এশিয়ান গেমস ক্রিকেটে আবাসন সংকটের অভিযোগ নিয়ে আয়োজকদের জবাব
ক্রিকেটারদের আবাসন ব্যবস্থা নিয়ে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের মতো দলগুলি সন্তুষ্ট নয় বলে খবর প্রকাশিত হয়েছিল।
আইচি-নাগোয়া এশিয়ান গেমস ক্রিকেটে আবাসন সংকট নিয়ে নানা খবর প্রকাশিত হওয়ার পর প্রথমবারের মতো আয়োজকদের আনুষ্ঠানিক বক্তব্য জানা গেছে। উদ্বেগ প্রশমিত করার চেষ্টা করে আয়োজকরা নিশ্চিত করেছেন যে, এই আয়োজনের জন্য নিবন্ধিত ১৭ হাজারের বেশি ক্রীড়াবিদ ও কর্মকর্তার থাকার উপযু্ক্ত ব্যবস্থা করা হয়েছে।
মূল পূর্বাভাসের চেয়ে অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায়, আয়োজকরা তা মোকাবেলার উপায় খতিয়ে দেখছে বলে স্বীকার করার কয়েকদিন পর, এশিয়ান গেমস আয়োজক কমিটি এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়।
জাপানের নাগোয়া শহরে আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমসের বৃহত্তম আসর। ক্রিকেট শুরু হয়ে যাবে এর দুই দিন আগেই।
এশিয়ান গেমসে ক্রিকেটারদের আবাসন ও সুযোগ-সুবিধা নিয়ে ভারতের ক্রিকেট বোর্ড অসন্তুষ্ট, এমন খবর প্রকাশের কয়েকদিন পরই আনুষ্ঠানিক বিবৃতিটি এলো।
এশিয়ান গেমস ক্রিকেটে এবার ছেলেদের আসরে অংশ নিচ্ছে ১০ দল, মেয়েদের আসরে ৮টি। ছেলেদের ক্রিকেটে এই মুহূর্তে এশিয়ার সেরা শক্তি ভারত প্রথমবারের মতো পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে এবার। মেয়েদের ক্রিকেটেও তাদের জাতীয় দলই অংশ নেবে। তবে বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে দাবি করা হয় যে, সুযোগ-সুবিধার উন্নতি না হলে ‘বি’ দল পাঠানোর কথা ভাবছে ভারত।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, ক্রিকেটারদের আবাসনের তিনটি বিকল্প দেওয়া হচ্ছে: কোনো শহরে থেকে বুলেট ট্রেনে করে ভেন্যুতে যাওয়া, জাহাজে থাকা, অথবা বিশেষায়িত তাঁবুতে থাকার ব্যবস্থা বেছে নেওয়া। কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মতো শীর্ষ দলগুলোকে সন্তুষ্ট করতে পারেনি এই তিন ব্যবস্থার কোনোটিই।
বিভিন্ন সিরিজ, টুর্নামেন্টে ক্রিকেটারদের সাধারণত উন্নতমানের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়।
ক্রিকেটের আবাসন ব্যবস্থা নিয়ে নানা খবরের প্রেক্ষিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া একটি বিবৃতিতে নিজেদের অবস্থান তুলে ধরে।
“এশিয়ান গেমসের অফিসিয়াল অংশগ্রহণকারীদের জন্য আবাসন ব্যবস্থা সংক্রান্ত সমস্যা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত ভুল প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এবং আইচি নাগোয়া এশিয়ান গেমস আয়োজক কমিটি নিম্নলিখিত বিষয়টি নিশ্চিত করছে: জুলাই মাসে নাম দিয়ে নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার আগে এশিয়ান গেমসের জন্য নিবন্ধিত ১৭ হাজারের বেশি ক্রীড়াবিদ এবং কর্মকর্তাকে গেমস-উপযোগী আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
বিশেষ পরিস্থিতি না থাকলে, আর কোনো নিবন্ধনের অনুমতি দেওয়া হয়নি বা হবে না। প্রজন্মের মধ্যে সবচেয়ে জমকালো এশিয়ান গেমস হতে চলেছে এবার এবং এমন আয়োজনের আগে চূড়ান্ত প্রস্তুতি সঠিক পথে এবং মসৃণভাবে এগিয়ে চলছে।”
১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত নাগোয়া এবং বৃহত্তর আইচি অঞ্চল জুড়ে অনুষ্ঠেয় গেমসের জন্য ১৭ হাজারের বেশি অংশগ্রহণকারী নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় ১১ হাজার ক্রীড়াবিদ এবং ৬ হাজার কর্মকর্তা। এই অপ্রত্যাশিতভাবে বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর থাকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে যেহেতু এই গেমসে কোনো প্রথাগত গেমস ভিলেজ থাকছে না।
আবাসনের পরিকল্পনার মধ্যে রয়েছে হোটেল, নাগোয়ায় অস্থায়ী কাঠের স্থাপনা এবং কোস্টা সেরেনা ক্রুজ জাহাজ, যেখানে প্রতিযোগিতা চলাকালীন প্রতিযোগী ও কর্মকর্তারা থাকবেন।
গেমসে অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি নিয়ে গত সপ্তাহে উদ্বেগ প্রকাশ করেন আয়োজক কমিটির প্রধান ও আইচি প্রিফেকচারের গভর্নর হিদেয়াকি ওমুরা। তিনি জানান যে, আয়োজক শহর চুক্তিতে উল্লেখিত শর্তানুযায়ী, গেমসটি মূলত ১৫ হাজার অংশগ্রহণকারীর কথা মাথায় রেখে পরিকল্পনা করা হয়েছিল।
গেমস শুরু হতে বাকি নেই আর তিন সপ্তাহও। এখন মূল প্রত্যাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়া অংশগ্রহণকারীর সংখ্যা সামাল দেওয়ার পাশাপাশি এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে আয়োজকদের।
