২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯৮ রানে রান আউট, গেইলের পর পুরান

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার খুব কাছেও গিয়েও শেষ পর্যন্ত অল্পের জন্য পারলেন না নিকোলাস পুরান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 09:25 AM

Updated : 26 Aug 2026, 09:48 AM

বিপদ বুঝে শেষ মুহূর্তে ফুল লেংথ ডাইভ দিয়েছিলেন নিকোলাস পুরান। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। আজমাতউল্লাহ ওমারজাইয়ের রকেট গতির থ্রো নিখুঁত নিশানায় ভেঙে দেয় স্টাম্প। পুরান তখনও ক্রিজের বেশ বাইরে। ভূপাতিত অবস্থায়ই কিছুক্ষণ পড়ে থাকেন তিনি। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত আসার আগেই নিজের ভাগ্য বুঝে যান বিধ্বংসী এই ব্যাটসম্যান।

শেষ ওভারের দুটি বল তখন বাকি। সেঞ্চুরিতে চোখ রেখে স্ট্রাইক পেতে মরিয়া হয়েই ঝুঁকি নিয়ে দ্বিতীয় রানের চেষ্টা করছিলেন পুরান। কিন্তু ওমারজাইয়ের সরাসরি থ্রোয়ে সেই আশার সমাপ্তি। বরং মাঠ ছাড়তে হয় তাকে দুই রানের আক্ষেপ নিয়ে। তার নাম উঠে যায় অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে সেন্ট লুসিয়ায় আফগানিস্তানের বিপক্ষে ৯৮ রানে রান আউট হন পুরান। ৫৩ বলের ইনিংসে তার ব্যাট থেকে আসে ছয়টি চার ও আটটি ছক্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নব্বই ছুঁয়ে রান আউট হওয়া দ্বিতীয় ব্যাটসম্যান পুরান। তার আগে এই স্বাদ পেয়েছিলেন কেবল পূর্বসূরী ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল।

২০১০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বারবাডোজে ৬৬ বলে ৯৮ রানে রান আউট হন গেইল। পুরানের সঙ্গে তার মিল আছে আরও একটি। গেইল আউট হওয়ার সময়ও ইনিংসে বল বাকি ছিল দুটি।

বিশ্বকাপের বাইরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নব্বইয়ে রান আউটে কাটা পড়ার নজির আছে আর কেবল দুটি। ৯৯ রানে রান আউট হওয়ার একমাত্র স্বাদ পেয়েছেন হামিদ শাহ। ডেনমার্কের এই ব্যাটসম্যান ২০২২ সালে ফিনল্যান্ডের বিপক্ষে ইনিংসের শেষ বলে রান আউট হন ৬৮ বলে ৯৯ রান করে।

২০১৯ সালে ভ্যালেটা কাপে মাল্টার বিপক্ষে ৬৫ বলে ৯১ রান করে রান আউট হন চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজি। 

অম্ল-মধুর এই অভিজ্ঞতা এবার হলো পুরানের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচর দ্বিতীয় ওভারে ক্রিজে যান তিনি। ফিফটি পূরণ করেন তিনি ৩১ বলে। শেষ ওভার শুরুর সময় তার রান ছিল ৮৫।

পেসার নাভিন-উল-হাকের করা ওভারের প্রথম বলটি ছিল ওয়াইড। পরের দুই বলই গ্যালারিতে আছড়ে ফেলেন পুরান। সেঞ্চুরি তখন স্রেফ এক শটের দূরত্ব। পরের বলটি ছিল স্লোয়ার, সুইপের মতো খেলতে গিয়ে ব্যাটে-বলে কতে পারেননি তিনি। পরের বলে ডিপ কাভারে পাঠিয়ে দুই রান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ফিল্ডার ওমারজাই কোনো ভুল করেননি। তার থ্রো সরাসরি আঘাত করে স্টাম্পে। পুরান থামেন সেঞ্চুরি থেকে দুই রানের দূরত্বে। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সেরা ইনিংস এটিই। আগের সর্বোচ্চ ছিল ৮২। এবারের বিশ্বকাপে সব দল মিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন এটিই। তবে দারুণ ব্যাটিংয়ের তৃপ্তির পাশাপাশি ওই দুই রানের আক্ষেপও তার থাকার কথা।