২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বাড়তি সুবিধা নিয়ে উইলিয়ামসনের ভাবনা

দুবাইয়ের কন্ডিশন সম্পর্কে নিজেদের কিছুটা ধারণা থাকার কথা তুলে ধরে নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান বললেন, ফাইনালের জন্য তারা প্রস্তুত।

ভারতের বাড়তি সুবিধা নিয়ে উইলিয়ামসনের ভাবনা
দুবাইয়ে ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ডের হেরে যাওয়া ম্যাচে ৮১ রানের ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2025, 07:55 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব ম্যাচ দুবাইয়ে খেলায় ভারতের বাড়তি সুবিধা পাওয়ার আলোচনায় যোগ দিলেন এবার কেন উইলিয়ামসন। যদিও সরাসরি ভারতের অতিরিক্ত সুবিধা পাওয়ার কথা বলেননি নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যান। তার মতে, একই মাঠে খেলার কারণে সেখানে কীভাবে খেলতে হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা আছে ভারতের। এই প্রসঙ্গে তিনি তুলে ধরলেন লাহোরে তাদের নিজেদের বেশ কয়েকটি ম্যাচ খেলার কথা।

একই শহরে একই হোটেলে থেকে একই মাঠে সব ম্যাচ খেলার সুযোগ টুর্নামেন্টে কেবল ভারতই পাচ্ছে। এটা নিয়ে টুর্নামেন্টজুড়েই তুমুল আলোচনা-সমালোচনা করছেন বর্তমান-সাবেক ক্রিকেটার, বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ ক্রিকেট অনুসারীদের অনেকে।

লাহোরে বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে নিউ জিল্যান্ড। আগামী রোববার দুবাইয়ে শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে তারা। 

কন্ডিশন সম্পর্কে ভালোভাবে জানাশোনা থাকার সুবিধা নিয়ে ভারতের ফাইনালে খেলার বিষয়ে প্রশ্নে উইলিয়ামসন তুলে ধরেন তাদের একইরকম সুবিধার কথা।

“আমার মনে হয়, সেখানে (দুবাই) বেশ কয়েকবার খেলার কারণে তাদের (ভারত) স্পষ্ট ধারণা আছে যে, তারা সেখানে কীভাবে খেলতে চায়। বিষয়টা এখানে আমাদের সুবিধার মতোই, কারণ এই ভেন্যুতে (লাহোর) আমরাও বেশ কয়েকবার খেলেছি। আমার মনে হয় ক্রিকেটের অংশ এটা।”

“বিষয়টা এখন যা আছে তাই। আমাদের মনোযোগ পরের ম্যাচে, সেই ম্যাচের ভেন্যু, প্রতিপক্ষ, এগুলোর সবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা একবার সেখানে ভারতের সঙ্গে খেলেছি।”

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে লাহোরে দুটি ম্যাচ খেলেছিল নিউ জিল্যান্ড। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে হেরে যায় নিউ জিল্যান্ড। তবে সেই ম্যাচের অভিজ্ঞতা এবার কাজে লাগবে বলে মনে করেন উইলিয়ামসন।  

“অবশ্যই (দুবাইয়ের) কন্ডিশন অনেক আলাদা। ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচটা আমাদের জন্য ভালো ছিল। এর সত্যিই কিছু ভালো দিক আছে। ভারত অসাধারণ দল এবং সত্যিই ভালো খেলছে। তাই সেখানে আমাদের সবশেষ ম্যাচ থেকে কিছু শিক্ষা নেওয়াটা গুরুত্বপূর্ণ। ফাইনালে যে কোনো কিছু হতে পারে।”