২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে বড় রানের দেখা পেলেন ২৫ কোটি রুপির তারকা

ব্যর্থতার বৃত্ত ভেঙে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

অবশেষে বড় রানের দেখা পেলেন ২৫ কোটি রুপির তারকা
কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ক্যামেরন গ্রিন। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 10:14 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

পাঁচ ম্যাচে রান কেবল ৫৬। আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারের এমন হতশ্রী পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। অবশেষে ব্যর্থতার জাল ছিঁড়ে বেরিয়ে এলেন ক্যামেরন গ্রিন। দলের বিপর্যয়ে ব্যাটিংয়ে নেমে খেললেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। 

গুজরাট টাইটান্সের বিপক্ষে শুক্রবার তৃতীয় ওভারে ক্রিজে গিয়ে ইনিংসের শেষ বলে আউট হন গ্রিন। কলকাতা নাইট রাউডার্সের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার চারটি ছক্কা ও সাতটি চারে ৫৫ বলে ৭৯ রান করেন।

কলকাতার হয়ে ত্রিশ রানও করতে পারেননি আর কেউ। গ্রিনের ইনিংসের সৌজন্যে ১৮০ রান করতে পারে তিনবারের চ্যাম্পিয়নরা।

এবারের আইপিএলে গ্রিনকে নিয়ে এত চর্চার কারণ মূলত তার পারিশ্রমিক। নিলামের টেবিলে ঝড় তোলা এই ক্রিকেটারকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা। তাই তার পারফরম্যান্স আতশ কাঁচের নিচে থাকাটাই স্বাভাবিক।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০ বলে ১৮ রান করে এবারের আইপিএল শুরু করেন গ্রিন। পরের ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে করেন ২ বলে ২ রান। পাঞ্জাব কিংসের সঙ্গে করতে পারেন ২ বলে ৪।

সতর্কতার অংশ হিসেবে এই তিন ম্যাচে বোলিংও করেননি গ্রিন। যা নিয়ে হয় তুমুল সমালোচনা। পরে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বোলিংয়ে ফেরেন তিনি। দুই ওভারে ২৮ রান দিয়ে এক উইকেটও নেন।

তার আগে ওই ম্যাচে ত্রিশ ছোঁয়া ইনিংসও খেলেন গ্রিন। একটি ছক্কা ও তিনটি চারে ২৪ বলে ৩২ রানে অপরাজিত থাকেন তিনি।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরের ম্যাচে ২ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন গ্রিন। সেদিন রান তাড়ায় পান গোল্ডেন ডাকের তেতো স্বাদ।

প্রবল সমালোচনার জবাব এবার ব্যাট হাতে দিলেন গ্রিন। ২১ রানে ২ উইকেট হারিয়ে যখন কাঁপছে দল, ক্রিজে যান তিনি। পরে আরেকজনের বিদায়ে আরও চাপে পড়ে যায় কলকাতা।

রভম্যান পাওয়েলকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন গ্রিন। প্রথম ১৪ বলে ৮ রান করেন তিনি। নবম ওভারে মারেন প্রথম বাউন্ডারি। রাশিদ খানকে হাঁকান একটি করে ছক্কা ও চার।

অশোক শার্মাকে টানা দুটি ছক্কার পর ডাবল নিয়ে ৩৪ বলে ফিফটিতে পা রাখেন গ্রিন। পরের ওভারেই আফগান তারকা লেগ স্পিনার রাশিদকে টানা তিন বলে মারেন একটি ছক্কা ও দুটি চার।

পঞ্চদশ ওভারে প্রাসিধকে চারের পর, আর কোনো বাউন্ডারি মারতে পারেননি গ্রিন। ইনিংসের শেষ বলে হন কট বিহাইন্ড।

রান তাড়ায় গুজরাটকে টানেন শুবমান গিল। ইনিংস শুরু করতে নেমে চারটি ছক্কা ও আটটি চারে ৫০ বলে ৮৬ রান করেন অধিনায়ক।

সঙ্গে বাকিদের অবদানে পাঁচ উইকেটের জয় তুলে নেয় গুজরাট। দুই বল বাকি থাকতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছায় তারা।