২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের উপলব্ধি, ‘বাস্তবতা মনে করিয়ে দেয়, জীবন কতটা ছোট’

কঠিন সময়ে পাশে দাঁড়ানোয় সবার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি, একটি অনুরোধও করেছেন দেশের সফলতম ওপেনার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

হাসপাতালে চিকিৎসাধীন তামিম ইকবাল কঠিন সময়ে তার পাশে দাঁড়ানোয় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি একটি অনুরোধও করেছেন দেশের সফলতম ওপেনার।

ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে টসের পর অসুস্থ হয়ে পড়েন তামিম। এক দফায় হাসপাতাল ঘুরে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তখন ম্যাসিভ হার্ট অ্যাটাকে মাঠেই জ্ঞান হারিয়ে ফেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব অধিনায়ক।

দ্রুত সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তাকে। এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে স্টেন্ট বসানো হয়। পরে ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয়ে ওঠেন তিনি।

মৃত্যুর দুয়ার থেকে ফেরার পর এখন বেশ থিতু তামিম। তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন ছিল গোটা দেশ। তার সুস্থতার জন্য প্রার্থনা করা হয় দেশ ও দেশের বাইরে থেকে। 

মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম। তুলে ধরেছেন একটি অভিজ্ঞতার কথা।

“দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা চার বছরেও হার্টের অপারেশন করতে পারেননি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে- এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কী আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে? আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি।

“আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি। কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়- এটিই আমার অনুরোধ। আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।”