২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ভেন্যু বদলে প্রথম উইমেন’স চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে

আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে টুর্নামেন্টের উদ্বোধনী আসর।

ভেন্যু বদলে প্রথম উইমেন’স চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে
ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর ভারতীয় নারী দলের উল্লাস। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 09:57 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

উইমেন’স চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসরের ভেন্যু বদলে গেছে। আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হবে মেয়েদের ক্রিকেটের নতুন এই টুর্নামেন্ট।

মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া ও ভাদোদারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ছয় দলের এই প্রতিযোগিতা। ১৪ ফেব্রুয়ারি শুরু হবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাঠের লড়াই।

টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। তবে গত জুলাইয়ের আইসিসির বার্ষিক সম্মেলনে শ্রীলঙ্কা জানিয়েছে, নির্ধারিত সংস্কারগুলো বাস্তবায়নের কাজ চালিয়ে যাচ্ছে তারা। এ কারণেই সেখান থেকে ভারতে সরিয়ে নেওয়া হয়েছে আসর।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা বুধবার বিজ্ঞপ্তি দিয়ে সেটা জানিয়েছে। সঙ্গে টুর্নামেন্ট শুরু ও শেষের দিনক্ষণ প্রকাশ করেছে তারা।

টুর্নামেন্ট আয়োজনের জন্য মানদণ্ডের ভিত্তিতে বাংলাদেশ, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে বিবেচনা করে আইসিসি। যার মধ্যে বিকল্প আয়োজক হিসেবে ভারতকে সুপারিশ করা হয়। ১ সেপ্টেম্বর আইসিসি বোর্ড সেই সিদ্ধান্ত অনুমোদন করে।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা- এই ছয় দল চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে। টি-টোয়েন্টি সংস্করণে হবে টুর্নামেন্টটি।

প্রাথমিক পর্বে একে অপরের মুখোমুখি হবে দলগুলো। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৮ ফেব্রুয়ারির ফাইনালে খেলবে।