আরিফুল-সাব্বিরের ফিফটি ও রকিবুলের দারুণ বোলিংয়ে এইচপির জয়
ব্যাটিং-বোলিংয়ে দারুণ পারফরম্যান্সে টপ এন্ড টি-টোয়েন্টিতে চতুর্থ জয় পেল বাংলাদেশ এইচপি দল।
আরিফুল ইসলাম ও সাব্বির রহমান খেললেন ঝড়ো ইনিংস। বড় সংগ্রহ পেল বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দল। জবাবে, দারুণ শুরুর পরও রকিবুল হাসানের বোলিংয়ে খেই হারিয়ে ফেলল নিউ জিল্যান্ড ‘এ’ দল। দারুণ জয়ে টপ এন্ড টি-টোয়েন্টির পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল বাংলাদেশ।
ডারউইনে বৃহস্পতিবার ইরফান শুক্করের দলের জয় ২৩ রানে।
পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট হলো বাংলাদেশের। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে দুইয়ে ভিক্টোরিয়া সিএ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রান করে বাংলাদেশ দল। জবাবে ৮ উইকেটে ১৫৮ রান তুলতে পারে নিউ জিল্যান্ড।
অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে হেরে যাওয়া আগের ম্যাচে ৫৪ বলে ৬৬ রান করা আরিফুলের এদিন একসময় ১৫ বলে রান ছিল ১৭। উইকেটে থিতু হয়ে ১৪৭ স্ট্রাইক রেটে তিনি করেন ৭১ রান। আর সাব্বিরের ব্যাট থেকে আসে ৬২ রান, ১৭২ স্ট্রাইক রেটে।
ব্যাটিংয়ের শুরুতেই জিসান আলমকে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন হাবিবুর রহমান সোহান ও আরিফুল।
তাদের ৩৭ বলে ৪৮ রানের জুটি ভাঙে সপ্তম ওভারে সোহানের বিদায়ে। আসরে এখনও নিজেকে মেলে ধরতে ব্যর্থ এই ব্যাটসম্যান ২১ বলে করেন ২৬ রান। তিন বল পর ফিরে যান অধিনায়ক ইরফানও।
৫১ রানে তিন উইকেট হারানো দলকে টানেন আরিফুল। সাব্বিরকে সঙ্গে নিয়ে তিনি চতুর্থ উইকেটে যোগ করেন ৯০ রান। ৩২ বলে ফিফটি পূর্ণ করেন আরিফুল, চলমান আসরে এটি তার দ্বিতীয় ফিফটি।
সপ্তদশ ওভারে জেডেন লেনক্সের বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান। তার ৪৮ বলের ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কা।
বাকি সময়ে ঝড় তোলেন সাব্বির; মুখোমুখি প্রথম ২১ বলে ৩৫ রান করা ব্যাটসম্যান পরের ১৫ বলে করেন ২৭। ছয়টি চার ও দুটি ছক্কায় ৩৬ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করে নিউ জিল্যান্ড। প্রথম ১০ ওভারে দুই উইকেট হারিয়ে তারা করে ৯৬ রান। উদ্বোধনী জুটিতে ১৭ বলে ৩০ রান করেন কাটেন ক্লার্ক ও ম্যাক্স চু।
দ্বিতীয় উইকেটে ৩৪ বলে ৫৪ রান তোলেন চু ও ম্যাথিউ বয়লে। ইনিংসের নবম ওভারে প্রথম বল হাতে নিয়ে এই জুটি ভাঙেন রকিবুল। ওয়াইড বল তাড়া করতে গিয়ে স্ট্যাম্পিং হন ২২ বলে ৩৩ রান করা বয়লে।
৮৪ রানে দুই উইকেট হারানোর পর, দলটির রান তোলার গতি হারায়। তৃতীয় উইকেটে চু ও বেভন জ্যাকবস ৩০ রান করতে খেলেন ২২ বল। এই জুটিও ভাঙেন রকিবুল। দুই ব্যাটসম্যানকেই ত্রয়োদশ ওভারে ফেরান তিনি।
এরপর দলটির আর কেউ তেমন কিছু করতে পারেননি।
চার ওভারে ২৩ রানে তিন উইকেট নেন রকিবুল। সমান তিন উইকেট শিকার করতে তিন ওভারে ২৭ রান খরচ করেন রিপন মন্ডল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ এইচপি দল: ২০ ওভারে ১৮১/৫ (জিসান ০, সোহান ২৬, আরিফুল ৭১, ইরফান ৩, সাব্বির ৬২*, শামীম ৩, সাকলাইন ৬*; ফিশার ৪-০-৩১-২, গিবসন ৩-০-৩২-০, লেনক্স ৪-০-২৯-১, আশোক ৪-০-৩১-১, ক্লার্কসন ৪-০-৪৬-০, ফক্সক্রফট ১-০-১০-০)
নিউজিল্যান্ড ‘এ’ দল: ২০ ওভারে ১৫৮/৮ (ক্লার্ক ২৪, চু ৪৪, বয়েলে ৩১, জ্যাকবস ৮, হেই (Hay) ১, ক্লার্কসন ২৫*, আশোক ৬, গিবসন ২, ফিশার ১, লেনক্স ৩*; আবু হায়দার ২-০-২০-০, রুবেল ৪-০-৩৯-১, রিপন ৩-০-২৭-৩, সাকলাইন ৪-০-২৪-১, শামীম ৩-০-২২-০, রকিবুল ৪-০-২৩-৩)
ফল: বাংলাদেশ এইচপি দল ২৩ রানে জয়ী
