‘সামরিক সংঘাত এখনও চলছে’, এবারও নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারত
গত বছর ছেলেদের এশিয়া কাপের পর এবার মেয়েদের এশিয়া কাপেও এসিসি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিল না চ্যাম্পিয়ন ভারতীয় দল।
ফাইনাল শেষ হওয়ার ৫০ মিনিটের বেশি সময় পর শুরু হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সঞ্চালনা করলেন ফারভিজ মাহারুফ। ম্যাচ অফিসিয়ালদের হাতে স্মারক তুলে দেওয়া হলো। এরপর একে একে পদক নিলেন রানার্স আপ শ্রীলঙ্কা দলের ক্রিকেটার ও কর্মকর্তারা। লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু প্রতিক্রিয়া জানালেন। তার হাতে রানার্স আপ ট্রফি তুলে দিলেন এসিসি সভাপতি মহসিন নাকভি। এরপরই মাহারুফ বললেন, “এখানেই শেষ হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান…।”
গত বছরের ছেলেদের এশিয়া কাপ ফাইনালের পরের দৃশ্যগুলোরই পুনঃমঞ্চায়ন হলো এবার মেয়েদের এশিয়া কাপে। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিল না ভারতীয় দল। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে পরে বলা হলো, দুই দেশের সামরিক উত্তেজনা যখন চলমান, তখন ক্রিকেটীয় সম্পর্কও উষ্ণ হতে পারে না।
উল্লেখ্য যে, এসিসি চেয়ারম্যান নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।
উইমেন’স এশিয়া কাপের ফাইনালে রোববার শ্রীলঙ্কাকে ৭২ রানে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয় ভারত। গত আসরের ফাইনালে পরাজয়ের প্রতিশোধও নেয় হারমানপ্রিত কৌরের দল। নারী ক্রিকেটে এই অঞ্চলের অবিসংবাদিত সেরা দলটি এশিয়া কাপের ১০ আসরে শিরোপা জিতল ৮ বার।
নাকভির কাছ থেকে যে তারা ট্রফি নেবে না, ইঙ্গিত পাওয়া যায় ফাইনাল শেষ হওয়ার পরপরই। টিভি সম্প্রচারে অধিনায়কদের প্রতিক্রিয়া নেওয়া হয় সাধারণত পুরস্কার বিতরণী আয়োজনে। কিন্তু এবার ফাইনাল শেষ হওয়ার পরপর মাঠেই ভারতীয় অধিনায়ক হারমানপ্রিতের প্রতিক্রিয়া নেওয়া হয়।
এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে যখন অনেক দেরি হয়, তখন সব পরিষ্কার হয়েই যায়। পুরস্কার বিতরণী আয়োজন যখন শুরু হয়, তখন মঞ্চের সামনে দেখা যায়নি ভারতীয় দলকে। পুরস্কার বিতরণী মঞ্চে নাকভিকে মুচকি হাসতে দেখা যায়। রানার্স আপকে দলকে ট্রফি দিয়ে আয়োজন শেষ হতেই তিনি মাঠ ছেড়ে যান।
ভারতীয় দল তখন ব্যস্ত নিজস্ব পুরস্কার বিতরণী আয়োজনে। প্রতি ম্যাচ শেষেই সেরা ফিল্ডারকে পদক দেওয়ার রীতি আছে তাদের দলে। সাধারণত দলের ফিল্ডিং কোচ বা সাপোর্ট স্টাফের কেউ সেই পদক তুলে দেন। কিন্তু ফাইনালের সেরা ফিল্ডার নান্দিনি শার্মাকে তুলে দেন ভারতীয় বোর্ডের সচিব দেভাজিৎ সাইকিয়া। সেখানে উপস্থিত ছিলেন বোর্ডের সহ-সভাপতি রাজিব শুক্লা।
সাইকিয়া পরে বার্তা সংস্থা আইএএনএস-এর কাছে ব্যাখ্যা করেন ভারতীয় দলের ট্রফি না নেওয়ার কারণ।
“আমাদের পুরুষ দল দেড় বছর আগে এশিয়া কাপ জিতেছিল... তবে গত বছরের এপ্রিলে পহেলগাম হামলার পর থেকে পুরো পরিস্থিতিটাই পাল্টে যায়। আমাদের নাগরিকদের পক্ষ থেকে আমাদের ওপর চাপ আছে যে, আমরা যেন আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে কোনো সম্পর্ক না রাখি এবং তাদের সঙ্গে ক্রিকেট না খেলি। যদিও আমাদের সরকারের একটি নীতি আছে যে, বহুজাতিক টুর্নামেন্টগুলোতে আমাদের অবশ্যই প্রতিটি দেশের বিরুদ্ধে খেলতে হবে...
কিন্তু তার মানে এই নয় যে আমাদের জন্য রাখা প্রতিটি শর্ত আমরা মেনে চলব। আমাদের সামরিক সংঘাত এখনও চলছে। আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করা প্রধান নেতাদের একজনের কাছ থেকে আমরা ট্রফি গ্রহণ করতে পারি না। গত বছর পুরুষ দলের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে এবার নারী দলও সংহতি প্রকাশ করেছে।”
গত বছর ছেলেদের এশিয়া কাপ শেষেও সাইকিয়া বলেছিলেন, “আমাদের দল এমন একজনের কাছ থেকে ট্রফিটা নিতে চায়নি, যিনি পাকিস্তানের প্রধান নেতাদের একজন।”
আসরের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে শিরোপা জয় করা হারমানপ্রিতের দলকে বাহবা দিতে ভোলেননি সাইকিয়া।
“এটা আমাদের দলের পারফরম্যান্সকে মুছে দিচ্ছে না। আমরা সব ম্যাচ একতরফাভাবে জিতেছি। ভারতে নারী ক্রিকেট খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে না।”
ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় দলের কোচ অমল মজুমদারও তুলে ধরেন তাদের অবস্থান।
“আমাদের বোর্ড এই অবস্থান নিয়েছে এবং আমরা এর সঙ্গে একমত। আমাদের জন্য এই টুর্নামেন্ট শেষ, আমরাই চ্যাম্পিয়ন। এটাই যথেষ্ট। বড় বোর্ডে লেখা ছিল যে, ভারত ২০২৬ এশিয়া কাপের চ্যাম্পিয়ন। আমাদের জন্য এই টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শেষ। আমরা চ্যাম্পিয়ন হয়ে খুশি এবং আমরা এশিয়ান গেমসের জন্য অপেক্ষা করছি।”
ছেলেদের এশিয়া কাপ শেষে অদৃশ্য ট্রফি নিয়ে উদযাপনের মতো ভঙ্গি করে ছবি তুলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল সুরিয়াকুমার ইয়াদাভের দল। মেয়েদের দলকে তেমন কিছু করতে দেখা যায়নি। তবে ফাইনালের অনেক পরে একসঙ্গে দলীয় ফটোসেশন করে তারা ট্রফি ছাড়াই। ভারতের ছেলেদের দলকে সেই ট্রফি পরে আর দেওয়া হয়নি এবং তা নিয়ে টানাপোড়েন চলেছে অনেক দিন। মেয়েদের দল ট্রফি পাবে কি না, আনুষ্ঠানিকভাবে জানা যায়নি কিছু।
