সাকিবময় সংবাদ সম্মেলন, দেশ থেকেই কিংবদন্তির বিদায় আশা করছেন শান্ত
বিদায়ী টেস্ট খেলতে সাকিবের দেশে ফিরতে না পারা দুর্ভাগ্যজনক, মিরপুর টেস্টের আগে বললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
না থেকেও কী প্রবলভাবে থাকলেন সাকিব আল হাসান! ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আগের দিন এই সংবাদ সম্মেলনে হয়তো সশরীরেই থাকতেন তিনি। কিন্তু বদলে গেছে প্রেক্ষাপট। সাকিব এখন স্কোয়াডের বাইরে, দেশের ক্রিকেট আর দেশ থেকেই অনেক দূরে। তবু শের-ই-বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে তার উপস্থিতি টের পাওয়া গেল বারবার। তার নাম এলো ঘুরেফিরে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগের দিন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দীর্ঘ সংবাদ সম্মেলনে সাতটি প্রশ্ন ছিল সরাসরি বা পরোক্ষভাবে সাকিব-সংক্রান্ত। আরও নানাভাবে উঠে এলে তার নাম।
বিদায়ী টেস্ট খেলতে সাকিব দেশে আসতে না পারায় হতাশার কথা বললেন শান্ত। এমন একজন অলরাউন্ডার না থাকলে একাদশ সাজানোয় গলদঘর্ম হওয়া, দলের ভারসাম্য নষ্ট হওয়ার কথাও তুলে ধরলেন অধিনায়ক। বললেন সাকিবের সম্ভাব্য বিকল্পের কথাও। এবার না হলেও দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের বিদায় দেশ থেকে হওয়ার সম্ভাবনা এখনও দেখেন শান্ত।
সাকিবকে নিয়ে পক্ষে-বিপক্ষে নানা কর্মসূচি-আন্দোলনের অবস্থা, তাতে গত কিছুদিনে দেশের ক্রিকেটীয় আবহে ক্রিকেট ব্যাপারটিই ছিল না। সেটি স্বীকার করেই শান্ত বললেন, তাদের চেষ্টা ছিল ক্রিকেটে মনোযোগ ধরে রাখার।
“কঠিন… সত্যি বললে। তবে আমার মনে হয়, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। এসব নিয়ে খুব বেশি চিন্তা করা মানে তাই সময় নষ্ট। যত বেশি সম্ভব খেলাটায় মনোযোগ রাখতে চাই। কারণ, খুব গুরুত্বপূর্ণ দুটি টেস্ট ম্যাচ। আমার মনে হয়, ক্রিকেটাররা সেদিক থেকে খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে এবং চেষ্টা করছে সেটায় মনোযোগ রাখার।”
শুরুতে সাকিবকে নিয়েই মিরপুর টেস্টের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। দেশের সেরা তারকার বিদায় রাঙাতে নানা পরিকল্পনাও ছিল শান্তদের। সেটা আপাতত পাওনা রয়ে গেল বলেই মনে করেন অধিনায়ক।
“এটা তো পরিকল্পনাতে ছিলই। আমার মনে হয়, বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন তিনি। শুধু বাংলাদেশের বলব না, বিশ্বের সেরাদের একজন। খুবই দুর্ভাগ্যজনক, যে কোনো কারণেই… হয়নি (দেশ থেকে বিদায়)। আমি ব্যক্তিগতভাবে অনুভব করি ও আমাদের প্রতিটি ক্রিকেটার অনুভব করে যে, এটা পেন্ডিং থেকেই গেল।”
“যেটা বললাম, দুর্ভাগ্যজনক… হওয়া উচিত ছিল (মিরপুর থেকে বিদায়)। তবে আমরা সবাই জানি, কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্ট ম্যাচের আগের দিন বেশি কথা আর এগোতে চাই না। আমি চাই, সবাই খেলাটায় মনোযোগ রাখুক।”
যে কোনো সংস্করণেই গত প্রায় দেড় যুগে যখন সাকিবকে পায়নি দল, তখনই দলের ভারসাম্যে টান পড়েছে ভালোভাবে। একই সঙ্গে বিশেষজ্ঞ ব্যাটসম্যান আর বিশেষজ্ঞ বোলার বাংলাদেশের ক্রিকেটে তো আর একজনও নেই, বিশ্ব ক্রিকেটেও বিরল।
এই শেষ বেলায় এসেও সাকিবকে না পাওয়া মানে কতটা শূন্যতা, সেটি ফুটে উঠল অধিনায়কের কথায়।
“এখনও সমস্যা হচ্ছে, কম্বিনেশন মেলাতে। অস্বীকার করার কিছু নেই। হয়তো এই জায়গাটি ঠিক করতে আমাদের আরও বেশ কিছুদিন সময় লাগবে। তবে এটা নিয়ন্ত্রণে নেই। আমাদের ওইভাবেই ম্যানেজ করতে হবে এবং যে ক্রিকেটাররা আছে, সবার ওই সামর্থ্য আছে, যার যার ভূমিকা পালন করবে। আশা করব, যে কম্বিনেশন খেলবে, তারা সবাই যার যার জায়গা থেকে শতভাগ দেবে।”
“আমরা বাড়তি একজন ব্যাটসম্যান বা বোলার নিয়ে খেলতে পারতাম, ওই জিনিসটা থাকবে না। তাই সাত নম্বরে যে ব্যাট করবে, তার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ থাকবে।”
মিরপুর টেস্টে সাতে দেখা যাবে হয়তো মেহেদী হাসান মিরাজকে। শুধু এই টেস্টেই নয়, সামনেও তাকে এই ভূমিকায় দেখা যেতে পারে নিয়মিত।
সাকিবের সম্ভাব্য বিকল্প হিসেবে তার নাম উঠে আসছে অবশ্য অনেক আগে থেকেই। ব্যাটে-বলে সাম্প্রতিক পারফরম্যান্সে সেই প্রত্যাশা পূরণের ইঙ্গিত দিচ্ছেন এই অলরাউন্ডার। বিশেষ করে দেশের বাইরে তার পারফরম্যান্সে উন্নতির ছাপ স্পষ্ট।
মিরাজের সাকিব হয়ে ওঠার পথে বাজি ধরছেন তার বয়সভিত্তিক দলের সতীর্থ ও দীর্ঘদিনের বন্ধু শান্তও।
“এই মুহূর্তে সাকিব ভাইয়ের মতো কোনো ক্রিকেটার মনে হয় না আমাদের আছে। তবে মিরাজ খুব ভালো অপশন হতে পারে, টেস্ট ক্রিকেটে। খুবই ভালো করছে, দারুণ করছে, ব্যাটিং-বোলিং দুটিতেই। আরও উন্নতির জায়গা অবশ্যই আছে এবং মিরাজ ওই দায়িত্বটা নিতে প্রস্তুত। সবশেষ কয়েকটি টেস্ট ম্যাচে যদি মিরাজের ব্যাটিং দেখেন, আগের চেয়ে অনেক ভালো করছে এবং দলকে বেশির ভাগ দিনই ভালো অবস্থানে নিয়ে যাচ্ছে। আশা করব যে, পরের কিছু বছরের মধ্যে মিরাজ ওই জায়গাটা ভালোভাবে নিতে পারবে।”
তবে সামনে তাকিয়ে শুধু মিরাজের উজ্জ্বল ছবিই নয়, সাকিবের বিদায়ী উপস্থিতিও চোখে ভাসছে বাংলাদেশ অধিনায়কের। এবার তার বিদায়ী টেস্ট খেলা হলো না। তবে ভবিষ্যতে দেশ থেকে সাকিবের বিদায় নেওয়ার আশা উড়িয়ে দিচ্ছেন না শান্ত।
“রিটায়ার তো করেন নাই (সাকিব)… তাহলে তো আশা করতেই পারি (দেশ থেকে বিদায়)…।”
