২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাসকিনের ৭ উইকেট তাসফিনের জন্য

রেকর্ড বইয়ে ঝড় তোলা বোলিং পারফরম্যান্স নিজের ছেলেকে উৎসর্গ করলেন তাসকিন আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2025, 06:49 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

সামাজিক মাধ্যমে ‘তাসফিন আহমেদ রিহান’ প্রোফাইলের পুরোটা জুড়ে কেবল তাসকিন আহমেদ। বাবার যে কোনো সাফল্যে ছেলের এই প্রোফাইলে নিয়মিতই থাকে উচ্ছ্বাস আর ভালোবাসার বার্তা। এবার বিপিএলে রেকর্ড বইয়ে ঝড় তুলে এই অর্জন তাসফিনকেই উৎসর্গ করলেন তারকা পেসার।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই ৭ উইকেট শিকার করেন তাসকিন। ৪ ওভারে তিনি খরচ করেছেন মাত্র ১৯ রান। 

বাংলাদেশের বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে এটিই সেরা বোলিং। বিপিএলের ইতিহাসেও এর আগে কোনো বোলার এক ম্যাচে পাননি ৭ উইকেট। 

প্রথম দুই ওভারে একটি করে উইকেট নেওয়া তাসকিন তৃতীয় ওভারে নেন আরও দুটি। এরপর শেষ ওভারে চার বলে তিন উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়া বিশ্বের তৃতীয় বোলার হয়ে যান তিনি। 

পরে এনামুল হক ও রায়ান বার্লের ব্যাটিংয়ে ৭ উইকেটের অনায়াস জয় পায় দুর্বার রাজশাহী। অনুমেয়ভাবেই ম্যাচ সেরার পুরস্কার পান তাসকিন। 

গত সোমবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৩ উইকেট পেয়েছিলেন তাসকিন। সেই ম্যাচটি গ্যালারিতে বসেই দেখে তার ৬ বছর বয়সী ছেলে তাসফিন। তাসকিনের ৭ উইকেট নেওয়ার দিন অবশ্য মাঠে ছিল না তাসফিনের উপস্থিতি। 

তবে সংবাদ সম্মেলনে তাসকিন বললেন, সবসময়ই ছেলের কাছ থেকে অনুপ্রেরণা পান তিনি।

“আমি যখন ভালো করি, উইকেট পাই আমার ছেলে, আমার বাবা খুব খুশি হন। তাদের সমর্থন আমার একটা অনুপ্রেরণা। কারণ আমি যেদিন ভালো বোলিং করতে পারি না, তাসফিন অনেক মন খারাপ করে। আজকে আমি নিশ্চিত, ও অনেক খুশি। তো এটা তাসফিনের জন্য।”