২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী দলের ঘটনায় ‘বিব্রত ও লজ্জিত’ বিসিবি

দলের ভেতরের নানা অব্যবস্থাপনায় অনুশীলন ছেড়ে সিএনজি অটোরিকশায় করে স্টেডিয়াম থেকে চলে গিয়েছিলেন নোয়াখালী এক্সপ্রেসের কোচ ও সহকারী কোচ।

বিডিনিউজ২৪

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 06:15 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

ক্রিকেটারদের দৈনিক ভাতা ঝুলে ছিল কয়েকদিন ধরে। অনুশীলন সরঞ্জামে ঘাটতি ও অন্যান্য অব্যবস্থাপনা তো ছিলই। নোয়াখালী এক্সপ্রেস দলের ভেতর নানা টানাপোড়েন থেকেই বিপিএল শুরুর আগের দিন বিস্ফোরণ। নজিরবিহীন ঘটনার জন্ম দিয়ে ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে গেলেন দলের কোচ খালেদ মাহমুদ ও সহকারী কোচ তালহা জোবায়ের। বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলছেন, এই ধরনের ঘটনা মেনে নেওয়ার মতো নয়।

বিপিএলের উদ্বোধনী দিনে শুক্রবার মাঠে নামবে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। তবে দলের ভেতরের অস্থিরতায় টুর্নামেন্ট শুরুর আগের দিন টালমাটাল তারা। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী দলের অনুশীলন শুরুর আগে অপ্রীতিকর ঘটনাটির জন্ম হয়। প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সিএনজি অটোরিকশায় মাঠ ছেড়ে যান দলের কোচ ও সহকারী কোচ। অটোরিকশায় বসে দলের এক কর্মকর্তার সঙ্গে তাদের কথোপকথনে ফুটে ওঠে লজিস্টিকাল নানা অব্যবস্থাপনা নিয়ে তাদের ক্ষোভ।

টুর্নামেন্ট শুরুর আগের দিন চট্টগ্রাম দলের মালিকানা বদল নিয়ে এমনিতেই অস্বস্তিতে ছিল বিসিবি। এর সঙ্গে যোগ হয় নোয়াখালীর এই ঘটনা। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এসব ঘটনা অগ্র্রহণযোগ্য। 

“গত কয়েকদিনে নোয়াখালী দলের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। আমরা এতে বিব্রত ও লজ্জিত। মালিকপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করছে। তারা দুই কোটি টাকার পে-অর্ডারের পাশাপাশি ব্যাংক গ্যারান্টিও দিয়েছে। যদি দল পরিচালনায় ব্যর্থ হয়, আমাদের কাছে তাদের জামানত রয়েছে। প্রয়োজনে চেক ভাঙিয়ে সংশ্লিষ্ট সবাইকে অর্থ পরিশোধ করা হবে। কেন তারা বিপিএলে আসে, সেটাই এখন প্রশ্ন।”

“আমরা জেনেছি, ক্রিকেটারদের দৈনিক ভাতার বিষয়টি কয়েকদিন ধরে ঝুলে ছিল। এ সময় ক্রিকেটাররা নিজেদের টাকায় খাওয়া-দাওয়া করেছে। সুজন (খালেদ মাহমুদ) মাঠ ছাড়ার সময় আমার সঙ্গে কথা হয়েছে। আমি তাকে বলেছি, যা মনে চায় করতে পারে। টুর্নামেন্টের প্রস্তুতির শেষ দিকে এসে বিপিএল যেভাবে একের পর একভাবে কলুষিত হচ্ছে, তা মেনে নেওয়ার মতো নয়।”

রাগ করে অটোরিকশায় করে যখন চলে যাচ্ছিলেন খালেদ মাহমুদ, তখন দলের একজন কর্মকর্তা তাদেরকে আটকানোর চেষ্টা করে বলেন, “দেখতে খারাপ লাগছে…।”খালেদ মাহমুদ পাল্টা জবাব দেন, “লাগুক… আমার খারাপ লাগে না? আমার খারাপ লাগে না…!”

এছাড়াও কথাবার্তার বিভিন্ন পর্যায়ে কোচ বলেন, “কাজ করতে ইচ্ছে করছে না, বিপিএল করব না...”, “কোচ আছে, অনেক কোচ আছে, নিতে পারবে...।”

সহকারী কোচ তালহা হতাশ কণ্ঠে বলেন, “জীবনে অনেক বিপিএল করেছি, সবচেয়ে বিরক্তিকর বিপিএল আমার কাছে এটা লাগছে…।”

দলের কর্ণধারদের নানা তৎপরতার পর অবশ্য পরে আবার অনুশীলনে ফেরেন খালেদ মাহমুদ ও তালহা। এবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খালেদ মাহমুদ বলেন, “ভুল বোঝাবুাঝ হয়েছিল, হিট অব দা মোমেন্টে হয়েছিল।”