২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখতে চান মিরাজ

নিজের ৫০তম টেস্টে এই সংস্করণে প্রথমবার দেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ, ওয়েস্ট ইন্ডিজে দুঃস্বপ্নের অতীত পেছনে ফেলে এবার জয়ের খোঁজে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2024, 09:02 AM

Updated : 10 Sep 2026, 12:23 PM

বাংলাদেশের বাস্তবতায় ৫০ টেস্ট খেলতে পারা মানে বেশ বড় অর্জনই বলতে হবে। মেহেদী হাসানের মিরাজের জন্য তাই এমনিতেই ম্যাচটি অন্যরকম। সেটি আরও বিশেষ হয়ে উঠছে নেতৃত্বের কারণে। শ্বেতশুভ্র পোশাকের ওপর সবুজ ব্লেজার চাপিয়ে টস করতে নামবেন তিনি প্রথমবার। তবে শুধু এসব প্রাপ্তিতেই তৃপ্ত থাকতে চান না মিরাজ। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের চাওয়া, জোড়া মাইফলকের ম্যাচটি জয় দিয়ে রাঙানো। 

কাজটি যদিও শুধু কঠিন নয়, ভীষণ কঠিন। যে মাঠে খেলা, সেখানে সবশেষ দুই সফরেই বাংলাদেশের সম্বল বিভীষিকার অভিজ্ঞতা। সেই অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নতুন চ্যালেঞ্জে নামছেন মিরাজরা। শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট।

চোটের কারণে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। ক্যারিবিয়ানে যাওয়ার আগে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে শান্তর অনুপস্থিতিতেই ওয়ানডে নেতৃত্বে অভিষেক হয়েছে এই অলরাউন্ডারের। এবার টেস্ট অধিনায়কত্বের সূচনা হতে চলেছে তার। বাংলাদেশের অষ্টম ক্রিকেটার হিসেবে ৫০ টেস্টও পূর্ণ হবে তার।

সব মিলিয়ে দারুণ রোমাঞ্চিত ২৭ বছর বয়সী অলরাউন্ডার। এবার মাঠের ক্রিকেটেও মনে রাখার মতো কিছু পাওয়ার অপেক্ষা তার। 

“অবশ্যই খুবই ভালো লাগছে। যেহেতু ৫০ টেস্ট খেলব, এটা দেশের জন্য, আমার জন্য ভালো একটি পাওয়া। দেশের জন্য ৫০ টেস্ট খেলা আমি মনে করি অনেক বড় অর্জন। সেটা যেন স্মরণীয় করে রাখতে পারি, সেই চেষ্টা থাকবে।”

ওয়েস্ট ইন্ডিজে ২০০৯ সালের সফরে খর্বশক্তির দলের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতলেও সবশেষ তিন সফরে বাংলাদেশের প্রাপ্তির ঝুলি শূন্য। এই সময়ে ছয় টেস্টের সবকটি হেরেছে তারা। বেশ বিব্রতকর অভিজ্ঞতা হয়েছে বারবার। 

তবে সেই চিত্র এবার বদলে যাবে বলেই আশা দেখাচ্ছেন মিরাজ।

“আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই ভালো ক্রিকেট খেলা। এর আগে যখন আমরা এখানে খেলেছি, টেস্ট ক্রিকেটে অতটা ভালো করতে পারিনি। গত চার বছরে (১০ বছরে) একটিও জিততে পারিনি। এবার লক্ষ্য থাকবে জয়ের জন্য এবং সবাই যেন পারফর্ম করতে পারে।”

সেই আশা পূরণের পথে প্রথম শঙ্কা এই ভেন্যু নিয়েই। সবশেষ দুই সফরেই এখানে মুখ লুকানোর মতো অবস্থা হয় বাংলাদেশের। ২০১৮ সালের সফরে এখানে প্রথম ইনিংসে ৪৩ রানে গুটিয়ে ইনিংস ব্যবধানে ম্যাচ হারে দল। ২০২২ সালের সফরে একটু উন্নতি হয় বটে। তবে সেবার অলআউট হয়ে তারা স্রেফ ১০৩ রানেই। 

এবারের সফরেও প্রথম টেস্ট এই মাঠে রাখার কারণটি বুঝে নিতে খুব সমস্যা হওয়ার কথা নয়। তবে দুঃস্বপ্নের অতীতকে পেছনে ফেলে এবার সুখস্মৃতি নিয়ে ফিরতে চান মিরাজ।

“অ্যান্টিগায় আমরা এর আগে ভালো খেলিনি। বাজেভাবে হেরেছিলাম। এবার আমরা নতুনভাবে এসেছি। এখানে আসার পর ১০ দিনের মতো এখানে অনুশীলন করেছি। একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি, ক্রিকেটাররা অনেক ভালো প্রস্তুতি নিয়েছে। আমি আত্মবিশ্বাসী যে আমার দল অনেক ভালো করবে।”

“(চেষ্টা থাকবে) সবাই ভালো ক্রিকেট খেলে যেন ম্যাচটা জিততে পারি। ব্যাটসম্যানরা, বোলাররা এবং আমি, স্পিনাররা যারা আছে, সবাই দল হিসেবে যদি খেলতে পারি, তাহলে আশা করি ভালো ফল আসবে।”

উইকেট যে এবারও পেস-সহায়ক হবে, সেটি ধারণা করে নেওয়া যায় ওয়েস্ট ইন্ডিজের একাদশ দেখেই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে একাদশ জানিয়ে দিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভসের সঙ্গে একাদশে আছেন চার বিশেষজ্ঞ পেসার কিমার রোচ, আলজারি জোসেফ, জেডেন সিলস ও শামার জোসেফ। কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়নি একাদশে। 

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছাড়াও দলের অভিজ্ঞতম ক্রিকেটার মুশফিকুর রহিমও এবার নেই চোটের কারণে। সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার তো শেষ বলেই ধরে নেওয়া যায়। ভীষণ কঠিন আরেকটি পরীক্ষাই তাই বাংলাদেশের অপেক্ষায়।