Published : 14 Mar 2026, 09:31 AM
সালমান আলি আগার মুখোমুখি লড়াইটা ছিল মেহেদী হাসান মিরাজের সঙ্গে। তবে ঘটনা প্রবাহ নানা দিকে গড়ানোর পর সেখানে জড়িয়ে পড়েন বেশ কজন। তাদের একজন লিটন কুমার দাসকে দেখা যায় বেশ ক্ষিপ্ত হয়ে সালমানের দিকে এগিয়ে যেতে। তবে তখন দুজনের কী বাক্য বিনিময় হয়েছিল, ম্যাচের পর আর মনে করতে পারছেন না বলেই দাবি করলেন সালমান।
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে সালমানকে মিরাজের রান আউট করা নিয়ে উত্তপ্ত অবস্থা তৈরি হয় মাঠে। শুরুতে অবশ্য হাসছিলেন সালমান। পরে টিভি আম্পায়ারের কাছে সিদ্ধান্ত যাওয়ার পর গ্লাভস ও হেলমেট মাঠে ছুড়ে মারতে দেখা যায় তাকে।
সেসময় দুই পক্ষের বেশ বাক্য বিনিময়ও হচ্ছিল। তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার পর সালমান চটে যান আরও। মিরাজের পাশাপাশি লিটন, সাইফ হাসান, আফিফ হোসেনের সঙ্গেও বেশ উত্তেজিত দেখা যায় তাকে। পরে কিছু একটা বলে তিনি ড্রেসিং রুমের দিকে হাঁটা দেন। এতে তেতে উঠে বেশ ক্ষুব্ধ ভঙ্গিতে এগিয়ে যেতে থাকেন লিটন। তাকে তখন ফেরান ক্রিজে থাকা অন্য পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মাদ রিজওয়ান।
পরে মাঠ ছেড়ে যাওয়ার সময়ও পেছন ফিরে তাকিয়ে হাত উঁচিয়ে কিছু বলতে দেখা যায় সালমানকে। গ্লাভস ও হেলমেট ছুড়ে মারেন এবার মাঠের বাইরে।
তার সেই রুদ্ররূপ হারিয়ে যায় ম্যাচের পর। সংবাদ সম্মেলনে তাকে দেখা গেল বেশ স্মিত। লিটনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের কথা জানতে চাইলে বেশ লাজুক হাসি দেখা গেল তার মুখে।
“মনে করতে পারছি না, লিটনকে কী বলেছিলাম। এটাও মনে নেই, সে কী বলছিল। নিশ্চিতভাবেই ভালো কিছু বলিনি, সেও অবশ্য ভালো কিছু বলেনি। তবে এটা স্রেফ ‘হিট অব দা মোমেন্ট’ ছিল, আমরা ঠিক আছি এখন।”
নিজের প্রতিক্রিয়া নিয়ে অবশ্য আগেই তিনি বলেছেন, মুহূর্তের উত্তেজনায় অমনটি হয়ে গেছে।
“আমি আপনাদের বলতে পারি ঘটনার পরে কী হয়েছে। সবাই দেখেছে কী হয়েছে। অনেকটা মুহূর্তের উত্তেজনায় ঘটে যাওয়ার মতো ব্যাপার। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ওখানে থাকলে কী করতাম, আমি ভিন্নভাবে করতাম। তবে এরপর যা হয়েছে, সবটুকুই ‘হিট অব দা মোমেন্টে’ হয়ে গেছে।”