২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ নিয়ে অনিশ্চয়তায় ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করবে ক্রিকেটারদের সংগঠন

ঢাকার লিগ ক্রিকেট শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তায় ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 04:58 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

সব ঠিকঠাক থাকলে সাধারণত বছরের এই সময়টায় ঢাকার তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ ক্রিকেট শুরু হয়ে যায়। কিন্তু এবার অক্টোবরের তৃতীয় সপ্তাহেও লিগ শুরুর কোনো ঘোষণাই নেই। কারণ এবার যে সবকিছু ঠিকঠাক নেই! বিসিবি নির্বাচনের পরিস্থিতি ঘিরে ঢাকার লিগ ক্রিকেট এখন চরম অনিশ্চয়তার মোড়ে। উৎকণ্ঠায় ক্রিকেটাররা। তাদের হয়ে সমাধান খোঁজার চেষ্টা করবেন এবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়শন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। 

এমনিতে ক্রিকেট সূচি চলছে স্বাভাবিক নিয়মে। সেপ্টেম্বরে শেষ সপ্তাহে শুরু হয়ে বৃহস্পতিবার বিকেএসপিতে শেষ হয়েছে অনূর্ধ্ব–১৯ নারী দলের প্রস্তুতি ক্যাম্প। ২৫ অক্টোবর থেকে শুরু হবে ছেলেদের জাতীয় ক্রিকেট লিগ। নভেম্বরে মাঠে গড়াবে নারী জাতীয় লিগ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজও শুরু হয়ে গেছে। শুধু একটা জায়গায় থেমে আছে ঘরোয়া মৌসুমের প্রথম টুর্নামেন্ট—তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ। 

নির্বাচনী জটিলতার ঘূর্ণিতে লিগ এবার অনিশ্চয়তায়। বিসিবি নির্বাচন নিয়ে নানা অভিযোগে ঢাকা ক্লাব সংগঠকদের একটি অংশ লিগ বর্জনের ঘোষণা দিয়েছেন। এই টানাপোড়েনে মাঠে খেলা গড়ানো নিয়ে শঙ্কা বাড়ছে। লিগ শুরুর ঘোষণা এখনও আটকে আছে। 

কোয়াব সভাপতি মিঠুন শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, ক্রিকেটারদের দুর্ভাবনা দূর করার চেষ্টা থাকবে তাদের। 

‘‘আমরা সবাই জানি, বেশ কিছুদিন ধরে ঢাকার ক্লাব গুলোর সঙ্গে ক্রিকেট বোর্ডের একটা সমস‌্যা চলছে। এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। খেলোয়াড়দের স্বার্থে আমরা ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। সামনে যে ঢাকা লিগগুলো আসবে, সেই লিগ গুলো যেন আমরা খেলতে পারি। এই বিষয়গুলো নিয়ে উনাদের সঙ্গে আলোচনা হবে। উনারা আগেই আমাদেরকে আশ্বস্ত করেছেন। এই তথ‌্যটাই দিতে চাইছি।’’

‘‘আমরা ওই প‌্যানেলটার সঙ্গে বসতে চাইম যারা খেলতে আগ্রহী নয় বা খেলতে চাচ্ছেন না। আমরা এটা নিয়ে উনাদের সঙ্গে আলোচনা করবো। যেন উনারা খেলোয়াড়দের কথা চিন্তা করে। যেন আমরা কিভাবে খেলা মাঠে গড়াতে পারি।’’

শুধু ক্রিকেটাররাই নয়, লিগগুলোর দিকে তাকিয়ে থাকেন সংশ্লিষ্ট আরও অনেকেই। সবার কথাই ভাবতে হবে, বললেন মিঠুন। 

‘‘আপনারা জানেন, ঢাকা লিগে খেলোয়াড়, কোচ, টিম বয়, ফিজিও, ট্রেনার সব মিলে ২ হাজারের বেশি এখান থেকে আয় করে। ঢাকা লিগ তাদের একটা মেইন সোর্স। এই টুর্নামেন্ট যদি বন্ধ হয়ে যায়, তাহলে ২ হাজার পরিবার হুমকির মুখে পড়বে।”

“গত বছরও দেখেছেন, ঢাকা লিগ যেভাবে হয় সাধারণত, সেভাবে কিন্তু হয়নি। বিভিন্ন ইস্যুর কারণে খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বছরও যদি এরকম কিছু হয়, তাহলে আমার সংশয় আছে খেলোয়াড়রা কতুটুক টিকে থাকতে পারবে। এই ইস্যুটাকে মাথায় রেখে উনাদের সঙ্গে আমাদের আলোচনা হবে। উনারাও আশ্বস্ত করেছেন, আমাদের সঙ্গে বসবেন। আশা করছি, পজিটিভ কিছু জানাতে পারব।’’