২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি নির্বাচন: ষড়যন্ত্র-সন্দেহের তির বিসিবি সভাপতির দিকে

রহস্যময় আপত্তিপত্র জমা পড়েছে তামিম ইকবালের বিরুদ্ধে, এছাড়াও ১৫ ক্লাবকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দিকে আঙুল তুলছেন বিসিবির এক পরিচালক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 09:55 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

“বিসিবিই তো নির্বাচন কমিশনকে নিয়োগ দিয়েছে, তারা নিজে থেকেই বোর্ডের সিদ্ধান্ত বদলে ফেলল, অথচ বোর্ড কিছু বলছে না, আপনার কি মনে হয়, বোর্ডের কোনো ইন্ধনে বা বোর্ডের কারও নির্দেশনাতেই তারা এরকম করছে?” প্রশ্নটি করা হলো ইফতেখার রহমানকে। তার উত্তর, “যে ফলাফলগুলি দেখা যাচ্ছে, আপনার যে সন্দেহ বা মন্তব্য, ওরকম কিছু (ইন্ধন) না থাকলে তো এই ফলাফল হতো না…।”

ইফতেখার কথাগুলি বলছিলেন ভাইকিংস ক্রিকেট একাডেমির প্রতিনিধি হিসেবে। বিসিবির খসড়া ভোটার তালিকায় জায়গা পায়নি এই ক্লাব। ইফতেখারের কাউন্সিলর হওয়া তাই নিশ্চিত নয় এখনও। তবে তার আরেকটি বড় পরিচয়, তিনি বর্তমান বোর্ডের একজন পরিচালকও। যেটির মানে, বোর্ডের একজন পরিচালক আঙুল তুলছেন বোর্ডের দিকে, আরও সুনির্দিষ্ট করে বললে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের দিকে।

শুধু ইফতেখারই নয়, আপত্তি জানাতে এসে এ দিন গুরুতর অভিযোগ করলেন নাখালপাড়া ক্রিকেটার্সের কাউন্সিলর লোকমান হোসেন ভূঁইয়া। বিসিবির সাবেক এই পরিচালকের দাবি, তার আপত্তি গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের কেউ ছিলেন না। তার আবেদন জমা দিতে হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির একজনের কাছে!

বিসিবি নির্বাচনের কাউন্সিলর বা ভোটার তালিকার খসড়া নিয়ে আপত্তি জানানোর নির্ধারিত দিন ছিল বুধবার। ইফতেখার জানালেন, ৩০টির মতো আপত্তি জমা পড়েছে বলে তিনি জানতে পেরেছেন। তার সেই কথাকেই আপাতত সত্যি ধরে নিতে হচ্ছে। কারণ, ‘অফিসিয়াল’ তথ্য জানানোর জন্য নির্বাচন কমিশনের কাউকে পাওয়া যায়নি। 

নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেই ৬ সেপ্টেম্বর। এরপর তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল বরখেলাপ করা হয়েছে। সংশোধিত তফসিল প্রকাশ করা হয়েছে। অনেক প্রশ্ন ও বিতর্কের জন্ম হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, নির্বাচন কমিশনের কোনো সদস্য বা তাদের মুখপাত্র কেউ এখনও সংবাদম্যাধ্যমের মুখোমুখি হননি। বিসিবিতে নির্বাচন কমিশনের অফিসে তথ্য সংগ্রহের জন্য নিয়ে প্রবল বাধার মুখোমুখি হচ্ছেন সংবাদকর্মীরা। বিসিবির নির্বাচনের ইতিহাসের এমন লুকোচুরি নজিরবিহীন।

শুরুতে ঘোষিত তফসিলের নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। সেখানে নাম নেই ছয়টি জেলা ক্রীড়া সংস্থা ও ১৫টি ক্লাবের প্রতিনিধির। 

দুর্নীতির অভিযোগে যে ১৮টি ক্লাবের বিরুদ্ধে তদন্ত দলছে, সেগুলোর মধ্যেই আছে বাদ পড়া এই ১৫ ক্লাব। যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন ও বিসিবির পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই বলা হচ্ছিল, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই ক্লাবগুলির প্রতিনিধি নির্বাচনে অংশ নিতে পাবে। বিসিবি পরিচালনা পর্ষদের সভাতেও এটি অনুমোদিত হয় ও নির্বাচন কমিশনকে তা জানানো হয়। কিন্তু নির্বাচন কমিশন নিজেদের সিদ্ধান্তে সেই ১৫ ক্লাবকে খসড়া তালিকার বাইরে রাখে। 

বোর্ডের নিয়োগকৃত নির্বাচন কশিমন বোর্ডের সিদ্ধান্তই বদলে ফেলেছে, এমন নজির আর নেই। বোর্ডের কেউ আড়াল থেকে কলকাঠি নাড়ছে, এমন শঙ্কা উড়িয়ে দিলেন না ভাইকিংস ক্রিকেট একাডেমির প্রতিনিধি ইফতেখার।

“ওই ১৫টি ক্লাবকে নিয়ে দুদক একটা তদন্ত করেছিল, সেখানে দুদক কিন্তু পরিস্কারভাবে লিখে দিয়েছিল, এটা অধিকতর তদন্তের সুপারিশ করা হলো। সবার সেটার সঙ্গে একমত ছিল। এখন যতক্ষণ পর্যন্ত তারা দোষী না হচ্ছে, আপনি তো তাদেরকে শূলে চড়িয়ে দিতে পারেন না।”

“যে ফলাফলগুলি দেখা যাচ্ছে, আপনার যে সন্দেহ বা মন্তব্য, ওরকম কিছু (ইন্ধন) না হলে তো এই ফলাফল হতো না। আমি ফলাফলের কথা বলছি। সাত-আট বছর ধরে প্রিমিয়ারে খেলেছে, সেই ক্লাবের বিপক্ষে কেউ দুদকে আপত্তি জানিয়েছিল। দুদক তদন্ত করেছে। তারা যদি কিছু পেত, তাহলে তো আর অধিকতর তদন্তের সুপারিশ করত না। সেই সুপারিশের ভিত্তিতে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন না।”

এখানে তিনি ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন কি না, এমন প্রশ্নে ইফতেখারের জবাব, “এখনও পর্যন্ত দেখতে চাই না (ষড়যন্ত্র)। ব্রড মাইন্ডে যদি দেখি, এখনও পর্যন্ত দেখতে চাই না তেমন কিছু। কালকে শুনানি হবে, এরপর বুঝতে পারব।”

এবারের বিসিবি নির্বাচনকে ঘিরে যা হচ্ছে, তা আগে কখনও দেখেননি বলে দাবি করলেন দীর্ঘদিনের এই ক্রিকেট সংগঠক।

“আমার জীবনে ৪০ বছরের জীবনে এরকম দেখিনি, এবার যা দেখছি।”

“আমরা একটি ন্যায্য নির্বাচন চাই। অনেক বছর পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে আমাদের উচিত ন্যায্যভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া।”

নির্বাচন কশিনকে যে সংবাদমাধ্যম থেকে আড়ালে রাখা হচ্ছে বা প্রশ্ন করতে দেওয়া হচ্ছে না, এটিকেও অস্বাভাবিক মনে করছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার।

“এটা তো স্বাভাবিক নয়। দেশের নির্বাচনেও আপনি নির্বাচন কমিশনে গিয়ে জিজ্ঞেস করতে পারেন আপনার প্রশ্ন, আমি জিজ্ঞেস করতে পারি আমার প্রশ্ন। এই সুযোগ তো দেওয়া উচিত। না দেওয়া মানে ইটস নট নরম্যাল।”

নাখালপাড়া ক্রিকেটার্সের প্রতিনিধি লোকমান হোসেন ভূইয়া প্রশ্ন তুললেন আপত্তি গ্রহণের প্রক্রিয়া নিয়ে। 

“আমি যে আপত্তি জানাতে এসেছি, ভেবেছিলাম কোনো প্রতিনিধি দিয়ে পাঠিয়ে দেব। কিন্তু আমাকে বলা হয়েছে, ভোটার আইডি কার্ড নিয়ে এসে প্রমাণ করতে হবে আপনি লোকমান। এটা কিন্তু কোথাও লেখা ছিল না। এটা অনেক বড় অনিয়ম। আমি দৃঢ়ভাবে বলছি, ক্রিকেট বোর্ডে এখন যা হচ্ছে, নিয়মের বাইরে হচ্ছে। আমি ক্রিকেট বোর্ডে দুইবার নির্বাচন করেছি। এখানে বোর্ডে যা পাস করা হবে, সেটিই চূড়ান্ত।”

“যে আমার আপত্তিপত্র গ্রহণ করেছে, আমি তাকে চিনি না। বাধ্য হয়েছি তাকে জিজ্ঞেস করতে, ‘আপনি কে?’ তিনি বলেছেন, ‘আমরা সিআইডি থেকে এসেছি।’ এটা আরেকটা অনিয়ম। এখানে নির্বাচন কমিশনার থাকবে, সদস্যরা থাকবে। তারা গ্রহণ করবেন। এটা তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার কিছু প্রশ্ন ছিল, চেয়েছিলাম নির্বাচন কমিশনের কারও সঙ্গে কথা বলতে। কিন্তু কাউকে পাইনি।”

বিসিবির সাবেক এই পরিচালকের মতে, বোর্ডের সিদ্ধান্ত পাল্টে দেওয়ার এখতিয়ার নেই নির্বাচন কমিশনের।

“আমরা ক্লাব চালাই। এই ক্লাবগুলি বছরে কোটি কোটি টাকা খরচ করে। তৃতীয় বিভাগের একটি ক্লাব চালাতে লাগে ২০-৩০ লাখ টাকা। দ্বিতীয় বিভাগে লাগে ৩০-৪০ লাখ টাকা। এসব ক্লাবগুলি তো টাকাপয়সা খরচ করে লোকে চালাচ্ছে। এখন কোনো নোটিশ ছাড়া আপনি ক্লাবগুলি বাতিল করে দেবেন, এটা তো খুবই দুঃখজনক।”

“আমি যতদূর জানি, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী, এই এখতিয়ার তাদের নেই। আমি আইনজীবির সঙ্গে কথা বলেছি, এই ধরনের কোনো ধারা আমাদের গঠনতন্ত্রে নেই। এটা কীভাবে দিয়েছেন, উনারাই জানেন।”

আপত্তির ওপর শুনানি হবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। শুনানিতে ন্যায়বিচার না পেলে আদালতে যাওয়ার কথা জানিয়ে রাখলেন ইফতেখার রহমান। 

“এরকম কিছু হলে (রায় পক্ষে না পেলে) আইনি পদক্ষেপ নিতেই হবে আমাদের। একটা অন্যায়কে স্বীকার করে নিতে পারি না। আমরা জানি যে গঠনতন্ত্র অনুযায়ী আমরা সঠিক।”

এ দিন যত আপত্তি পড়েছে, এর মধ্যে একটি প্রচণ্ড রহস্যজনক। কানাডাপ্রবাসী সাবেক ক্রিকেটার হালিম শাহর স্বাক্ষরিত একটি চিঠি জমা পড়েছে, যেখানে আপত্তি জানানো হয়েছে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর ও সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালের বিরুদ্ধে। সেখানে দাবি করা হয়েছে, দাবি করা হয়েছে, আইসিসি স্বীকৃত ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়ায় বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তামিম কাউন্সিলর হতে পারেন না।

অথচ তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেশ আগেই এবং সম্প্রতি বলেছেন, বিসিবি নির্বাচন করলে স্বীকৃত ক্রিকেটে তিনি আর খেলবেন না। তাছাড়া, ক্রিকেটারদের অবসরের কোনো সুনির্দিষ্ট নিয়ম বা প্রক্রিয়া। ক্রিকেটাররা না খেলা মানেই সেটা অবসর এবং বিশ্বজুড়েই সেটা প্রচলিত। স্বয়ং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কখনও আনুষ্ঠানিকভাবে খেলা থেকে অবসর নেননি।

তামিমের বিরুদ্ধে আপত্তিপত্রে আরও বলা হয়েছে, তিনি ওল্ড ডিওএইচএস ক্লাবের কেউ নন এবং তাকে ক্লাবের কাউন্সিলর করার কোনো সিদ্ধান্ত হয়নি। অথচ তামিম এই ক্লাবের যুগ্ম-সম্পাদক ও তাকে কাউন্সিলর করা চিঠিকৈ স্বাক্ষর করেছেন ক্লাবটির সভাপতি খালেদ মাহমুদ।

এছাড়া এ দিন ফারুক আহমেদের কাউন্সিলর হওয়ার বিরদ্ধেও ৮-১০টি আপত্তি পড়েছে বলে জানা গেছে সময় ছিল, এর দেড় ঘণ্টা পর জমা পড়েছে সাবেক এই বিসিবি সভাপতির নাম।