রংপুর রাইডার্সের বিদায়ের সবটুকু দায় নিলেন অধিনায়ক সোহান
শিরোপাপ্রত্যাশী দল গড়েও আবার প্লে-অফ উতরাতে ব্যর্থ রংপুর রাইডার্স, সব দায় মাথা পেতে নিচ্ছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।
চোট পাওয়ায় ম্যাচ শেষে অধিনায়কের তাৎক্ষণিক ভাবনা জানা যায়নি। পরে সংবাদ সম্মেলনেও আসেননি তিনি। অবশেষে ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টার পর বেশি সময় পর নুরুল হাসান সোহানের প্রতিক্রিয়া জানা গেল। এলিমিনেটর থেকে দলের ছিটকে পড়ার পুরো দায় নিজের কাঁধেই নিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক।
বরাবরের মতোই শিরোপার আশা নিয়ে এবারও শক্তিশালী দল গড়েছিল রংপুর। শুরুতে তারা ছুটছিল অপ্রতিরোধ্য গতিতে। কিন্তু শেষ পর্যন্ত পরে পথচ্যুত হয়ে ফাইনালে ওঠা তো দূরের কথা, এলিমিনেটরই পার হতে পারেনি তারা।
মিরপুরে সোমবার খুলনার কাছে বিধ্বস্ত হওয়া এলিমিনেটর ম্যাচের শেষ দিকে কিপিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক সোহান। ম্যাচের পর পুরস্কার বিতরণী আয়োজনে দলের প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন সাইফ হাসান।
অধিনায়ক সোহান দলের বিদায় নিয়ে আবেগময় বার্তা দিলেন মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে।
“প্রিয় রাইডার্স সমর্থকেরা, এটা ছিল আমার ব্যর্থতা এবং সম্পূর্ণ দায় আমি নিচ্ছি। প্রিয় রংপুর রাইডার্সকে ফাইনালে নিয়ে যেতে পারিনি আমি।”
“ভবিষ্যতে আমি এই দলের অংশ থাকি ব না থাকি, রংপুর রাইডার্সের প্রতি আমার শুভ কামনা থাকবে সবসময়ই। এই দলের অংশ হতে পেরে এবং এরকম নিবেদিত মানুষগুলোর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।”
নিজের দিক থেকে চেষ্টার কোনো কমতি রাখেননি বলে দাবি সোহানের। ব্যর্থতার জন্য তিনি দুঃখপ্রকাশ করলেন আবার।
“রংপুর রাইডার্সের ভালো পারফর্ম করা ও ফাইনালে খেলা ছাড়া আর বেশি কিছুই চাওয়া ছিল না আমার। বিশেষ করে আমাদের অনুগত সমর্থকদের ও ম্যানেজমেন্টের এটা প্রাপ্য ছিল, তাদের তীব্র তাড়নার কারণেই। সততা ও পরিশ্রম দিয়ে নিজের সবটুকু উজাড় করে দিয়েছি আমি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পারিনি। আবারও দুঃখপ্রখাশ করছি।”
শক্তি-সামর্থ্যে রংপুরকে এবার টেক্কা দেওয়ার মতো দল ছিল কেবল ফরচুন বরিশাল। সেই বরিশালকে টুর্নামেন্টের শুরুর দিকে দুই ম্যাচেই হারায় সোহানের দল। টানা আট ম্যাচ জিতে তারা সবার আগে নিশ্চিত করে ফেলে প্লে-অফে খেলা।
এরপর ছয় দিনের একটি বিরতি ছিল তাদের। বিরতির মধ্যে ক্রিকেটার, কোচিং স্টাফরা রংপুর শহরে গিয়ে সমর্থকদের সঙ্গে সময় কাটিয়ে আসে। কিন্তু ওই বিরতির পর নাটকীয়ভাবে ছন্দপতন হয় তাদের। একের পর এক ম্যাচ তারা হারতে থাকে। ব্যাটে-বলে দলের সেরা পারফরমার খুশদিল শাহ জাতীয় দলে ডাক পেয়ে পাকিস্তানে ফিরে যাওয়ার পর আরও ধাক্কা খায় দলটি।
গ্রুপ পর্বে পরের শেষ চার ম্যাচের একটিও তারা জিততে পারেনি। একসময় যে দলকে মনে হচ্ছিল নিশ্চিতভাবেই প্রাথমিক পর্ব শেষে শীর্ষে থাকবে, তাদেরকে শেষ পর্যন্ত তিনে থেকে এলিমিনেটর খেলতে হয়। টিকে থাকার লড়াইয়ে তারা জরুরীভাবে উড়িয়ে আনে আন্দ্রে রাসেল, টিম ডেভিড, জেমস ভিন্সকে। কিন্তু বিপুল অর্থ খরচ করেও হারানো সেই সুর আর ধরতে পারেনি দলটি। তারকাবহুল দল নিয়েও সবচেয়ে বাজে পারফরম্যান্স মেলে ধরে তারা এলিমিনেটর ম্যাচেই।
টানা আট জয়ের পর অবিশ্বাস্যভাবে টানা পাঁচ ম্যাচ হেরে ছিটকে গেল রংপুর। আরও একবার ফাইনালের আগেই থমকে যেতে হলো তাদের। ২০১৭ সালে চার নম্বরে থেকে প্লে-অফে উঠেও মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এরপর পাঁচ আসরে অংশ নিয়ে একবারও ফাইনালের মুখ দেখা হলো না তাদের। এই নিয়ে টানা তিনবার ছিটকে পড়তে হলো প্লে-অফ থেকে।
দলের মতো ব্যাট হাতে হতাশাজনক পারফরম্যান্স ছিল অধিনায়ক সোহানেরও। শুরুর দিকে সিলেটে বরিশালের বিপক্ষে ম্যাচে শেষ ওভারে ৩০ রান নিয়ে অবিশ্বাস্য এক জয় তিনি এনে দিয়েছিলেন দলকে। পরে আরেকটি ম্যাচে ৪১ রান করতে পেরেছেন। এছাড়া আর ভালো কিছু উপহার দিতে পারেননি এই কিপার-ব্যাটার। সব মিলিয়ে আসরে ১০ ম্যাচ খেলে তার মোট রান ১৮২।
