২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের জন্যই দলীয় নিয়ম ভাঙলেন জাদেজা

এবার নিয়ম ভাঙার জন্য শাস্তির মুখোমুখি হতে হবে না অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।

দলের জন্যই দলীয় নিয়ম ভাঙলেন জাদেজা
৮৯ রানের ইনিংস উপহার দেন জাদেজা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2025, 12:05 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

গত অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতার পর ভারতীয় দলের জন্য ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ নামে কিছু নিয়ম তৈরি করেছে ভারতীয় বোর্ড। সেটির একটি ধারা, অনুশীলনে বা ম্যাচে কোনো ক্রিকেটার নিজে আলাদা করে মাঠে যেতে পারবেন না। সবাইকে একসঙ্গে টিম বাসে করে যেতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে চলতি এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে এই নিয়ম ভেঙেছেন রাভিন্দ্রা জাদেজা। তিনি মাঠে গিয়েছেন আলাদা করে।

তবে এজন্য শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। দলীয় নিয়ম ভেঙেছেন যে তিনি দলের কথা ভেবেই!

টেস্টের প্রথম দিন শেষে ৪১ রানে অপরাজিত ছিলেন জাদেজা। দ্বিতীয় দিনে দলের বেশ আগেই তিনি মাঠে চলে যান ব্যাটিং অনুশীলনের জন্য। দিনের খেলা শুরুর আগে নিজেকে ঝালিয়ে নেন নেটে। 

তার এই অনুশীলন কাজেও লেগে যায় দারুণভাবে। শুবমান গিলের সঙ্গে ষষ্ঠ উইকেটে দারুণ এক জুটি গড়েন তিনি। প্রথম দিনে ২১১ রানে ভারত ৫ উইকেট হারানোর পর জুটি গড়েন দুজন। সেদিন জুটি অবিচ্ছিন্ন ছিল ৯৯ রানে। দ্বিতীয় দিনে সেই জুটি পেরিয়ে যায় ডাবল সেঞ্চুরি। 

৮৯ রান করে জাদেজার বিদায়ে জুটি থামে ২০৩ রান করে। রেকর্ড তছনছ করে পরে ২৬৯ রান করে থামেন গিল। ভারতের ইনিংস শেষ হয় ৫৮৭ রানে।

দিনের খেলা শেষে জাদেজা বললেন, কন্ডিশনের কথা ভেবেই বাড়তি অনুশীলনের জন্য আগেভাগে মাঠে এসেছিলেন তিনি। 

“আমার মনে হচ্ছিল, আগে গিয়ে বাড়তি একটু ব্যাটিং করা উচিত, কারণ (দ্বিতীয়) নতুন বল তখনও বেশ চকচকে ছিল। মনে হয়েছিল, নতুন বল পার করে দিতে পারলে বাকিটা সহজ হয়ে উঠবে। সৌভাগ্যবশত আমি লাঞ্চ পর্যন্ত ব্যাট করতে পেরেছি। পরে ওয়াশি (ওয়াশিংটন সুন্দার) ও শুবমান আরেকটা জুটি গড়তে পেরেছে।”

“ইংল্যান্ডে যত লম্বা সময় ব্যাটিং করা যায়, ততই ভালো। কারণ এখানে কখনোই নিজেকে থিতু মনে হয় না। বল সবসময়ই সুইং করে। যে কোনো সময় বল সুইং করে ব্যাটের কানায় লাগতে পারে বা বোল্ড করে দিতে পারে।”

জাদেজার এই ইনিংস ও গিলের সঙ্গে বিশাল এই জুটি ভারতের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। আগের টেস্টে ভারত দুই ইনিংসেই খুব ভালো অবস্থানে থেকে বাজে ধসের কারণে হেরে গেছে ম্যাচ। প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৩০ রান থেকে ৪১ রানের মধ্যে তারা হারিয়েছে শেষ ৭ উইকেট। পরের ইনিংসে ৪ উইকেটে ৩৩৩ থেকে ৩১ রানের মধ্যে হারিয়েছে পরের ৬ উইকেট।

এই টেস্টে তাই লোয়ার-মিডল অর্ডারে এমন প্রতিরোধ ছিল জরুরি। নিজের দায়িত্ব পালন করতে পেরে জাদেজাও ছিলেন উচ্ছ্বসিত।

“ব্যাট হাতে দলের জন্য অবদান রাখতে পারলে দারুণ লাগে। বিশেষ করে ভারতের বাইরে যখন দলের প্রয়োজন হয়, তখন রান করতে পারলে ভালো লাগে। ২১১ রানে ৫ উইকেট হারানোর পর বড় জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়া ছিল কঠিন চ্যালেঞ্জ।”

“আমি এটিকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলাম। অধিনায়কের সঙ্গে ক্রিজ আঁকড়ে রেখে বড় জুটি গড় দলকে এগিয়ে নিতে পারায় দারুণ আত্মবিশ্বাস পেয়েছি যে সামনের ম্যাচগুলোতেও ব্যাট হাতে দলের জন্য অবদান রাখতে পারব।”