২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল অভিজ্ঞতায় আকসারের বিস্ফোরক ইনিংস

ম‍্যাচ শেষে আকসার প‍্যাটেল জানান, আইপিএল অভিজ্ঞতার কারণে মনে হয়েছিল, জয় সম্ভব।

আইপিএল অভিজ্ঞতায় আকসারের বিস্ফোরক ইনিংস

অপরাজিত ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে জেতান আকসার প্যাটেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2022, 06:39 PM

Updated : 25 Jul 2022, 08:16 PM

লক্ষ্য তাড়ায় শেষ ১০ ওভারে একশ রানের সমীকরণ মেলানো সহজ কথা নয়। গত ২২ বছরে ওয়ানডে ক্রিকেটে যা দেখা গেছে স্রেফ তিনবার। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এই সংখ্যা বাড়িয়েছে ভারত। বিস্ফোরক ইনিংস খেলে দলটির জয়ের নায়ক আকসার প্যাটেল বলেছেন আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হয়েছেন তিনি।

গত পাঁচ বছর ধরে ওয়ানডে দলে সুযোগ পাচ্ছিলেন না আকসার। ক্যারিবিয়ান সফর দিয়ে ২০১৭ সালের পর আবার ভারতের হয়ে এই সংস্করণে খেলতে নামেন তিনি। প্রথম ম্যাচে তেমন কিছু করতে না পারলেও দ্বিতীয় ওয়ানডেতে জ্বলে ওঠেন ব্যাট হাতে। শেষ দিকে ঝড় তুলে কঠিন সমীকরণ মিলিয়ে দলকে উপহার দেন দারুণ এক জয়।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩১২ রানের লক্ষ্য তাড়ায় সাত নম্বরে নেমে আকসার খেলেন ৬৪ রানের খুনে ইনিংস। ৩৫ বলের ইনিংসটি সাজান তিনি ৫ ছক্কা ও ৩ চারে। জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

আকসার যখন উইকেটে যান, ৬৮ বলে ১০৭ রান প্রয়োজন ছিল ভারতের। পরে শেষ ৬০ বলে দরকার ছিল ঠিক ১০০ রান। তাণ্ডব চালিয়ে ২ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। এক ম্যাচ বাকি থাকতে ভারত জেতে সিরিজ।

২০০১ সাল থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে শেষ ১০ ওভারে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার তালিকায় ভারত জায়গা করে নিল চারে। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ১০৯ রান করে জিতেছিল পাকিস্তান। ২০০৫ সালে ১০২ রান করে নিউ জিল্যান্ড জিতেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। কদিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০১ রান করে জয় পায় নিউ জিল্যান্ড।

কঠিন সব সমীকরণ মেলানোর দৃশ্য দেখা যায় ভারতের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ২ উইকেটে জেতা রোববারের ম্যাচটি শেষে স্পিনিং অলরাউন্ডার আকসার বললেন, আত্মবিশ্বাস পেয়েছেন তিনি সেখান থেকেই।

“এটা বিশেষ একটি ইনিংস। গুরুত্বপূর্ণ সময়ে যা এসেছে এবং দলকে সিরিজ জেতানোর পথে সহায়তা করেছে। যখন আমি উইকেটে যাই, ওভারে ১০-১১ রান করে নেওয়ার লক্ষ্য স্থির করি। আইপিএল অভিজ্ঞতার কারণে আমাদের মনে হয়েছে, এটা করা সম্ভব।”

“আমাদের স্রেফ শান্ত থাকা এবং লড়াইয়ের তীব্রতা ধরে রাখার প্রয়োজন ছিল। প্রায় ৫ বছর পর এটা আমার প্রথম ওয়ানডে সিরিজ। দলের জন্য আমি এভাবেই পারফর্ম করে যেতে চাই।”

সবশেষ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১০ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১৮২ রান করেন আকসার। যেখানে গড় ছিল তার ৪৫.০৫ এবং স্ট্রাইক রেট ১৫১.৬৬। সব মিলিয়ে আইপিএলে ৮৮ ইনিংসে ব্যাটিং করে ১২৮.৮৩ স্ট্রাইক রেটে আকসারের রান ১ হাজার ১৩৫।