২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ রেখে আফগান চ্যালেঞ্জে বাংলাদেশ

টেস্টে দুঃসময়ের প্রহরে থাকা বাংলাদেশ এবার নামছে ওয়ানডেতে, আফগানদের বিপক্ষে সিরিজ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল গুছিয়ে নেওয়ার শুরু করতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2024, 08:27 AM

Updated : 10 Sep 2026, 12:22 PM

পাকিস্তানে টেস্ট সিরিজ জিতে আসার পর থেকেই ছন্নছাড়া বাংলাদেশ দল। ভারত সফরের পর হতশ্রী পারফরম্যান্সে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও লড়াই জমাতে পারেনি তারা। সাদা পোশাকের সেই অস্বস্তি মুছে ফেলার আশা এবার রঙিনের রোশনাইয়ে। দুঃসময়কে পেছনে ফেলার চেষ্টায় এবার তাদের সঙ্গী পছন্দের সংস্করণ। ওয়ানডে ক্রিকেটের লড়াইয়ে বাংলাদেশের সামনে এখন আফগানিস্তান। তবে অধিনায়ক নাজমুল হাসান শান্ত চোখ রাখছেন আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শারজাহতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়। 

এই ম্যাচ দিয়ে অনন্য এক মাইলফলকে পৌঁছবে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বের স্টেডিয়াম হিসেবে এটি পূর্ণ করবে ৩০০ আন্তর্জাতিক ম্যাচ। 

বাংলাদেশের জন্য এটি প্রিয় সংস্করণে প্রত্যাবর্তনের উপলক্ষ। এই সিরিজ দিয়ে প্রায় ৮ মাস পর ওয়ানডে খেলবে তারা। চলতি বছর এই সংস্করণে তারা খেলেছে শুধু একটি সিরিজ। গত মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে ওই সিরিজ জিতেছে শান্তর দল। 

আফগানিস্তান সিরিজের পর এ বছর আর একটি ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তিন সংস্করণের পূর্ণাঙ্গ সফরে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজে যাবে তারা। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ছয়টি ওয়ানডে ম্যাচই বাকি বাংলাদেশের। 

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক শান্ত বললেন, এই ছয় ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের গুছিয়ে নিতে চান তারা। 

“(চ্যাম্পিয়ন্স ট্রফির আগে) আমাদের এখানে তিনটা ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজে তিনটা। প্রস্তুতি ঠিক বলব না, তবে ছয়টা ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। আমরা জেতার জন্যই খেলব। এখান থেকে ওই আত্মবিশ্বাসটা নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সহজ হবে। কোন কম্বিনেশনে আমরা খেলতে চাই, ওই ধারণাটাও এই ম্যাচগুলো থেকে হয়ে যাবে।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার আগে বেশি সময় পায়নি বাংলাদেশ। লাল বলের ম্যাচগুলো খেলা ক্রিকেটাররা তাই পাননি প্রস্তুতির পর্যাপ্ত সময়। তবে টেস্ট দলের বাইরে থাকা ক্রিকেটাররা নিজেদের মতো করে সেরেছেন প্রস্তুতি।

জ্বরের কারণে এই সফরে নেই লিটন কুমার দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরতে না পারা সাকিব আল হাসান এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন নিজেই।

দলের মূল ক্রিকেটারদের দুজন না থাকলেও এটিকে তেমন বড় করে দেখতে চান না শান্ত। আরব আমিরাতে গিয়ে দুই দিনের দলীয় অনুশীলনের পর নিজ দলকে যথাযথ প্রস্তুত ঘোষণা দিলেন তিনি।  

“প্রস্তুতি খুব ভালো। গত কয়েক দিন যেমন অনুশীলন হয়েছে, আমরা খুশি। সবাই নিজেদের খুব ভালোভাবে তৈরি করেছে। সিনিয়র ক্রিকেটারদের কথা বললেন, যারা এখানে নেই। যারা নেই, তাদের নিয়ে আমরা চিন্তা করতে পারব না। যারা এখানে আছে শুধু তাদের নিয়ে ভাবতে হবে।” 

“আমি বিশ্বাস করি, এখানে পারফর্ম করার মতো ক্রিকেটার আমাদের দলে আছে। আমার বিশ্বাস, দলের ১৫ জনই এখানে পারফর্ম করতে পারবে।”

১৫ জনের কথা বললেও আমিরাতে দলের সঙ্গে আপাতত আছেন ১৩ জন। ভিসা জটিলতায় এখনও দলে যোগ দিতে পারেননি নাসুম আহমেদ ও নাহিদ রানা। নাসুমের অনুপস্থিতিতে দলে এখন নেই কোনো বাঁহাতি স্পিনার। 

শান্তর আশা, আফগানিস্তানের ডানহাতি ব্যাটসম্যানে ঠাসা ব্যাটিং লাইন-আপের বিপক্ষে কার্যকর হবেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন।

“আফগানিস্তান দলে ডানহাতি ব্যাটসম্যান বেশি... (নাসুমের অনুপস্থিতিতে) আমাদের বাঁহাতি স্পিনার না থাকলেও রিশাদ আছে। রিশাদ যেভাবে টি-টোয়েন্টি সংস্করণে বোলিং করছে, ও মনে হয় আমাদের জন্য ভালো একটা অপশন হবে।”

আফগানিস্তানের বিপক্ষে সার্বিক পরিসংখ্যানে বেশ এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি ১৬ ম্যাচের ১০টি জিতেছে তারা। হেরেছে বাকি ৬টি। তবে দ্বিপাক্ষিক সিরিজে সবশেষ চার ম্যাচের তিনটিই জিতেছে আফগানিস্তান। 

গত সেপ্টেম্বরে শারজাহতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছে আফগানরা। গত বছরের ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের মতো দলগুলোকে হারিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে তারা।

তবে ওয়ানডে সংস্করণ হওয়ায় নিজেদের ওপর বাড়তি বিশ্বাস পাচ্ছেন শান্ত। তার আশা, এই সিরিজে ভালো করবে বাংলাদেশ।  

“আমি বিশ্বাস করছি, এই সংস্করণে আমরা ভালো করব। অতীতেও আমরা ভালো করেছি। অবশ্যই আফগানিস্তান এই কন্ডিশনে ভালো দল। তবে আমি যেটা মনে করি, আমাদের যে দলটা আছে, আমরা যদি শক্তি অনুযায়ী খেলতে পারি, অবশ্যই তাদের বিপক্ষে ভালো খেলা সম্ভব।”

চোটের কারণে আফগানিস্তান এই সিরিজে পাচ্ছে না তাদের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার ওপেনার ইব্রাহিম জাদরান ও স্পিনার মুজিব উর রাহমানকে। তবে ‘নতুন মুজিব’ হিসেবে পরিচিতি যাওয়া তরুণ স্পিনার আল্লাহ মোহাম্মাদ গাজানফার আছে দলে। প্রথমবার সুযোগ পেয়েছেন কদিন আগে ইমার্জিং টিমস এশিয়া কাপে অসাধারণ পারফরম্যান্সে নজর কাড়া ওপেনার সেদিকউল্লাহ আটাল। হাশমাতউল্লাহ শাহিদির নেতৃত্বে দলে লেগ স্পিন তারকা রাশিদ খান ও অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নাবি তো আছেনই। 

৮৬ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থেকে সিরিজটি শুরু করছে বাংলাদেশ। দুই রেটিং পয়েন্ট কম নিয়ে ৯ নম্বরে আফগানিস্তান।