২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টিকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

ভারতের বিপক্ষে চলতি সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার, তবে ওয়ানডে চালিয়ে যাবেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 05:44 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে চলতি সিরিজ শেষে এই সংস্করণে বাংলাদেশের হয়ে আর দেখা যাবে না অভিজ্ঞ এই ক্রিকেটারকে। 

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগের দিন দিল্লিতে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সী ক্রিকেটার। 

টি-টোয়েন্টি থেকে বিদায়ের পর এখন শুধু ওয়ানডে ক্রিকেটেই টিকে রইল মাহমুদউল্লাহর আন্তর্জাতিক অধ্যায়। ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর সাদা পোশাকে আর দেখা যায়নি তাকে। 

টেস্ট থেকে অবসরের ঘোষণা অবশ্য আনুষ্ঠানিকভাবে দেননি তিনি। তবে ওই টেস্ট চলার সময় ড্রেসিং রুমে সতীর্থদের তিনি জানান, টেস্টে আর খেলবেন না। সতীর্থরাও পরে তাকে মাঠে 'গার্ড অব অনার' দেন।

তার টেস্ট ক্যারিয়ার ৫০ ম্যাচের। ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুটি ম্যাচ খেললে টি-টোয়েন্টি ক্যারিয়ার থামবে ১৪১ ম্যাচে। 

২০০৭ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল তার পথচলা। ১৭ বছর পর সব ঠিক থাকলে তার বিদায়ী ম্যাচটি হবে হায়দরাবাদে।   

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার রেকর্ড তারই। সবচেয়ে বেশি ৪৩ ম্যাচে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন। দেশের একমাত্র ফিল্ডার হিসেবে এই সংস্করণে নিয়েছেন ৫০ ক্যাচ।

১২৮ ইনিংস খেলে রান করেছেন তিনি ২ হাজার ৩৯৫। ফিফটি করেছেন ৮টি, স্ট্রাইক রেট ১১৭.৭৪। এই সংস্করণে বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি রান করেছেন শুধু সাকিব আল হাসান (২ হাজার ৫৫১)।

বল হাতে ৪০টি উইকেটও নিয়েছেন তিনি। তবে বোলিংয়ে তার কার্যকারিতা অনেক দিন ধরেই কম। ব্যাট হাতেও ফর্মটা খুব ভালো নয়। সবশেষ ১০ টি-টোয়েন্টিতে তার ফিফটি নেই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ইনিংস মিলিয়ে রান করেছিলেন তিনি মোটে ৯৫। স্ট্রাইক রেট ছিল মাত্র ৯৪.০৫। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে যখন সমীকরণ মিলিয়ে জিততে পারলে সেমি-ফাইনালে ওঠার হাতছানি ছিল, তখন তার ব্যাটিংয়ের ধরন প্রবল সমালোচিত হয়েছে। 

বিশ্বকাপের পর এই ভারত সফরের প্রথম ম্যাচে তিনি আউট হন ১ রান করে। এরপর এলো বিদায়ের এই ঘোষণা। 

তবে সিদ্ধান্তটি তিনি সফর শুরুর আগেই নিয়ে রেখেছিলেন বলে জানালেন সংবাদ সম্মেলনে।

"এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। আসলে এটা আমি সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের বিশ্বকাপের (টি-টোয়েন্টি) কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়।"

প্রায় ১২ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ রানের ইনিংসটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর। সেই ইনিংস তিনি খেলেছিলেন তিন নম্বরে নেমে। তবে ক্যারিয়ারের বেশির ভাগ সময় পাঁচ ও ছয় নম্বরে ব্যাট করেছেন তিনি। মূলত ফিনিশারের ভূমিকাতেই বেশি দেখা গেছে তাকে। যদিও সেই ভূমিকা তিনি কতটা কার্যকরভাবে পালন করতে পারছেন, এই প্রশ্ন উঠেছে নানা সময়েই। 

তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা মুহূর্তটি ছিল নিঃসন্দেহে ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় ১৮ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংসটি বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসেরই সেরা ইনিংসগুলোর একটি। 'নো বল' নিয়ে বিতর্কে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকা ও মাঠে তুমুল উত্তেজনা ছড়ানোর পর দলকে স্মরণীয় এক জয় এনে দেন তিনি।

চার বলে যখন প্রয়োজন ১২ রান, তখন ইসুরু উদানার বলে ইনসাইড আউট শটে মাহমুদউল্লাহর চার ও এক বল পর ফ্লিক করে অসাধারণ ছক্কার শট দুটি বাংলাদেশ ক্রিকেটের লোকগাঁথায় স্থায়ী হয়ে গেছে। 

এছাড়া ২০১৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৯ বলে ৪৯ রান কিংবা এরকম দু-একটি ইনিংস ছাড়া স্মরণীয় ইনিংস খুব বেশি নেই তার। বরং বাংলাদেশ ক্রিকেটের হৃদয়ভাঙা হারগুলির একটির অনুঘটকদের একজন ছিলেন তিনি। ২০১৬ বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের জন্য যখন প্রয়োজন তিন বলে দুই রান, তখন মুশফিক ও তিনি পরপর দুই বলে আউট হয়ে দলকে নিয়ে গিয়েছিলেন হারের দিকে। 

এখন আর বাকি আছে দুটি ম্যাচ। শেষটা রাঙানোর সুযোগ তাই তার আছে।