতৃত্ব নিতে তার আগ্রহ বা প্রস্তুতি খুব একটা ছিল না। তবে এখন তিনি ব্যাপারটি উপভোগ করছেন বলেই জানালেন।
“উমমম, কঠিন প্রশ্ন (নেতৃত্বের আগ্রহ ছিল কিনা) …আমি জানি না কতটুকু (আগ্রহ ছিল)… তবে এখন আমি অনেক অনুপ্রাণিত। চেষ্টা করব আমার যে অভিজ্ঞতা আছে, সেটা দিয়ে যতটুকু দলকে ভালো করানোর চেষ্টা করা যায়।”
টি-টোয়েন্টিতে ক্রমাগত ভুগতে থাকা দলকে পথে ফেরানো ও নতুন মন্ত্রে উদ্বুদ্ধ করার আশা নিয়ে সাকিবকে নেতৃত্বে ফিরিয়েছে বিসিবি। টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিজ্ঞতা অনেক, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলেছেন। এই সংস্করণের ভেতর-বাহির তার জানা আছে ভালোভাবেই।
তবে সাকিব নিজে কোনো উচ্চাশা দেখাচ্ছেন না। নেতৃত্বে ফিরেই দলের খোলনলচে পাল্টে দেবেন, এমন কোনো ভাবনাও তার নেই।
“আমি এসেই কিছু বদলে দেব, আমার মনে হয় না এটা একটা ঠিক চিন্তা। একটা প্রতিষ্ঠান যখন একজনকে দায়িত্ব দেয়, তাঁর নির্দিষ্ট কিছু কাজ থাকে। আমার চেষ্টা থাকবে সেই কাজগুলো করার। এমন নয় যে অনেক পরিবর্তন করতে হবে। এখানে যা আছে, এগুলোকেই কিভাবে ভালোভাবে ব্যবহার করে কীভাবে ভালো রিটার্ন অব ইনভেস্টমেন্ট পেতে পারি, সেটাই আমার চিন্তা।”
আগামী ৩০ অগাস্ট আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচ দিয়ে শুরু হবে এই দফায় টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সাকিবের পথচলা।
