Published : 02 Apr 2026, 10:11 AM
বিতর্কের ঝড় দেখে মনে হয়েছিল, বড় কিছুই অপেক্ষা করছে হ্যারি ব্রুক ও জেকব বেথেলের জন্য। তবে গর্জন অনেক হলেও বর্ষণ হলো সামান্যই। সামান্য শাস্তিতেই রেহাই পেয়ে গেলেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার। তাদেরকে স্রেফ সতর্ক করে দিয়েছে ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড)।
গত বছর ওয়েলিংটনে মাঝরাতের কার্যকলাপে খেলাটির সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ উঠেছিল ব্রুক ও বেথেলের বিরুদ্ধে।
ব্রুকের বিরুদ্ধে অভিযোগ ছিল, গত ১ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডেতে অধিনায়কত্ব করার আগের রাতে মদ্যপান করেছিলেন । গভীর রাতে একটি পাবে ঢোকার চেষ্টা করার সময় একজন বাউন্সারের তাকে আঘাত করেছিলেন বলে স্বীকার করার পর ইংল্যান্ড অধিনায়ককে গোপনে শাস্তি দেয় ইসিবি।
তার অধিনায়কত্ব কেড়ে নেওয়ার কথা বিবেচনা করলেও পরিবর্তে তাকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়, যে প্রক্রিয়াটি জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
দা টেলিগ্রাফের একটি প্রতিবেদনের মাধ্যমে ঘটনাটি প্রকাশ্যে আসে দুই মাসেরও বেশি সময় পর, সিডনিতে পঞ্চম অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডের পরাজয়ের কিছুদিন পর। ব্রুক প্রথমে জোর দিয়ে বলেছিলেন যে, ঘটনার সময় তিনি একাই ছিলেন। কিন্তু পরে স্বীকার করেন যে, তার সঙ্গে বেথেল ও জশ টাং ছিলেন এবং সতীর্থদের রক্ষা করার জন্য তিনি আগে মিথ্যা বলেছিলেন।
মামলাটি ক্রিকেট রেগুলেটরের কাছে পাঠানো হয়ে। এটি স্বাধীন একটি সংস্থা, যা ইংল্যান্ড ও ওয়েলসে খেলার নিয়মকানুন প্রয়োগ করে এবং ইসিবির বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তদন্ত করে সংস্থাটি দেখতে পায় যে, বেথেল এবং ব্রুক ইসিবির পেশাগত আচরণ বিধির ৩.২ ধারা লঙ্ঘন করেছেন।
এই ধারায় বলা হয়েছে, “কোনো অংশগ্রহণকারী কোনো সময়েই এমন কোনো আচরণ করতে, এমন কোনো কাজ করতে বা এমন কোনো ত্রুটি করতে পারবেন না যা অনুচিত, যা ক্রিকেটের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে, অথবা যা ইসিবি, ক্রিকেট খেলা বা কোনো ক্রিকেটার বা ক্রিকেটারদের দলকে অসম্মানিত করতে পারে।”
বেথেল এবং ব্রুক দুজনই বোর্ডের এই ‘সতর্কীকরণ নোটিশ’ গ্রহণ করেছেন, যা মূলত তাদেরকে চূড়ান্ত সতর্কতার আওতায় এনেছে। তাদেরকে কোনো ‘অভিযোগপত্র’ দেওয়া হবে না, কিন্তু আগামী তিন বছর তাদের ডিসিপ্লিনারি রেকর্ডে রয়ে যাবে এই সতর্কীকরণ নোটিশটি।
জশ টাং এরকম কোনো নোটিশ পাননি বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই পেসার সম্প্রতি বলেছেন, ঘটনাটি থেকে তার যথেষ্ট শিক্ষা হয়েছে।
সেই রাতে ক্রিকেটারদের মদ্যপান করতে দেখা যাওয়া ফুটেজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইংল্যান্ডের ছেলেদের দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি গত ডিসেম্বরে বলেছিলেন যে, তিনি এই দায়িত্ব নেওয়ার পর থেকে ইংল্যান্ড এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়নি। কোনো আনুষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও তখন তিনি অস্বীকার করেন। যদিও পরে তিনি দাবি করেন যে, ওই ফুটেজের কারণেই বিশেষভাবে এমনটা বলেছিলেন।
ইসিবির অ্যাশেজ-পরবর্তী পর্যালোচনার পর রব কি স্বীকার করেন যে, কিছু ক্রিকেটারের মদ্যপান নিয়ে তিনি উদ্বিগ্ন। এই পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ অংশে ছিল ইংল্যান্ডের দলীয় সংস্কৃতি ও পরিবেশ। কি তখন বলেন, “অনেক দলের মতোই, আমাদের দলেও দুই-তিনজন ক্রিকেটার আছে, যারা সুযোগ পেলে মদ্যপানের ব্যাপারে দায়িত্বজ্ঞানহীন হতে পারে। আমরা একটি ভারসাম্যপূর্ণ অবস্থা খুঁজে বের করার চেষ্টা করছি।”
চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কা সফর এবং পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড দলে ‘মিডনাইট কারফিউ’ চালু করা হয়। আগামী ইংলিশ গ্রীষ্মেও তা বহাল থাকবে বলে আশা করা হচ্ছে।
আগামী জুনে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের নতুন মৌসুম। এর আগে ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কয়েকটি ম্যাচ খেলবেন টেস্ট দলের সহ-অধিনায়ক ব্রুক। বেথেল এখন আইপিএলে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে।